২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পরীক্ষিত বন্ধু, বললেন পুতিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনার মতো ভার্চুয়ালি যুক্ত হন রুশ প্রেসিডেন্ট।

বাংলাদেশ পরীক্ষিত বন্ধু, বললেন পুতিন

পাবনার রূপপুরের পারমাণবিক জ্বালানি সরবরাহের সনদ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 07:46 PM

Updated : 05 Oct 2023, 07:46 PM

পাবনার রূপপুরে জ্বালানি সরবরাহের সনদ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসাবে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, “বাংলাদেশে হচ্ছে আমাদের পরীক্ষিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংশীদার, যার সাথে আমাদের সম্পর্ক নির্মিত হচ্ছে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।”

বৃহস্পতিবার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে মস্কো থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডেন্ট পুতিন। অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তৃতা করেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি ভিয়েনা।

রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। ২০২৫ সালে এ থেকে বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। 

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ‘গুরুত্বপূর্ণ ধাপ’ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “এই ফ্ল্যাগশিপ প্রকল্পে আমাদের দেশের স্বার্থ রয়েছে, তা পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করছে। এবং অবশ্যই বাংলাদেশের অর্থনীতি জ্বালানি নিরাপত্তায় বড় অবদান রাখছে।”

রূপপুর প্রকল্পকে দুদেশের সম্পর্কের ‘উজ্জ্বল ‍উদাহরণ’ হিসাবে বর্ণনা করে পুতিন বলেন, ২০২৪ সালে প্রথম ইউনিট এবং ২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হবে।

‍পূর্ণমাত্রায় যাত্রার পর এই কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ মেটাবে উল্লেখ করে তিনি বলেন, “এটা বাংলাদেশের দ্রুত বর্ধমান অর্থনীতির চাহিদা পূরণ করবে, জ্বালানির ভারসাম্য তৈরি করবে।”

বাংলাদেশের স্বাধীনতার সময় এবং পরে বড় শিল্প ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা তুলে ধরেন পুতিন।

নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কার্বন নির্গমন করবে না দাবি করে রুশ প্রেসিডেন্ট বলেন, “যা পরিবেশের জন্য খুব ভালো হবে। আর জনগণের জন্য ভালো হবে।”

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম ও সুপারিশ মেনে নিয়ে এই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আইএইএ মহাপরিচালক গ্রসি নিশ্চিত করতে পারেন, রূপপুরের নিরাপত্তার পদ্ধতি হলো নির্ভরযোগ্য আর অত্যাধুনিক।”

কেবল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নয়, এর ব্যবস্থাপনা ও পরিচালনায়ও রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে পুতিন বলেন, “পারমাণবিক জ্বালানির সরবরাহ টেকসই করা, কারিগরি সেবা দেওয়া এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির ব্যবস্থাপনা করার দায়িত্বভার রাশিয়া গ্রহণ করেছে।”

রুশ প্রেসিডেন্ট বলেন, শুধু বিদ্যুৎকেন্দ্র নয়, পুরো পারমাণবিক ক্ষেত্র গড়ে তোলা হচ্ছে। গত বছর থেকে রূপপুরের ব্যবস্থাপনার জন্য জনবল তৈরিতে প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে।

ইতোমধ্যে এক হাজারের বেশি বাংলাদেশিকে প্রশিক্ষিত করার কথা জানিয়ে পুতিন বলেন, বাংলাদেশের শিল্প খাতের অন্যান্য জায়গায়ও তারা কাজ করতে পারবে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠা ও অন্যান্য ক্ষেত্রে ‘গভীর’ সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।