২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট ভবনে কর্মচারীর ঝুলন্ত লাশ

কামাল উদ্দিন চাকরি নিয়ে ‘চিন্তিত ছিলেন’, তার মেয়ের বরাতে বলছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 06:20 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবন থেকে হাই কোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ভবনটির আট তলায় টয়লেটের পেছন থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান খান।

মো. কামাল উদ্দিন নামে ৪২ বছর বয়সি সেই ব্যক্তি হাই কোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কাজ করছিলেন। তার বাড়ি নেত্রকোণা সদরের বড় কাঠুরি গ্রামে। ঢাকায় আদাবরে থাকতেন।

ওসি মনিরুজ্জামান বলেন, “ঈদের ছুটি কাটিয়ে রোববার ঢাকা আসেন কামাল। সোমবার যান অফিসে।”

কামালের মেয়ে কানিজ ফাতেমা বীথির বরাতে ওসি বলেন, “কামাল ‘জটিল রোগে’ ভুগছিলেন। সবশেষ ইবনে সিনায় নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসা নেন। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাইলসের অপারেশনের কারণে অফিস করতে পারেননি।

“ওই সময় তিনি অফিস থেকে ছুটি না নেওয়ায় জটিলতায় পড়েন এবং সম্প্রতি হাজিরা নিয়ে বিপাকে পড়েন। এ কারণে তিনি চাকরি নিয়ে চিন্তিত ছিলেন।”

লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।