সাবেক এমপি আক্তারুজ্জামান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
গুলশানের একটি বাসা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বলেন, তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিচারক আগামী সোমবার শুনানির দিন ধার্য করেন।
এর আগে বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পরে পুলিশ মামলা দায়ের করে।
