১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে আরও গম ও সার রপ্তানিতে আগ্রহী রাশিয়া

“গ্যাজপ্রমকে বাংলাদেশ আরও অনুসন্ধান কার্যক্রমে দেখতে আগ্রহী”, বলেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশে আরও গম ও সার রপ্তানিতে আগ্রহী রাশিয়া
চীনের হাইনানে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

বাংলাদেশে আরও গম ও সার রপ্তানির আগ্রহ দেখিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।

বৃহস্পতিবার চীনের হাইনান শহরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে  বৈঠককালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন বলে বাসসের খবরে বলা হয়েছে।  

চার দিনের সফরে বুধবার চীন পৌঁছান ইউনূস। বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিন তিনি অংশগ্রহণ করেন হাইনান শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে।

বাসসের খবরে বলা হয়, ওই সম্মেলনের ফাঁকেই ওভারচুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

এর মধ্যে রয়েছে- রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, রাশিয়া থেকে বাংলাদেশে গম ও সার আমদানির পরিকল্পনা এবং গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম।

অধ্যাপক ইউনূস বলেন, “রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থসংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করছে।”

তিনি বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এ বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি গম ও সার আমদানি করবে। বাংলাদেশ রাশিয়ার বৃহৎ জ্বালানি সংস্থা গ্যাজপ্রমকে দেশটির অফশোর ও অনশোরে আরও অনুসন্ধান কার্যক্রমে দেখতে আগ্রহী।”

আলেক্সেই ওভারচুক দুই দেশের জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করতে যাক, সেটি আমরা দেখতে চাই।”

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান উপস্থিত ছিলেন।