বহুদিন পর প্রকাশ্যে গার্সিয়া মার্কেস
বহু দিন পর স্প্যানিশ সাহিত্যের আধুনিক কিংবদন্তী পুরুষ গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে প্রকাশ্যে দেখা গেল গত ৩০ সেপ্টেম্বর মেহিকো শহরে। সেখানকার গার্ডেন সান্তা ফে'র বাণিজ্যিক বিনোদন কেন্দ্রের অংশ রয়াল বল(Royal Bol) উদ্বোধনের জন্য আমন্ত্রিত হয়ে এসেছিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের সময় ১৯৮২ সালে সাহিত্যে নোবেলজয়ী এই কলম্বীয় লেখকের সঙ্গে ছিলেন তার স্ত্রী মের্সেদেস বারচা, তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং রয়াল বল প্রকল্পের নকশাবিদ দানিয়েল ফেল্দমানের পরিবার পরিজনও। উদ্বোধনের আগে আগে শতবর্ষের নিঃসঙ্গতার লেখক মার্কেস উপভোগ করেন হাল্কা খাবার: স্পিনাক সব্জির সঙ্গে এক কাপ ওয়াইন।
৮৫ বছরেও মার্কেসকে তৃপ্ত, দীপ্ত আর সজীব দেখা গেছে এই উদ্বোধনী অনুষ্ঠানে । এ সময় পেশাদার ফটোশিকারীদেরকে যেমন, তেমনি তার অনুরাগীদেরকেও সুযোগ দিয়েছিলেন তার ছবি তোলার । মেহিকো সিটির শীর্ষস্থানীয় পত্রিকা নোটিমেক্স(Notimex)-এর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লাতিন আমেরিকার এই জনপ্রিয় লেখক বলেন, "আমার ভালো লাগছে, খাবারটা বেশ সুস্বাদু ছিলো ।" এই হাল্কা খাবার গ্রহণের পর ধুসর রংয়ের কোট আর কালো জুতাপরা গার্সিয়া মার্কেস বাণিজ্যিক বিনোদন কেন্দ্রের অংশ রয়াল বল উদ্বোধনীর ফিতা কাটেন । এ সময় তার পাশে ছিলেন বিনোদন কমপ্লেক্সের স্বত্তাধিকারী।
লেখকের স্ত্রী মের্সেদেসও এই বিনোদন প্রাঙ্গনের স্মারকচিহ্ন উন্মোচন করেন যেখানে নকশা-প্রকল্পের সাথে দানিয়েল ফেল্দমানের উল্লেখ রয়েছে।
নিজ জন্মভূমি আরাকাতাকা'র এক সময়ের সাংবাদিক মার্কেসকে হাত ধরে এগিয়ে নিয়ে যান রয়াল বল-এর কর্নধার জেস্সি মিলেস্টেইনস এবং তার সহকারী।
এ সময় ৬/৭ বছরের একটি মেয়ে কর্নেলকে চিঠি লেখার কেউ নেই(El Coronel no tiene quien le escriba) বইয়ে মার্কেসের অটোগ্রাফ নেয়ার জন্য এগিয়ে এলে লেখক শুধু তার দিকে হাত বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যান ।
১৫ মিনিটের মতো শুভেচ্ছা বিনিময় এবং ছবি তোলার পর্ব শেষ হলে ঘন্টা দুয়েক বাণিজ্যিক এই কেন্দ্রে অবস্থানের পর ওডিসি ব্রান্ডের রুপালী রংয়ের একটি গাড়িতে উঠে চলে যান ।
মেহিকো সিটি থেকে প্রকাশিত স্প্যানিশ পত্রিকা Notimex-এর সৌজন্যে।
