২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একাত্তরে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে আমরা সহজ বোধ করি না'

"পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর এবং সেইসব পাকিস্তানী বই দুটি এখনকার সময় ও ভবিষ্যতের ইতিহাস বিশ্লেষণের জন্য তথ্য সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশে ইতিহাস নিয়ে এমন সাহসী কাজ আর নেই।"

'একাত্তরে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে আমরা সহজ বোধ করি না'

ইউপিএল এর সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 01:42 AM

Updated : 22 Jun 2023, 04:18 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিক ও পরিপ্রেক্ষিত থেকে বিশ্লেষণের উপর গুরুত্ব দিয়েছেন লেখক ও গবেষক মুনতাসীর মামুন।

একই অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান বলেন, "ইতিহাসের ছাত্র হিসেবে আমি অনুভব করেছি একাত্তরে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে আমরা সহজ বোধ করি না। স্নাতকোত্তর পাস করে গবেষণার বিষয়বস্তু খুঁজতে গিয়ে দেখেছি আমাদের শিক্ষাবিদরাও এ বিষয়ে কথা বলতে সহজ বোধ করেন না।"

বুধবার ‘এমেরিটাস প্রকাশক’ মহিউদ্দিন আহমেদ স্মরণে ইউপিএল প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক দুটি বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

মুনতাসীর মামুন ও মহিউদ্দিন আহমেদের 'পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর' এবং মুনতাসীর মামুন রচিত 'সেইসব পাকিস্তানী' বই দুটি নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ঢাকায় দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) গ্রিনরোডের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনায় আরও বক্তব্য দেন লেখক ও গবেষক আফসান চৌধুরী, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ভারতের পশ্চিমঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাগর তরঙ্গ মণ্ডল।

মহিউদ্দিন আহমেদের মেয়ে ইউপিএলের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মাহ্‌রুখ মহিউদ্দীন স্বাগত বক্তব্যে বলেন, "মহিউদ্দিন আহমেদ যখন এই ইন্টারভিউয়ের কাজ করছিলেন, আমি কিশোর বয়সী ছিলাম। কিন্তু পরিষ্কার মনে আছে, সে সময় নানান কারণে এ কাজটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। অনেক সাহসের সঙ্গে তারা কাজটা সম্পাদন করেছেন। কাজটি শেষ হওয়ার পরও আমাদের বাসায় অনেক ফোনকল এসেছিল যাতে হুমকি দেওয়া হয়, এ কাজ প্রকাশ না করার জন্য।

"স্বাধীনতার ৫০ বছর পার হলেও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেনি। আমরা পাকিস্তানের কাছ থেকে ক্ষমা আদায় করতে পারিনি, জাতি হিসেবে এটি আমাদের জন্য গ্লানির। বিভিন্ন মনোভাব ও পরিপ্রেক্ষিত থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বোঝার দরকার আছে। এই বইয়ের ভূমিকায় বইটির তৈরির গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বলা হয়েছে।"

আলোচনায় অধ্যাপক মুর্শিদা রহমান বলেন, "পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর' এবং 'সেইসব পাকিস্তানী' বই দুটি এখনকার সময় ও ভবিষ্যতের ইতিহাস বিশ্লেষণের জন্য তথ্য সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশে ইতিহাস নিয়ে এমন সাহসী কাজ আর নেই।"

আফসান চৌধুরী বলেন, "বাংলাদেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে, এমনকি পাকিস্তানিদেরও একথা বলতে শোনা যায়- মুক্তিযুদ্ধ পাকিস্তানের একটি বাস্তবতা। বস্তুতপক্ষে এটি পাকিস্তানের একক বাস্তবতা ছিল না।"

তিনি বলেন, "পাকিস্তানিদেরও একথা বলতে শুনি, তোমরা পাকিস্তান ভেঙেছ। কিন্তু পাকিস্তান কোনোদিনই একক রাষ্ট্রভাবনা ছিল না। এ কারণেই ১৯৪৭ এর পূর্ববর্তী রাজনীতি পড়া দরকার।

“এজন্য ইউপিএল প্রকাশিত হারুন-অর-রশীদের দি ফোরশ্যাডোইং অব বাংলাদেশ: বেঙ্গল মুসলিম লীগ অ্যান্ড মুসলিম পলিটিক্স: ১৯০৬-১৯৪৭ বইটি গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায়, কীভাবে পকিস্তান ধারণাটিই ভ্রান্ত ছিল। পাকিস্তানের পক্ষে সামরিকভাবে একে রক্ষা করা সম্ভব ছিল না। পাকিস্তানিরা কী ভাবতো এটা জানা গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালের পর থেকে লাহোর প্রস্তাবের সাথে সাথেই আলাদা দুটি রাষ্ট্রের কথা বার বার বলা হয়েছে। একই রকমভাবে বহু জাতির ভারত ও পাকিস্তানও একক কোনো রাষ্ট্র নয়। একক রাষ্ট্রের কথা বলা উপনিবেশি মানসিকতার পরিচয় বহন করে।"

স্মৃতিচারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মুনতাসীর মামুন বলেন, "মহিউদ্দিন আহমেদ পাকিস্তানের পাঞ্জাবে পড়াশোনা করেছিলেন। সেখানে ছাত্র সংগঠনের নির্বাচিত ভিপি ছিলেন। একজন বাঙালি ও অনার্য ব্যক্তি হিসেবে এটি কঠিন কাজ হলেও তাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ছিল। এই বই তৈরিতে তা সাহায্য করেছে।

"তবে বাংলাদেশি হিসেবে তিনি আত্মপরিচয় সচেতন ছিলেন। বইটি কখন লেখা হয়েছিল সে সময়কাল গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের প্রতিপক্ষের মনোভাব বোঝার জন্য এই বইয়ের তথ্য সংগ্রহের জন্য গিয়ে দেখেছি, পাকিস্তানিরা আত্মপক্ষ সমর্থন করছে। একাত্তরে তারা নিজেদের আক্রমণকারী ও বিজয়ী ভাবতে থাকে। তবে ‘৯৬-‘৯৭ সালে গিয়ে বোঝা যায় তারা নিজেদের অভিযুক্ত হিসেবে দেখতে পাচ্ছে। ফলে তাদের অবস্থানও পরিবর্তিত হয়েছে।" 

তিনি বলেন, "মহিউদ্দিন আহমেদ পাকিস্তানের পাঞ্জাবের সারগোদায় পাঠরত অবস্থায় তার একজন সহপাঠী ছিলেন- যিনি পরবর্তীকালে এয়ারফোর্স জেনারেল হয়েছিলেন। এই বইয়ের জন্য সাক্ষাৎকার নিতে গিয়ে তার সাথে কথা হলে তিনি মহিউদ্দিন আহমেদকে বলেছিলেন, মতিউর রহমানের কবর বাংলাদেশে নিয়ে আসতে। কারণ পাকিস্তানের মাটিতে তা অবহেলা-অযত্নে পড়ে আছে। আমরা এ ব্যাপারে সাহায্য করব।

“দুই বন্ধুর একজন আরেকজনকে একথা বলেছে। আমার তখন মনে হয়েছে মানুষের মানবিক গুণাবলিই তাকে মানুষ করে তোলে। তখন থেকে আমার দৃষ্টিভঙ্গিও বদল হয়েছে। এভাবে দেখতে দেখতে চলতে চলতে মানুষের দৃষ্টিভঙ্গিরও বদল ঘটে।"

সাগর তরঙ্গ মণ্ডল বলেন, "একজন ভারতীয় হিসেবে বইটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেইসব পাকিস্তানি ও পাকিস্তানিদের দৃষ্টিতে একাত্তরের বই দুটি অনুবাদ করতে গেলে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, তা হল এটি একটি আবেগের ইতিহাস। অনুবাদ করতে গিয়ে আমি আবেগের পাশাপাশি এর ক্রিটিক্যাল দিকটাও দেখেছি। অনুবাদে আমি আবেগের ইতিহাস যাতে হারিয়ে না যায় তা চেষ্টা করেছি। এই বই দুটিকে ইতিহাসের দলিল হিসেবে প্রচার করা অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা অনেক ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার বিচার করি। এই বই দুটি আমাদের সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।"

আলোচনা অনুষ্ঠানে ‘অপারেশন সার্চলাইট’ এর প্রধান কুশীলব রাও ফরমান আলীর সঙ্গে সাক্ষাৎকারের দুর্লভ ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়।

আলোচনা শেষে ১৯৭১ গণহত্যা আর্কাইভ ও জাদুঘরের সংগ্রহের জন্য গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক চৌধুরী শহীদ কাদেরকে পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর বইয়ে স্থান পাওয়া ২৮টি সাক্ষাৎকারের অডিও এর একটি সেট ইউপিএল এর পক্ষ থেকে প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক মাহ্‌রুখ মহিউদ্দীন।