রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আক্তারুজ্জামান
মামলার মূল নথি না থাকায় জামিন বিষয়ে শুনানি হয়নি।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা।
গত ৫ অগাস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান পরদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
তবে মামলার মূল নথি না থাকায় রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হয়নি। পরে সোমবার আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
রিমান্ড শেষে আখতারুজ্জামানকে বৃহস্পতিবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পরিদর্শক মাসুদুর রহমান। আক্তারুজ্জামানের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন বিষয়ে শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল লাগোয়া নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।
আরও পড়ুন:
