০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘ট্রাফিক সার্জেন্টের তৎপরতায়’ ছিনতাইকারীর হাত থেকে ফোন উদ্ধার

আটকের পর ওই ব্যক্তিকে ঘিরে কয়েকজন উত্তেজিত হয়ে মারধরের চেষ্টা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 03:39 PM

Updated : 05 Oct 2026, 03:39 PM

রাজধানীর বনানী কবরস্থান এলাকায় বাস থেকে নামার সময় এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করা এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট।

পরে তার কাছ থেকে ফোনটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে বনানী কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে; আটক ব্যক্তিকে পরে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফোন উদ্ধার ও ওই ব্যক্তিকে আটক করা ট্রাফিক সার্জেন্ট নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ একটি বিআরটিসি বাস থেকে হৈচৈয়ের শব্দ শুনে এগিয়ে যাই। দেখি, বাস থেকে এক যাত্রী নামার সময় তার মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করছেন। তখন তাকে ধাওয়া দিয়ে আটক করি।”

তিনি বলেন, আটকের পর ওই ব্যক্তিকে ঘিরে কয়েকজন উত্তেজিত হয়ে মারধরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ বক্সে নেওয়া হয়।

পরে ভুক্তভোগী সাজেদুর রহমান পান্না (৩৩) তার মোবাইল ফোনটি শনাক্ত করেন। উদ্ধার করা ফোনটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বনানী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম হৃদয় মাহমুদ (৪৩)। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন।

বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাফিক পুলিশ একজনকে ধরে আমাদের থানায় হস্তান্তর করেছে। যেহেতু কোনো অভিযোগকারী নেই, তাই মোবাইল কোর্টের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”