ফ্রান্স ও জার্মানি সম্পর্ক জোরদারে আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী
“ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এয়ারবাস কেনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ইকোনোমি যখন পারমিট করবে, তখন আমরা (কিনতে) পারব,” বলেন তিনি।
ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দুই দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের অভিনন্দন বার্তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দুই রাষ্ট্রদূত।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ফ্রান্স ও জার্মানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পরপরই যে দেশগুলো আমাদের স্বীকৃতি দিয়েছিল, এই দেশ দুটি তাদের অন্যতম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার হচ্ছে জার্মানি।
“ফ্রান্সও আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক বাণিজ্যের ক্ষেত্রে উপরের দিকে। সম্পর্ক গভীর করতে আমাদের ‘বিজনেস বাস্কেট' বিস্তৃত করা নিয়ে আলোচনা করেছি।”
হাছান বলেন, “ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এয়ারবাস কেনা নিয়ে আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে এটি আলোচনা হয়েছিল। আমাদের ইকোনোমি যখন পারমিট করবে, তখন আমরা পারব।”
প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সফরে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইটের বিষয়ে ফ্রান্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে সরকার।
এ বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ আমাদের একটা অগ্রাধিকার। বিশেষ করে আবহাওয়া বার্তা পাঠানোর জন্য, নিরাপত্তা ইস্যুতে এটি অত্যন্ত গুরত্বপূর্ণ। এটা নিয়ে সেপ্টেম্বরে এমওইউ হয়েছে। এর মধ্যে আমাদের নির্বাচন ছিল। নিশ্চয়ই কাজটি দ্রুত এগুবে।”
