প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার বিষয়াদি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
“শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে।”
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সাক্ষাতের সময়ে উপস্থিত ছিলেন।
