Published : 02 Jul 2026, 05:36 PM
আপিল বিভাগের রায়ের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “এ বিষয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে আজকের মধ্যেই চাহিদা পাঠানো হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডের। এ জন্য এ পদে পদোন্নতির ফাইল পিএসসিতে পাঠাতে হয়।”
বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বর্তমান নিয়োগবিধি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে। আর সরাসরি নিয়োগ হয় ২০ শতাংশ।
এদিন জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ ও পদোন্নতি নিয়ে জটিলতার অবসান ঘটেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে।
এর ফলে দেশের সাড়ে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা দূর হয়েছে।
ব্রিফিংয়ে এ বিষয়টি তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, “উচ্চ আদালতের রায়ের পর শূন্য থাকা ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষকের পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার পর সহকারী শিক্ষকের এই পদগুলোও শূন্য হবে।
বর্তমানে সহকারী শিক্ষকের পদ শূন্য আছে ২ হাজার ২০০ এর বেশি। অর্থাৎ প্রধান শিক্ষক পদে পদোন্নতির পর সহকারী শিক্ষকের ৩৮ হাজারের বেশি পদ শূন্য হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির পর অবিলম্বে তারা ৩৮ হাজার ৪৩৩টি সহকারী শিক্ষকও নিয়োগ দিতে পারবেন।
“এটি একটি সুখবর।”

তিনি বলেন, “রায়ের ফলে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে। প্রধান শিক্ষক পদে বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে।
“প্রায় ৩২ হাজার ৫০০ জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন। পদোন্নতির ফলে সৃষ্ট শূন্য পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে। বিদ্যালয়সমূহে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন ত্বরান্বিত হবে।দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত স্থবিরতার অবসান ঘটিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।”
এহছানুল হক মিলন বলেন, “রায়ের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে, শিক্ষক সমাজে উৎসাহ ও কর্মপ্রেরণা বৃদ্ধি পাবে এবং দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করে সরকারের শিক্ষাখাতের লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
আরও পড়ুন:
জাতীয়করণের প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা: আপিল শুনানি শেষ, রায় ২ জুলাই
৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী
চার মাসেও মন্ত্রণালয়ে 'কূল-কিনারা' পাচ্ছেন না শিক্ষামন্ত্রী