স্বরাষ্ট্রমন্ত্রী কি পুলিশ হত্যার তদন্ত নিয়ে কিছু বলেছে, প্রশ্ন সালাহউদ্দিনের
“মহাসচিব আমার বরাত কেন দিলেন, জানি না। আমি তো এ বিষয়ে কোনো বক্তব্য দিইনি,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই আন্দোলনের সময়কার পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে ‘ইতোপূর্বে’ কোনো বক্তব্য দেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ অবস্থান তুলে ধরেন।
গত শুক্রবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে।
“এছাড়া যদি প্রয়োজন মনে হয়, তদন্ত করতে হবে। কারণ বিষয়গুলো আদালতে আছে।”
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়।
তখন সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন, আমি জানি না।
“আমি তো ইতোপূর্বে এ বিষয়ে কোনো বক্তব্য দিইনি। মহাসচিব কী বলেছেন, আমি জানি না।”
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত ২৬ জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
সেই অধ্যাদেশের বিষয়ে মন্ত্রী বলেন, "তার (সুরক্ষা অধ্যাদেশ) ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি; যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করেছে, তারা সবাই একমত হয়েছে।
“সেটা ছিল জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে।"
জুলাই জাতীয় সনদের সংবিধানিক স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, "এ সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব। আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি।"
