১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ

পদত্যাগপত্রটি পরে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ
মোহাম্মদ নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 05:51 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নুরুল করিম। রোববার বিকালে রাষ্ট্রপতি বরাবর পাঠানো তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গ্রহণ করা হয়েছে। 

নুরুল করিমের পদত্যাগপত্রটি পরে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। 

তিনি বলেন, “উনি (নুরুল করিম) চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তার পদত্যাগপত্রটি আমার অফিসে গৃহীত হয়েছে এবং পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত ও প্রক্রিয়ার জন্য এটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।”

পদত্যাগের বিষয়ে মোহাম্মদ নুরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিজে থেকেই পদত্যাগ করেছি। আমার প্র্যাকটিস হ্যাম্পার (ক্ষতিগ্রস্ত) হচ্ছে, অন্য কোনো বিষয় নেই।”

আইন পেশায় আরও সময় দেওয়ার কথা কথা বলে তার ভাষ্য, “আমি আমার প্র্যাকটিসে মনোনিবেশ করতে চাই। আমি যেহেতু পদত্যাগপত্রে লিখেই দিয়েছি ‘ডিউ টু মাই পার্সোনাল ডিফিকাল্টিজ’ (ব্যক্তিগত অসুবিধার কারণে), এর বাইরে অন্য কোনো কারণ নেই।”

নুরুল করিম বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে নতুন করে যে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানেও তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।