২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

বিমানবন্দরের কার্যক্রম কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 05:29 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রেক্ষাপটে দেশে উদ্ভূত উত্তাল পরিস্থিতির মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

সোমবার বিকাল ৫টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পরে আইএসপিআর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানায়, ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিমানবন্দরের কার্যক্রম।

গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

অসহযোগের দ্বিতীয় দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। এরপর তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় জনতা।

প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উল্লাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।