Published : 04 Apr 2026, 11:50 AM
ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির থাক্কায় এক বাইকারের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে বনশ্রীর ইউনিটি হাসপাতাল সংলগ্ন সিঙ্গার শো-রুমের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান খিলগাঁও থানার এসআই আশিকুর রহমান।
তিনি বলেন, “নিহত সাজেদুল নিজস্ব স্কুটিযোগে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহত ৪৮ বছর বয়সী সাজেদুল ইসলাম দক্ষিণ বনশ্রীর ওমর আলী লেনের বাসিন্দা ছিলেন, তিনি নিজের স্কুটিযোগে বাসার দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে চালক সেলিম বাবুকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে।
এসআই আশিকুর বলেন, “ভিকটিমের স্কুটিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।