২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইয়ের অনলাইন খবর হতে পারে বুদ্ধিবৃত্তির নতুন ঠিকানা

muhammadazizur_rahman

Published : 18 Jan 2014, 07:44 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

যে বন্ধু কখনোই কোনো মানুষের অপকার করে না, শুধু আলো ছড়িয়ে জীবনের অন্ধকার দূর করে তার নাম বই। বইয়ের সাথে যার গাঢ় বন্ধুত্ব, একাকীত্ব তাকে স্পর্শ করে না । নতুন বইয়ের কাগজের গন্ধ, অনেক পুরাতন বইয়ের পাতার ভাজ সবার মতো আমাকেও উদ্বেলিত করে। লাইব্রেরীর সাজানো তাকে কিংবা বইয়ের দোকানে ঘুরে প্রয়োজনীয় বই পাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। যখন জানলাম বইয়ের খোঁজ খবর নিয়ে নতুন ওয়েব ম্যাগাজিন boinews24.com হচেছ তখন তাদের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য চলে গেলাম শাহবাগের পাঠক সমাবেশ সেন্টারে। অনুষ্ঠান ভেন্যুতে প্রবেশ করেই মন ভালো হয়ে গেল। এত সুন্দর গোছানো বৃহৎ বইয়ের দোকান আমি আগে কখনো দেখি নি। এরপর এক পাশে বসে উপভোগ করলাম পুরো অনুষ্ঠান। উদ্বোধক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কথা শুনলাম মুগ্ধ হয়ে। এত বড় মাপের লেখক ও অধ্যাপককে এত কাছে থেকে দেখব তা কখনো ভাবি নি। স্যারের সহজ, সরল ও সাধারণ অভিব্যক্তি আমার কাছে অসাধারণ লেগেছে।

তারপর কবি মুহম্মদ নূরুল হুদার কথা ও কবির কন্ঠে তাঁর কবিতা আবৃত্তি শোনা এক ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে। সঞ্চালনার ফাঁকে ফাঁকে সম্পাদক রবীন আহসানের রসাল কথা উপস্থিত সবাইকে আনন্দ দিয়েছে। এরপর একে একে কথা বলেন খ্যাতিমান লেখক ও প্রকাশক মহিউদ্দিন আহমেদ, কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, লেখক মনীষ রায়, কবি দিলদার হোসেন প্রমুখ। এত গুণী মানুষদের একসঙ্গে দেখা ও তাদের কথা শুনতে পেয়ে ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে। সুন্দর পরিবেশে অসংখ্য আলোকবাতির মাঝে উপস্থিত অতিথিদের ছড়ানো অলোর উজ্জ্বলতা অনেক বেশি। আমাদের দেশের গণমাধ্যমগুলোতে অনেক বিষয়ে আলোচনা করা হলেও বই নিয়ে তেমন কোন আলোচনা হয় না ।

বর্তমানে বুক রিভিউ নেই বললে একেবারে ভুল বলা হবে না । boinews24.com বই আলোচনা প্রকাশের মাধ্যম ও তরুণদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধিতে কাজ করবে বলে আশা করি । এছাড়া বাংলাদেশে তরুণ লেখকদের নিয়ে কোন আলোচনা নেই, তরুণদের উদ্বুদ্ধ ও তাদের ভাবনা প্রকাশ করা খুব প্রয়োজন। আমার ধারণা, মানুষ বিজ্ঞাপন দেখে বই পড়ে না । কেউ একটি বই পড়ে সেটা সম্পর্কে অন্যকে জানানোর মাধ্যমে বই পড়ার আগ্রহ সৃষ্টি করে । এই জানানোর বড় কোন মাধ্যম নেই যার শূন্যতা boinews24.com পূরণ করতে পারে । প্রবীণ ও প্রতিষ্ঠিত লেখকদের লেখা শুরুর গল্প, লেখা নিয়ে মজার অভিজ্ঞতা প্রকাশ হলে তরুণ লেখকরা অনেক বেশি উজ্জীবিত হবে। নতুন বইয়ের সংবাদ, বইয়ের দোকানের ঠিকানা, বিশ্বসেরা লেখকদের সম্পর্কে জানানো হলে পাঠকরা অনেক উপকৃত হবে।

প্রযুক্তির এই যুগে বইকে ছড়িয়ে দেবার নতুন প্রয়াস সত্যি প্রশংসার দাবী রাখে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কথায় 'প্রযুক্তি বইকে সহায়তা করবে, বিরোধিতা করবে না। গ্রন্থের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর মাধ্যমে এটি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।" অনলাইনে বই নিয়ে আলোচনা বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও বেগবান করবে এই প্রত্যাশা করি ।