২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ভবন নির্মাণে ‘জালিয়াতি’: ১০ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

আসামিরা মোট ৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা ‘আত্মসাৎ’ করেছেন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

সাভারে ৫০ শয্যার ফাইলেরিয়া হাসপাতাল উইথ অ্যানসিলারি ফ্যাসিলিটিজ প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৩২ লাখ টাকার আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার কমিশন এ অনুমোদন দেয় বলে জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান। 

চার্জশিটভুক্ত আসামিরা হলেন— প্রকল্প পরিচালক আ ন ম রোকন উদ্দিন ও মো. হারুন-অর-রশীদ, আইএসিআইবির সাবেক নির্বাহী পরিচালক ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য আনোয়ারুল হক, সদস্য খাজা আব্দুল্লাহ আল ফুয়াদ, এবং সদস্য সচিব সাব্বির ইমাম।

এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান রাকাব ট্রেড করপোরেশনের প্রোপ্রাইটর হাবিবুর রহমান, তার স্ত্রী নাসিমা আক্তার, সারা ট্রেড করপোরেশন ও উপকূল ট্রেডার্সের প্রোপ্রাইটর হেলাল উদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কাজী মো. বোরহান সাকেদ মামুন, এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জহিরুল হায়দারকে এ মামলায় আসামি করা হয়েছে। 

গত বছরের ২২ এপ্রিল দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর উপসহকারী পরিচালক মাহমুদা আক্তার তদন্ত পরিচালনা করেন।

দুদক বলছে, আসামিরা ‘পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে’ ভুয়া ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সনদ, পে-অর্ডার এবং অভিজ্ঞতা সনদপত্র দাখিল করে হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ পান।

পরে তারা টেন্ডারের শর্ত অনুযায়ী কাজ সম্পন্ন না করেই এবং ভবন হস্তান্তর ছাড়াই ২ কোটি ৮১ লাখ ২০ হাজার ২৪ টাকা আত্মসাৎ করেন। এছাড়া হাসপাতাল ভবনের জন্য অনুমোদিত ৪টি আইটেমের কোনো মালামাল সরবরাহ না করেও ৫০ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকার বিল তুলে আত্মসাৎ করেন বলে দুদকের ভাষ্য। 

সব মিলিয়ে আসামিরা মোট ৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা ‘আত্মসাৎ’ করেছেন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।