লালদিয়া টার্মিনাল: ‘স্বচ্ছতার স্বার্থে’ চুক্তির শর্ত প্রকাশ চায় টিআইবি
বিদেশি কোম্পানি এখানে ‘জনসেবা’ করতে আসেনি, তাদের বিনিয়োগের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন, বলেন ইফতেখারুজ্জামান।
চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগ ‘দেশের জন্য সুখবর হতে পারে’ মনে করলেও ‘স্বচ্ছতা’ ও ‘জবাবদিহিতার স্বার্থে’ চুক্তিপ্রক্রিয়া ও শর্তাবলীর সকল তথ্য প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্দরের কার্যকরিতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল নির্মাণ ও পুরনো টার্মিনালে অপারেটর নিয়োগের ‘দৃশ্যত তড়িঘড়ি’ উদ্যোগসমূহ ‘এড-হক ভিত্তিতে’ করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে।
না কি বন্দর উন্নয়নে ‘দীর্ঘমেয়াদি কৌশলের অংশ’ হিসেবে এটি করা হল, তাও স্পষ্ট করার দাবি জানিয়েছে টিআইবি।
গেল ১৭ নভেম্বর চট্টগ্রামের লালদিয়ার চরে কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হয়েছে।
এছাড়া সুইজারল্যান্ডের কোম্পানি মেডলগ এসএকে অভ্যন্তরীণ পানগাঁও নৌ টার্মিনালের দায়িত্ব দিয়ে চুক্তি হয়।
দুই সপ্তাহের মধ্যেই চুক্তির দাপ্তরিক বিষয়গুলো ‘অত্যন্ত গোপনীয়তার’ মধ্যে করায় বিভিন্ন মহল থেকে এ নিয়ে সমালোচনা তৈরি হয়; বন্দর সংশ্লিষ্টদের একটা গোষ্ঠী রাজপথেও সরব রয়েছে।
বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বন্দরসহ বিভিন্ন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যে কোনো উদ্যোগ-সেটি সাধুবাদ যোগ্য।
“তবে এক্ষেত্রে প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করাসহ এ জাতীয় চুক্তিতে জাতীয় স্বার্থসম্পর্কিত বিষয়াবলী কীভাবে সংরক্ষিত হয়েছে, তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।”
বিদেশি কোম্পানি এখানে ‘জনসেবা বা চ্যারিটি’ করতে আসেনি তুলে ধরে তিনি বলেন, “তাদের বিনিয়োগের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। তাই স্বাভাবিকভাবেই সরকারকেও আমাদের দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লাভ-ক্ষতি ও জাতীয় স্বার্থকে বিবেচনায় নিতে হবে।
“এক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা অর্জনের পুঙ্খনাপুঙ্খ বিচার বিশ্লেষণ জরুরি। তা ছাড়া, যে প্রতিষ্ঠানের সঙ্গে লালদিয়া টার্মিনাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সংশ্লিষ্ট কাজে তার আন্তর্জাতিক পরিচিতি যদি মূল বিবেচ্য বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা এবং দুর্নীতির সংশ্লিষ্টতার প্রশ্নে সংস্থাটির আন্তর্জাতিক ‘ট্র্যাক রেকর্ড’ বিশ্লেষণও বিবেচনায় নেওয়া হয়েছে কী-না!
“এক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি নিরসনে এবং দেশের স্বার্থ সংরক্ষণে কোনো ধরনের প্রতিরোধ ও প্রতিকারমূলক শর্তাবলী চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে কী-না, তা-ও প্রকাশ করা উচিত।”
‘অস্বাভাবিক দ্রুতগতিতে’ মাত্র দুই সপ্তাহের মধ্যে চুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ‘পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ’ হওয়ার যৌক্তিক ভিত্তি তৈরি হয়েছে বলে তুলে ধরেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা প্রকাশ করা জরুরি। তা ছাড়া, পানগাঁও টার্মিনাল চুক্তি প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করে হয়ে থাকলে, লালদিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম প্রক্রিয়া অনুসরণের পেছনে যুক্তি-ই বা কী ছিল? তা সরকারকে স্পষ্ট করার আহ্বান জানাই।”
