২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আরও জনশক্তি নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

বর্তমানে সৌদি আরবে ৩২ লাখ বাংলাদেশি বৈধভাবে বিভিন্ন খাতে কর্মরত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2025, 12:09 AM

Updated : 26 Aug 2026, 12:28 PM

বৈধ পাসপোর্ট ছাড়া সৌদি আরবে বসবাসরতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরো বেশি করে জনশক্তি নেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলান বুধবার সৌজন্য সাক্ষাৎ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার প্রতি এ আহ্বান জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সৌদি আরবে ৩২ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছে। তা বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা চান জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়নে অন্যতম বৃহৎ অংশীদার। একক দেশ হিসেবে সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করছেন।

বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দুই দেশের সহায়তা বিদ্যমান। 

“সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। মহামারীর সময়ে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশের সঙ্গে তা সচল ছিল।”

বৈঠকে সৌদি আরবে বসবাসরত বৈধ পাসপোর্টবিহীন ৬৯ হাজার বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট দেওয়ার বিষয়টি আবারো তুলে ধরেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি সরকারের নীতি অনুযায়ী সেদেশে বসবাস ও চাকরি করাসহ আইনগত সুযোগ-সুবিধা পাওয়ার জন্য বৈধ পাসপোর্ট থাকা প্রয়োজন। সরকারি বিভিন্ন পর্যায়ের আলোচনায় ৬৯ হাজার ব্যক্তির পাসপোর্ট ইস্যু বা নবায়নের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে আসছে।

এর জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল এবং তাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।