১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় কারাগারে পাবনার সাবেক এমপি আরজু

লালমাটিয়া এলাকা থেকে সোমবার রাতে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:23 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় পাবনার সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য দিয়েছেন।

আরজু ২০১৪ সালে পাবনা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সোমবার রাতে লালমাটিয়া এলাকা থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয় বলে পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন।

জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় আরজুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হয় আরজুকে। 

তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির। 

সাবেক এই এমপির পক্ষে জামিন আবেদন ছিল না বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের গলির সামনে বিক্ষোভ চলছিল। কুরিয়ার সার্ভিসটির কর্মচারী রাজু সেই বিক্ষোভ দেখছিলেন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে।

পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৭ অগাস্ট মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।

আগের খবর:

পাবনার সাবেক এমপি আরজুকে ধরিয়ে দিল ছাত্রদল