ছিনতাইয়ের অভিযোগ: উত্তরায় দুজনকে ঝুলানো হল ওভারব্রিজে
“উত্তরা পশ্চিম থানার কোনো একটি এলাকা থেকে দুজনকে ছিনতাইয়ের অভিযোগে ধরে এনে গণপিটুনি দেওয়া হয়।”
ঢাকার উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে ফুট ওভারব্রিজে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুট ওভারব্রিজ থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, "গণপিটুনিতে গুরুতর আহত নাজিম (৩৫) ও বকুল (৪০) কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
"উত্তরা পশ্চিম থানার কোনো একটি এলাকা থেকে এই দুইজনকে ছিনতাইয়ের অভিযোগে ধরে গণপিটুনি দেওয়া হয়। এরপর তাদের ঝুলিয়ে রাখা হয় ফুট ওভারব্রিজে।”
ওসি বলেন, "আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।"
আহত দুজনের বিস্তারিত পরিচয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতার বিষয়টি নিশ্চিত করতে পারেননি ওসি শামীম।
এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি বলেও তথ্য দেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল মানুষ ঝুলে থাকা দুই ব্যক্তিকে মারধর করছেন।
