Published : 02 Apr 2026, 09:15 PM
চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ‘দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি’ তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর মধ্যে একটি বা দুটি তাপপ্রবাহ ‘তীব্র’ রূপ নিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।
এছাড়া এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাতদিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিনদিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ চলছে। এ মাসের পূর্বাভাস অনুযায়ী দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে এক থেকে দুটি রূপ নিতে পারে তীব্র তাপপ্রবাহে।
“এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।"
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেতুলিয়ায়; ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টাঙ্গাইলে; ৪৩ মিলিমিটার৷
৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ; ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারী তাপপ্রবাহ হিসাবে বিবেচিত হয়। আর থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ চলছে বলে ধরা হয়।