Published : 29 Jun 2026, 03:34 PM
রাজধানীর নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক ২০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন শুরু হয়ে রোববার সনদপত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ এতে ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণ যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি-বাংলাদেশ (আইপিসিএস-বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি), নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (বিএনডিএএনএ)।
এতে প্যালিয়েটিভ কেয়ারের মৌলিক ধারণা, নার্সিং কেয়ার, কার্যকর যোগাযোগ দক্ষতা, কমিউনিটি অংশগ্রহণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা ও প্রতিকূলতা মোকাবেলার মতো তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সুবল লরেন্স রোজারিও এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান মো. শহীদুল কবীর।
সেশনগুলো পরিচালনা করেন নাঈম আহমেদ, অধ্যাপক নিজামউদ্দিন আহমদ, অধ্যাপক সানজিদা শাহরিয়া, নূরজাহান বেগম ও মাহবুবা জাফরিন আহমদসহ সংশ্লিষ্ট খাতের চিকিৎসকেরা।
কর্মসূচির সমাপনীতে আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্যালিয়েটিভ কেয়ার-এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।