২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয় ‘প্রায়’ প্রস্তুত

“উপদেষ্টা মহোদয় যেকোনো সময় এসে অফিস শুরু করবেন,” বলেন জনসংযোগ কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 03:26 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যাতে দাপ্তরিক কাজ শুরু করতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার সকাল থেকে সেখানে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম চলার কথা থাকলেও ধোঁয়া-মোছা, রং করা, চেয়ারটেবিল বসানোর কাজে দুপুর গড়িয়ে যায়।

এদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৪ তলায় ১৩২৪ নম্বর কক্ষ তৈরি করা হয়েছে উপদেষ্টার জন্য, আর একই তলায় বসবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব। তাদের কক্ষে বসানো হচ্ছে নতুন আসবাবপত্র। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ের জন্য দেওয়া হয়েছে নগর সংস্থার ১৩, ১৪ ও ১৫ তলা। ওই তিনটি তলায় কে কোন কক্ষে বসবেন, সেই তথ্যের কাগজ কক্ষের সামনে সাঁটানো হচ্ছে। অফিস করার জন্য আসবাবপত্র আনা হচ্ছে। সব কক্ষের জন্য ফ্যান ও ইউটিলিটি সুবিধা স্থাপন করা হচ্ছে। 

বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।

এসব তলায় ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তর।

শনিবার হেয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় নগর ভবনে পড়ে থাকা তলায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম চালানোর ঘোষণা দেন।

তিনি বলেছিলেন, "দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না; আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।"

ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল -১ এর সহকারী প্রকৌশলী আহসান হাবীব বলেন, “১৪ ও ১৫ তলার কক্ষগুলো প্রায় দেড় থেকে দুই বছর পরিত্যক্ত ছিল। এখন সেগুলো সংস্কার করে ধোয়া-মোছা ও রঙের কাজ চলছে।”

নগর সংস্থার সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা রোববার বলেন, “১৪, ১৫ তলায় ডিটিসিএ প্রজেক্ট দেড়-দুই বছরে আগে তাদের ভবনে চলে গেছে; তখন থেকেই এ দুইটি ফ্লোর ফাঁকা। ১৩ তলার অর্ধেক অংশে আমাদের দুই-একটি বিভাগ ছিল, সেগুলো নিচে ফাকা জায়গায় স্থানান্তর করা হয়েছে। 

“আজকের মধ্যে ধোয়া মোছা ও ছোট খাট সংস্কার শেষ হবে। আগামীকাল থেকে কাজ শুরু করাতে পারবেন।”

বশিরুল হক বলেন, “বৃহত্তর স্বার্থে তারা ২ মাসের জন্য আসছে। পরিস্থিতি ঠিক হলে আবার তারা চলে যাবে। তবে বৃহত্তর স্বার্থে মন্ত্রণলয় ডিএসসিসির ভবনে আসলে এখন একই ভবনে থাকায় আমাদেরও দ্রুত সিদ্ধান্ত নিতে সহজ হবে। কাজেও গতিশীলতা বাড়বে।”

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সকাল থেকে ইতোমধ্যে দুইটা মিটিং করেছি। উপদেষ্টা মহোদয় যেকোনো সময় এসে অফিস শুরু করবেন। 

“হয়তো আজকেই আসবেন। আর উপদেষ্টা মহোদয় এবং সচিব স্যারসহ যে রুমগুলো প্রস্তুত করা হচ্ছে, এগুলোর কাজও প্রায় শেষ।’