নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ শুভেচ্ছা
প্রধানমন্ত্রী প্রথমে দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তার হাতে একটি লাল গোলাপ তুলে দেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের হাতে তারেক রহমান শুভেচ্ছার লাল গোলাপ তুলে দেন।
বিকাল ৫টা ২০ মিনিটে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের ফলাফল ঘোষণা করেন। এতে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এ নির্বাচনের মধ্যদিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির দুর্দিনের কান্ডারি মির্জা ফখরুল।
ফলাফল ঘোষণায় নির্বাচনি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আমি ঘোষণা করছি যে, সর্বোচ্চ সংখ্যাক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।”
এই ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রথমে করমর্দন করেন এবং তার হাতে একটি লাল গোলাপ তুলে দেন।
এ সময়ে উপস্থিত সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
এরপর নতুন রাষ্ট্রপতি হাত তুলে সব সংসদ সদস্যদের উদ্দেশ্যে সালাম জানান। তখনও সংসদ সদস্যরা টেবিল চাপাড়াচ্ছিলেন।
পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে আসলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে তাদের সঙ্গে কোলাকুলি করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এরপর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন।
একে একে অন্য সংসদ সদস্যরাও এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান।
নতুন রাষ্ট্রপতি এক পর্যায়ে নির্বাচনি কর্তা নাসির উদ্দিনের সঙ্গেও করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
