২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী কার্যালয়ে হামলা: প্রতিবাদে সমাবেশ ও মশাল মিছিল

“দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আক্রমণের লক্ষবস্তু ঠিক করে দিচ্ছে; আর সরকার নির্বিকার,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

উদীচী কেন্দ্রীয় কার্যালয়, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন স্থানে 'পরিকল্পিত সন্ত্রাসবাদী’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচীর একাংশ।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে মশাল মিছিলও হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় তোপখানা রোডের উদীচী কার্যালয়ের সামনের সত্যেন সেন চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করা হয়।

আর সন্ধ্যা ৬টায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের মশাল মিছিলটি সত্যেন সেন চত্বর থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, জিরো পয়েন্ট ঘুরে এসে প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

উদীচীর রহমান মুফিজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল থেকে অবিলম্বে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।

একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 'ব্যর্থ' আখ্যা দিয়ে, তার পদত্যাগ দাবি করা হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক রহমান মুফিজের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সংগঠনবিষয়ক সম্পাদক আরিফ নূর ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের রঘু অভিজিৎ রায়।

সমাবেশে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগের কর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "অন্তর্বর্তীকালীন সরকার হাদির খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। এমন কি সরকার প্রথম থেকেই এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে পারেনি। হাদির মৃত্যুর পর ঘটনা ভিন্নখাতে নিতে এবং নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারাদেশে নাশকতা শুরু করেছে গণতন্ত্রবিরোধী নব্য ফ্যাসিবাদী শক্তি।"

"দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে আক্রমণের লক্ষবস্তু হিসেবে ঠিক করে দিচ্ছে। আর সরকারকে দেখা যাচ্ছে নির্বিকার। জুলাই অভ্যুত্থানের পর দেশের এমন বাস্তবতা কোনোভাবেই কাম্য নয়।"

আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শক্তি সারাদেশে পরিকল্পিত তাণ্ডব চালাচ্ছে বলেও অভিযোগ করেন সংস্কৃতিকর্মীরা।