১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় লাশ পোড়ানো: অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি ১৩ অগাস্ট

এ মামলার আসামি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম পলাতক আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এ মামলায় আসামিপক্ষের শুনানি হবে আগামী ১৩ অগাস্ট। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। 

ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন কৌঁসুলি মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। সঙ্গে ছিলেন কৌঁসুলি ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এক সপ্তাহের সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১৩ অগাস্ট দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

এদিন সকালে আট আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরা হলেন- ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

এ মামলার নয় আসামির একজন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম পলাতক আছেন।

গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা নথি, সাক্ষী ৬২ জন, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়। পরে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

গত বছরের ৫ অগাস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন দাবি করে প্রসিকিউশন বলছে, পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মারা হয়। 

এ ঘটনায় ওই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

আরও পড়ুন:

আশুলিয়ায় লাশ পোড়ানোঅভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ দাখিল ২ জুলাই

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: 'হত্যাকাণ্ডের ভিডিওতদন্ত সংস্থার

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার প্রতিবেদন প্রধান কৌঁসুলির দপ্তরে