২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় স্ত্রীর কাছে যাওয়া হলো না প্রীতমের

নওগাঁ থেকে ঢাকায় নেমে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন প্রীতম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 09:28 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বিয়ের পর উচ্চশিক্ষার জন্য স্ত্রী চলে যান অস্ট্রেলিয়ায়। শিগগিরই স্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল জাররাফ আহমেদ প্রীতমেরও। এ জন্য চাকরিও ছেড়েছিলেন। কিন্তু ছিনতাকারীর ছুরিতে প্রীতম এখন লাশ।

মঙ্গলবার ভোরে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন জাররাফ আহমেদ প্রীতম (৩১)।

সেদিন নওগাঁর গ্রামের বাড়ি থেকে ভোরে ঢাকায় নেমেছিলেন প্রীতম। 

ঢাকায় চাকরির কারণে মিরপুরের একটি ভাড়া বাসায় থাকতেন। চাকরি ছেড়ে দিলেও বাসাটি ছাড়েননি।

প্রীতমের শ্যালক মীর পিয়াস বলেন, তারা প্রীতমের কোনো খোঁজ পাচ্ছিলেন না। মোবাইলও বন্ধ ছিল। 

“বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে জানা যায়, একজন ছুরিকাঘাত হয়ে হাসপাতালে আছে। মঙ্গলবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করি।”

দারুস সালাম থানার ওসি রাকিবুল ইসলাম বলেছেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চলছে।

মীর পিয়াস জানিয়েছেন, তার বোনের সঙ্গে প্রায় চারমাস আগে বিয়ে হয় প্রীতমের। বোন অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর প্রীতমেরও কাগজপত্র প্রস্তুত হতে কিছুটা সময় লাগে।  

“কাগজ প্রায় রেডি, কিছুদিনের মধ্যে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা। প্রয়োজনীয় কাজে গ্রামের বাড়ি গিয়ে বুধবার ভোরে বাসে করে ঢাকায় আসে। বাস থেকে নেমে রিকশায় মিরপুর ১ নম্বর সেকশনের ভাড়া বাসায় পথে ভোর ৫টার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন।”

ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পিয়াস জানতে পেরেছেন, সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য জিনিস ছিনিয়ে নেওয়ার সময় প্রীতম বাধা দিয়েছেন। তখন ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে সব নিয়ে যায়।

“শুনেছি তাকে আহত অবস্থায় পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে হাসপাতালের মর্গ থেকে লাশ বুঝে পাওয়ার কথা জানিয়ে মীর পিয়াস বলেন, নওগাঁর নজিপুর গ্রামে তাকে দাফন করা হবে।