Published : 02 Nov 2025, 09:21 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের প্রস্তাব 'সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত' বলে মনে করছে বাংলা একাডেমি।
রোববার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ কথা জানিয়েছে।
বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়-নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়।
"এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।"
সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।
অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। সেটা মাথায় রেখে এবার বইমেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি।
পরে ২৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত 'স্থগিত' করার কথা জানায় আয়োজক প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদেরকে স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে।
একাডেমি সেদিন বলেছিন, প্রকাশক ও অন্য অংশীজনদের সঙ্গে পরামর্শ করে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। কিন্তু সেই তারিখ এখনও আসেনি।