১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় রেমাল: ডিএনসিসির দুই বিভাগে ছুটি বাতিল

জরুরি প্রয়োজনে নাগরিকদের ডিএনসিসির হটলাইন নম্বরে (১৬১০৬) ফোন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:10 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিতে ঢাকায় সম্ভাব্য জলাবদ্ধতা এবং গাছ উপড়ে পড়লে তা সরানোর জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

রোববার সন্ধ্যায় ডিএনসিসির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় মেয়র আতিকুল ইসলাম বলেন, “ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে। 

“বৃষ্টিতে শহরের কোথাও যেন কোনো জলাবদ্ধতা না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। কোথাও কোনো রাস্তা-ঘাট ব্লক হলে, সেটি দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের জন্য কাজ করতে হবে। কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক কাজ করবে।” 

যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের ডিএনসিসির হটলাইন নম্বরে (১৬১০৬) ফোন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়র। 

রোববার রাত আটটায় আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। 

আবহাওয়াবিদ শামীম হাসান ভূইয়া রোববার রাত সোয়া ৮টায় সংবাদ সম্মেলনে বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। 

“প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। আরো উত্তরদিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।”