২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘অর্থ আত্মসাৎ’: মানিকগঞ্জ বিএনপির আহ্বায়ক আফরোজার বিরুদ্ধে মামলা করবে দুদক

দুদক বলছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে জালিয়াতি করে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি আলাদা মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই এসব মামলা করা হবে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো ধরনের নতিপত্র দাখিল না করে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

এসব মামলায় উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন ও কাজী আরিফুজ্জামানকেও।

এর আগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কোম্পানিটিতে প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার অনিয়মের প্রমাণ মেলে। ওই সময়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে বরখাস্ত করা হয় এবং বোর্ড বিলুপ্ত করা হয়।

এছাড়া ২০২৩ সালের জুনে প্রায় ৪১ কোটি টাকা আত্মসাতের মামলায় আরেফিনসহ একাধিক কর্মকর্তা গ্রেপ্তার হন। ২০২৫ সালের জানুয়ারিতে আরও কয়েকটি মামলায় ১৬ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে একই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়।