রাষ্ট্রপতির কাছে নতুন পাকিস্তানি দূতের পরিচয়পত্র পেশ
ঢাকায় নতুন হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন, যিনি গত মে মাসে হঠাৎ ছুটিয়ে যাওয়ার পর আর ফেরেনননি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার।
মঙ্গলবার বঙ্গভবনে এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানে এই পরিচয়পত্র পেশের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় পাকিস্তান হাই কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাক্ষাৎকালে হাই কমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।“
তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের উপর গভীরভাবে প্রোথিত।
পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে তার দেশের আগ্রহী হওয়ার কথাও রাষ্ট্রপতিকে বলেছেন ইমরান হায়দার।
ঢাকায় নতুন হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা আহমেদ মারুফ চলতি বছরেরে মে মাসের প্রথমার্ধে হঠাৎ করে ছুটিতে যান। এরপর তিনি আর ফেরেননি।
সেই সময় তার হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ছড়ায় ও আলোচনা চলে।
তার জায়গায় নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি।
তেহরানে পাকিস্তান মিশনে উপপ্রধানের দায়িত্ব পালন করা এই কূটনীতিক স্পেনের মাদ্রিদ, নয়া দিল্লি, আবুধাবি এবং নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের পাকিস্তান মিশনে বিভিন্ন পদে ছিলেন।
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের বিষয়ে হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই কমিশনারকে স্বাগত জানিয়ে নিয়োগ পাওয়ার জন্য রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে হাই কমিশনারের সফলতা কামনা করেন।
