২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: হোমার, হেসিওড ও ট্রয়ের আত্মহত্যা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 28 Jan 2021, 01:32 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM

হোমার


সেখানে কিছুই ছিল না, কেউ না। এমনকি প্রেতও না। নিঃশব্দ পাথর ছাড়া আর কিছুই না, একটি কি দু'টি ভেড়া ধ্বংসস্তুপের মধ্যে ঘাসের সন্ধান করছিল।
কিন্তু এক অন্ধ কবি সেখানে বিশাল এক শহর দেখতে পান, যার কোন অস্তিত্ব ছিল না। তিনি দেখেন, শহরটি প্রাচীর দিয়ে ঘেরা, পাহাড়ের চূড়ায় বসে তা যেন উপসাগর দেখছে। তিনি আরও শুনতে পান তীক্ষ্ণ চিৎকার ও যুদ্ধের দামামা, যা একে গুড়িয়ে দিয়েছিল।
তিনি এটা নিয়ে একটি কাব্য রচনা করলেন। সেটা ছিল ট্রয়ের দ্বিতীয় জন্ম, নগরটির ধ্বংসের সাড়ে চার'শ বছর পর হোমারের রচনায় তার নব জন্ম হয়। আর বিস্মৃতের অতলে তলিয়ে যাওয়া ট্রয় যুদ্ধ, সকলের কাছে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে।


ইতিহাসবিদরা বলেন, এটা ছিল এক বাণিজ্য যুদ্ধ। ট্রোজানরা কৃষ্ণসাগরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করতো ও শুল্ক ধার্য করতো। গ্রীকরা তখন ওরিয়েন্ট হয়ে দার্দানিলেস পর্যন্ত চলাচলের পথ উন্মুক্ত করতে ট্রয়কে ধ্বংস করে। এ পর্যন্ত যতগুলি যুদ্ধ হয়েছে তার প্রায় সবটাই ছিল বাণিজ্য-যুদ্ধ। তবে কেন এই যুদ্ধ অন্যদের মতো হোমারের কাছেও মনে রাখার মতো যোগ্য হয়ে উঠল? ট্রয়ের পাথরগুলি বালিতে পরিণত হলো আর প্রকৃতি দ্বারা বালির নিয়তি নির্ধারণের কিছু নেই, তবুও হোমার তা দেখলেন এবং কথা বলতেও শুনলেন।
তিনি যা রচনা করেছিলেন, তা কি এমনিতেই কল্পনা করতে পেরেছিলেন?
রাজহাঁসের ডিম থেকে যিনি জন্মেছিলেন, সেই হেলেনকে মুক্ত করতে ১২'শ নৌ বহরের স্কোয়াড্রন পাঠানো হয়েছিল, এটা কি শুধুই এক কল্পনা ছিল?
প্রাচীর ঘেরা অবরুদ্ধ শহরের চারপাশে পরাজিত হেক্টরকে একিলিসের রথের পিছনে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার ঘটনাটিও কি হোমারের অতিরঞ্জিত কোন কল্পনা?
আবার দেবী অ্যাফ্রোদিতি যখন দেখলেন, প্যারিস হেরে যাচ্ছেন, তখন তাকে যাদুর কুয়াশার ধুম্রজালে মুড়িয়ে রাখার যে গল্প হোমার বলেছেন, সেটা কি তার প্রলাপ বকা না মাতলামী?
অন্যদিকে, এ্যাপোলোর নির্দেশনায় পবিত্র তীর দিয়ে একিলিসের গোড়ালীতে প্যারিসের আঘাত করার ঘটনাও কি ঐ রকম কোন কল্পনা?
ওডিসিয়াস ওরফে ইউলিসিসই কি সেই ব্যক্তি যিনি বৃহৎ সেই কাঠের ঘোড়া বানিয়ে ট্রয়বাসীকে বোকা বানিয়েছিলেন?
আগামেনন-এর শেষ দিকে আসলে কী ঘটেছিল যে দশ বছরের যুদ্ধ শেষে বিজয়ী আগামেমনন ফিরে আসার পর একদিন স্নানাগারে তাকে তার স্ত্রীর হাতে খুন হতে হয়েছিল?
ঐ সকল নারী ও পুরুষ আর ঐ সকল দেবী ও দেবতা, যারা হুবহু আমাদের মতো, হিংসুটে, প্রতিহিংসাপরায়ণ, বিশ্বাসঘাতক, তাদের কি কোন অস্তিত্ব ছিল?
যদি তারা থেকেই থাকেন, তাহলে কে তা জানেন?
হোমারের বর্ণনার সব কিছু নিশ্চিত করে যে তারা ছিলেন।

 কুকুরের পুঁথিগত উৎস
শত চক্ষুবিশিষ্ট এক দৈত্য এবং চার হাজার বছর পূর্বে গ্রীসের একটি শহরের নাম ছিল এ্যারগোস।
ওডিসিয়াস যখন ছদ্মবেশে ইথাকায় ফিরে আসেন তখন তাকে চিনতে পারে, এমন একজনের নামও ছিল এ্যারগোস।
হোমার আমাদেরকে বলেন, অগণিত যুদ্ধ আর বহু সাগর পেরিয়ে ওডিসিয়াস জরাজীর্ণ ও ধূলাবালি-মাখা ভিক্ষুকের পোষাকে ঘরে ফিরে এসেছিলেন।
কেউ বুঝতে পারেনি তিনিই ওডিসিয়াস।
কেউ না, শুধু এক বন্ধু ছাড়া, যার ডাকার, হাঁটার, এমনকি উঠে দাঁড়াবার শক্তি পর্যন্ত ছিল না। এ্যারগোস বাড়ির ঢোকার মুখে একটি চালার নীচে পরিত্যক্ত অবস্থায় যন্ত্রনায় কাতরাচ্ছিল আর মৃত্যুর অপেক্ষায় ছিল।
সে যখন দেখতে পেল, সম্ভবতঃ ভিক্ষুকের গায়ের গন্ধ পেল, তখন সে তার মাথা উঁচু করলো এবং লেজ নাড়লো।

হেসিওড

হোমার সম্পর্কে কিছুই জানা যায়নি। সাতটি শহর দিব্যি দিয়ে বলে তারাই হলো তার জন্মস্থান। সম্ভবঃ প্রত্যেকটি শহরেই মাথার উপর ছাদ আর খাবারের বিনিময়ে হোমার একটি রাত পড়াশুনা করেছিলেন।
হেসিওড সম্পর্কে বলা হয়, তিনি নাকি আসেরা নামের একটি গ্রামে জন্মেছেন আর তিনি ছিলেন হোমারের সমসাময়িক।
তবে তিনি যোদ্ধাদের মহিমার গুণকীর্তন করেননি। বোয়েশিয়ার কৃষকেরা ছিলেন তার নায়ক। তিনি সেই সব মানুষের জীবন ও শ্রম তুলে ধরেছেন যারা রুক্ষ জমি থেকে যৎসামান্য ফসল ফলাতেন আর নিষ্ঠুর ঈশ্বরের অভিশাপকে পূর্ণতা দান করতেন।
তার কাব্য-
কাঠ কাটার কথা বলত, যখন আকাশে লুব্ধকের দেখা মিলত,
দ্রাক্ষা তুলত, যখন লুব্ধক দক্ষিণে চলত,
শস্য মাড়াই করতো, যখন কালপুরুষের উদয় হতো,
ফসল গোলায় তুলত, যখন কৃত্তিকা ফুটে উঠত,
জমি কর্ষণের কথা বলত, যখন কৃত্তিকা মিলিয়ে যেত,
নগ্ন হয়ে কাজ করার আহবান জানাত,
আর কখনোই সমুদ্র, চোর, নারী, লাগামহীন জিহ্বা, অথবা অশুভ দিনকে বিশ্বাস করতে বলত না।

ট্রয়ের আত্মহত্যা
হোমারের মতে, দেবী এথেনাই ওডিসিয়াসের কানে ফিসফিস করে ধারণাটি দিয়েছিলেন। ট্রয় নগরী, যা দীর্ঘ দশ বছর ধরে গ্রীকদের জন্য দুর্ভ্যদ্যে ছিল, শেষ পর্যন্ত তা একটি কাঠের তৈরী ঘোড়ার কাছে পরাস্ত হ'ল।
প্রাচীরের বাইরে অদ্ভুত, প্রকান্ড এক দেহ, রন্ধনশালার ধোয়া রং লাল হওয়া, কিংবা ভাস্কর্যের চোখে জল, অথবা বিজয়মাল্য শুকিয়ে যাওয়া আর নক্ষত্রশূন্য আকাশ দেখার পরেও ট্রোজান রাজা প্রিয়াম কেন একে ভিতরে ঢুকতে দিলেন? সে সময় শুধু রাজকুমারী ক্যাসান্ড্রা ঘোড়ার দিকে একটি জ্বলন্ত মশাল ছুড়ে মেরেছিলেন আর যাজক লাওকুন সেটার পার্শ্বদেশে একটা বর্শার আঘাত হেনেছিলেন। রাজার উপদেষ্টারা আবার ঘোড়াটি খুলে তার মধ্যে কি আছে তা দেখবার পরামর্শও করলেন, আর সমগ্র ট্রয় নগরীতে এমন কেউ ছিলনা যে সে সন্দেহ করবে জন্তুটি একটি চালাকি ছাড়া আর কিছুই না।
রাজা প্রিয়াম তার পতন বেছে নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন, দেবী এ্যাথেনা শান্তির প্রতীক হিসেবে তার কাছে একটি নৈবেদ্য পাঠিয়েছেন। তাকে অসন্তুষ্ট করা ঠিক হবে না, তাই তিনি নগরীর ফটক খোলা রাখা এবং ঘোড়াটিকে স্তুতি ও কৃতজ্ঞতা সহকারে বরণ করার নির্দেশ দিলেন।
এরপর ঘোড়ার অভ্যন্তর হতে সৈন্য উদয় হ'ল, যারা ট্রয় নগরীর শেষ প্রস্তরখন্ডটি পর্যন্ত গুড়িয়ে দিল। অতপরঃ বিজিতরা তাদের দাস হল আর বিজিতদের নারীরা বিজয়ীদের নারীতে পরিণত হ'ল।

নায়ক
এক অজ্ঞাত সৈন্য কীভাবে ট্রয় যুদ্ধের বর্ণনা দেবে? দেবতাদের দ্বারা উপেক্ষিত ও যুদ্ধের ময়দানে আকাশে চক্কর দেয়া শকুনের কাঙ্খিত বস্তু হবার এক গ্রীক পদবীর সৈনিকের কথা সে কীভাবে বর্ণনা করবে? এক কৃষক-যোদ্ধা, যাকে নিয়ে কেউ কখনো বন্দনা করেনি, তাকে স্মরণ করে কোন ভাস্কর্য গড়া হয়নি, তার কথা কীভাবে সে বলতে পারবে? একজন না, প্রত্যেককেই, আত্মহুতি দিতে বাধ্য করা হয়েছিল এবং হেলেনের চোখে যাদের জয়ের জন্য প্রাণ দিতে বিন্দুমাত্র আগ্রহ ছিলনা, এই ঘটনাও বা কীভাবে সে বলবে?
হেলেন কখনই ট্রয় নগরীতে ছিলেন না, যা ছিল সেটা তার ছায়ামাত্র। শূন্য এক পরিচ্ছদের জন্য দশ বছর ধরে সেখানে কসাইগিরি চলছিল। এ কথাগুলি কি ঐ সেনাটি আগেই ধারণা করতে পেরেছিল যা পরবর্তীতে ইউরিপিডেস নিশ্চিত করেছিলেন?
যদি ঐ সৈনিক বেঁচে যায়, তাহলে সে কি মনে রাখবে?
কে জানে।
হতে পারে কোন গন্ধ, বেদনার গন্ধ, তাছাড়া আর কিইবা মনে রাখবে।
ট্রয় নগরী পতনের তিন হাজার বছর পর, যুদ্ধ বিষয়ক মুখপাত্র রবার্ট ফিস্ক ও ফ্রান সেভিল্লা আমাদের সেই যুদ্ধের দুর্গন্ধের দিকটি জানান: ভিতরে তারা সংখ্যায় অনেক, আর তারা জানে যে আপনার শরীরের ছিদ্রের মধ্যে থেকে গরম, মিষ্টি, ক্ষয়ের আঠালো দুর্গন্ধ পাওয়া যায় আর সেগুলি দেহের মধ্যে জায়গা করে থাকে। আর বমি বমিভাব কখনও যেতে চায়না (যুদ্ধকে বিষ্ঠার সাথে তুলনা করা হয়েছে)।