ভূমিকম্প: ‘ভবন নির্মাণের দুর্বলতায় হতাহতের সংখ্যা বেড়ে যায়’
“দ্রুত নগরায়ণ, ঘনবসতি, বিল্ডিং কোড উপেক্ষা এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে,” বলেন প্রকৌশলী আব্দুল্লাহ আল হোসেন।
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে অবকাঠামো নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।
শনিবার ঢাকার একটি হোটেলে ‘আর্থ কোয়াক অ্যাওয়ারনেস, সেফটি প্রটোকলস অ্যান্ড ইমার্জেন্সি প্রিপার্ডনেস’ সেমিনারে বিষয়টি নিয়ে তারা কথা বলেন।
প্রকৌশলী আব্দুল্লাহ আল হোসেন চৌধুরী রিজভী বলেন, ভূতাত্ত্বিকভাবে রাজধানীর সম্প্রসারিত এলাকা বিশেষ করে বসুন্ধরা, জলসিড়ি ও পূর্বাচল সবচেয়ে ‘বেশি ভূমিকম্পের ঝুঁকিতে’ রয়েছে। এজন্য অবকাঠামো নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। মাটি পরীক্ষার রিপোর্ট ঠিকঠাক হচ্ছে কিনা, তা দেখা দরকার।
“দ্রুত এ এলাকা পরীক্ষা করা প্রয়োজন। জমি নরম হলে সে অনুযায়ী ভবন নকশা করা লাগে। এখানেই বেশি সমস্যা দেখা যায়। ভূমিকম্পের কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়, তার চেয়ে বেশি হতাহতের সংখ্যা বেড়ে যায় ভবন নির্মাণের দুর্বলতায়।”
সেমিনারে মূল প্রবন্ধে আব্দুল্লাহ আল হোসেন চৌধুরী রিজভী বলেন, ভারত, মিয়ানমার ও ইউরেশীয়—এই তিন সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। সিলেটের ডাউকি ফল্ট, চট্টগ্রাম–টেকনাফের চিটাগং–আরাকান ফল্ট এবং মিয়ানমারের সাগাইং ফল্ট মিলিয়ে দেশটি অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে। দ্রুত নগরায়ণ, ঘনবসতি, বিল্ডিং কোড উপেক্ষা এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত সেমিনারে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘‘সম্প্রতি ঢাকায় অনুভূত একাধিক ভূমিকম্প দেশের ঝুঁকি স্মরণ করিয়ে দিয়েছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব এবং দুর্বল ভবন কাঠামোর কারণে বড় কোনো ভূমিকম্প ঘটলে বিপর্যয় ভয়াবহ হতে পারে। তাই সচেতনতা, প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
“রাষ্ট্র, আবাসন খাত ও জনগণ—এই তিনটি স্তম্ভ শক্তিশালী হলেই আমরা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা করতে পারব। সময় খুবই কম, আজই সিদ্ধান্ত নিতে হবে।’’
সেমিনারে প্রকৌশলী অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সৈয়দ ফখরুল আমিন, প্রকৌশলী আব্দুল্লাহ আল হোসেন চৌধুরী রিজভী, অধ্যাপক রাকিব আহসান ও রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী বক্তব্য দেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সভাপতি এনামুল হক খান, স্থপতি আরিফুল ইসলাম, রফিক আজমও অনুষ্ঠানে ছিলেন।
সেমিনারে ভূমিকম্প সহনশীল স্থাপত্য বিশেষজ্ঞ ‘সাকো আর্কিটেক্ট’ এর প্রতিষ্ঠাতা জাপানের নাগরিক কেচিরো সাকো বলেন, ‘‘আধুনিক প্রযুক্তি ও টেকসই ভবন নির্মাণের মাধ্যমে ভূমিকম্পের প্রভাব কমিয়ে আনা যায়। জাপানের অভিজ্ঞতা এক্ষেত্রে বাংলাদেশে ব্যবহার করার সুযোগ রয়েছে।’’
ভেরিতাস জাপান এলএলসির অধ্যক্ষ হিসায়া সুইয়ানা বলেন, জাপান নিয়ম মেনে কাজ করে ভূমিকম্প সহনশীল শহর গড়তে পেরেছে। বাংলাদেশও চাইলে ক্ষতির মাত্রা অর্ধেকে নামিয়ে আনতে পারে। জাপানের ভূমিকম্প পরবর্তী অভিজ্ঞতা অনুসরণ ও নিরাপদ অবকাঠামো নকশা অনেক ঝুঁকি কমিয়ে দেয়।
সেমিনারে বলা হয়, গত ১০০ বছরে বাংলাদেশে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং ২০২৪ সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের গবেষণার তথ্যে সেমিনারে বলা হয়, বাংলাদেশের সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে গত ৮০০–১০০০ বছরের সঞ্চিত শক্তি এখনও মুক্ত হয়নি। এটি উদ্বেগজনক সতর্কসংকেত।
