বিমানবন্দর ব্যবহারে শাহজালাল কর্তৃপক্ষের নতুন নির্দেশনা
যাত্রীবাহী গাড়িকে বিমানবন্দরের বহির্গমন কিংবা প্রবেশের ফটকে দুই মিনিটের বেশি অবস্থান না করার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ ও চলাচলে একগুচ্ছ নির্দেশনা এসেছে।
রোববার এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
গেল ২৫ জুলাই এক বার্তায় এ নির্দেশনা প্রথম জারি করে শাহজালাল কর্তৃপক্ষ। এর আগে যাত্রীর সঙ্গে কতজন প্রবেশ করতে পারবেন, তা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না।
এবারের বার্তায় বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য দুজন প্রবেশের এই নির্দেশনা প্রযোজ্য নয়।
ওই বার্তায় যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সেই সঙ্গে যাত্রীবাহী সব গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও প্রবেশ গেইটে দুই মিনিটের বেশি অবস্থান না করার অনুরোধও করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর এলাকা পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধও করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন। প্রতিদিন ওঠানামা করে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট।
