Published : 20 Apr 2026, 12:57 AM
'নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে' ঢাকার ভাষানটেক বস্তিতে ৪৫০টি সৌরবিদ্যুৎ চালিত এলইডি সড়কবাতি বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লীর ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নতুন এসব সড়কবাতি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলস কাজ করে যাচ্ছে। ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই অঙ্গীকার পূরণেরই একটি অংশ।
তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে, এগুলো আপনাদের সম্পদ। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী বলেন, “আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করে জাতীয় বিদ্যুৎ গ্রিডের উপর নির্ভরশীলতা কমানো হয়েছে।
ভাষানটেক বস্তিতে বসবাসকারী প্রায় দেড় লাখ নিম্ন-আয়ের মানুষের জন্য সরু রাস্তা ও গলিতে সড়কবাতির ব্যবস্থা হওয়ায় রাত্রিকালীন চলাচল সহজ ও নিরাপদ হবে।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং বস্তির অভ্যন্তরে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম নিরুৎসাহিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।