Published : 03 Dec 2025, 03:50 PM
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার সোয়া ১টা থেকে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
প্রায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল আবার শুরু হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নাঈম হাওলাদার বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।”
বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী মৌমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সাত কলেজ বলে কিছু মানি না। আমাদের দাবি, আজকের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।”

ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, “আমাদের এক দফা, অধ্যাদেশ। আমরা অধ্যাদেশের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সরবো না।”
তার আগে বেলা ১১টায় ইডেন মহিলা কলেজকে কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্তি না করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী।
শিক্ষার্থীরা ছাড়াও এই কলেজের শিক্ষকরাও ব্যানার নিয়ে কলেজের মূল ফটকের সামনে দাঁড়ান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড পদ্ধতি বাতিল করে ইডেনসহ ঢাকার সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রাখাসহ আরো কিছু দাবি জানিয়েছেন তারা।
পাঁচ দফা দাবিতে বিক্ষোভকারী ইডেনের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেনের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
দুপুরে মিছিল নিয়ে ইডেন কলেজের এই শিক্ষার্থী ও শিক্ষকরা ঢাকা কলেজের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।

দুপুর সোয়া ১টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে আজিমপুর মোড় ঘুরে এসে দুপুর ২টার পর ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।
প্রথমে ঢাকা কলেজের সামনের অংশের সড়ক অবরোধ করলেও দুপুর ৩টার পর তারা সড়কের দুই পাশ আটকে বিক্ষোভ শুরু করেন। তবে সাড়ে ৩টার পর তারা সড়ক থেকে সরে যান।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ঢাকার সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে। তবে এ নিয়ে কলেজগুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন:
পাঁচ দাবিতে ইডেনের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আন্দোলনে শিক্ষকরাও