Published : 14 Jul 2025, 03:10 PM
ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় করা মামলায়, আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট।
পাশাপাশি অন্য আইনজীবীদেরও আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম লিখিত বক্তব্য পড়ে শোনান।
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খোরশেদ বলেন, “অনতিবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাহীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোনো আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাড়ায় সেই আহবানও জানাচ্ছি।”
মিটফোর্ড হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে ‘সমস্ত দায়ভার বিএনপির উপর চাপানো হচ্ছে’ বলে অভিযোগ করেন তিনি।
খোরশেদ বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। আমরা মনে করি, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অদৃশ্য শক্তি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে কোনরকম তদন্ত, অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মত এক ঘৃণ্য অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।”
বুধবার ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় সোহাগকে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ংকরভাবে কাউকে হত্যা করা হতে পারে, তা পরিচিতজনদের ধারণারও বাইরে।
এ ঘটনায় তার বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।
এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠায় ও গ্রেপ্তারের পর বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।