নির্বাচন ব্যবস্থা সংস্কার: কমিশনে কাউকে না পেয়ে ক্ষোভ
“সর্বশেষ দিনে তারা যদি না থাকতে পারেন তাহলে তারা কোনদিন থাকবেন?”, বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
নির্বাচন নিয়ে সুপারিশ জমা দিতে গিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কারও দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ।
সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এই ক্ষোভ প্রকাশ করেন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের হাতে তুলে ধরতে ১৭ দফা সুপারিশ করতে সেখানে গিয়েছিলেন দলটির নেতারা।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ২২টি দলের কাছে প্রস্তাব চেয়ে যে চিঠি দেয়, তাকে ২৫ নভেম্বরের মধ্যে সুপারিশ চাওয়া হয়েছিল।
শেষ দিন কমিশনের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, “দুঃখের সাথে বলতে হয়, আজকে প্রস্তাবনা দেওয়ার সবশেষ দিন। কিন্তু তাদের কাউকে এখানে পাইনি। এই যদি হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অবস্থা, তাহলে দুঃখের ভাষা নেই।
“আমরা চেয়েছিলাম তাদের সঙ্গে কথা বলব এবং আমাদের প্রস্তাবনা তাদের কাছে দেব। তাদের কার্যক্রম সম্পর্কে আমরা জানতে চাইব। কিন্তু এখানে আমরা কাউকে পাইনি। কেন পাইনি তার জবাব আমরা তাদের কাছে চাই। কেন তারা আজকে এখানে নেই।”
শেষ দিন কেন তারা থাকবেন না এই প্রশ্ন তুলে গণঅধিকার পরিষদ নেতা বলেন, “সর্বশেষ দিনে তারা যদি না থাকতে পারেন তাহলে তারা কোনদিন থাকবেন?”
সরাসরি দিতে না পারায় পরে দলটির মতামত ই-মেইলে পাঠানো হয়।
‘ইসি গ্রহণযোগ্য’
এএমএম নাসির উদ্দীন আহমদকে প্রধান করে নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ‘অভিযোগ পাওয়া যায়নি’ বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, “যারা এসেছেন তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। যদি তারা বিতর্কিত হতেন তাহলে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতাম।
“সুতরাং এ নির্বাচন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দৃঢ় বিশ্বাস করি এ ইসি একটি আন্তর্জাতিক মানের নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেবে।”
১৭ দফা সুপারিশ
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে ১৭ দফা সুপারিশ রেখেছে জানিয়ে তা বিস্তারিত তুলে ধরেন রাশেদ খাঁন।
এর মধ্যে আছে
>> সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা গঠন;
>> ‘গণহত্যাকারী, ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণা;
>> নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়ানো। একজন প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি আট বিভাগ থেকে আট জনকে কমিশনার হিসেবে নিয়োগ;
>> বর্তমান বিধান বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে আইন প্রণয়ন, সার্চ কমিটি কমিশনের সদস্য সংখ্যার দ্বিগুণ নাম চূড়ান্ত করে গণমাধ্যমে প্রচার ও গণশুনানির মাধ্যমে নাম চূড়ান্ত করা, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সচিব নিয়োগ;
>>দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে ১০০ ও নিম্নকক্ষে ৩০০ আসন রাখা। নিম্নকক্ষে সরাসরি ভোটে এবং উচ্চকক্ষে ভোটে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ;
>> সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচন। স্বীকৃত দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, ‘মাফিয়াদের’ নির্বাচনে অযোগ্য ঘোষণা;
>> ইভিএম ব্যবস্থা বাতিল ও প্রবাসীদের ভোটাধিকার প্রদান ও প্রার্থী হওয়ার বিধান যুক্ত করা;
>> নির্বাচনে প্রভাব বিস্তার, অনিয়ম,বিশৃঙ্খলায় জড়িত হলে প্রার্থী, তার এজেন্ট, ভোটার বা সমর্থকের ১০ বছরের জেল ও ১কোটি টাকা জরিমানার বিধান রাখা, জেলা জজদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে ৬ মাসের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে নির্বাচন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি;
>> স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে নির্দলীয় রাখা। জাতীয় এবং স্থানীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধ করা এবং ৫০ শতাংশের নিচে ভোট পড়লে আবার নির্বাচন দেওয়া, ইত্যাদি।
আরও পড়ুন
