সাবেক এমপি জিয়াউরের বিরুদ্ধে মামলার পথে দুদক
জিয়াউরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেইসঙ্গে তার স্ত্রী কাশমেরী বেগমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। সেইসঙ্গে নিজের নাম ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।
জিয়াউরের স্ত্রী কাশমেরী বেগমের নামে ৫২ লাখ ৪৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক। তিনি বলেন, পাশাপাশি তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে। এ জন্য তাকে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জিয়াউর রহমান নবম সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি হয়েছিলেন। একই আসনে ২০২৩ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি এমপি হন। এরপর দ্বাদশ সংসদেও তিনি নির্বাচিত হন।
