২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল চৌধুরী: রবীন্দ্রনাথ-জীবনানন্দ’র মুখোমুখি এক সপ্রতিভ কবি

ফয়জুল লতিফ চৌধুরী ফয়জুল লতিফ চৌধুরী

Published : 29 Jan 2018, 10:27 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

বিংশ শতাব্দীর শেষার্ধে আবির্ভূত বাঙ্গালী কবিদের সম্মুখে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ এই দুই অগ্রজ কবি চরম প্রতিবন্ধকতার মতো দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ মনুষ্য আবেগ ও অনুভূতির নানা স্তর ও প্রকোষ্ঠ শতহস্তে হাতড়ে শুষে নিয়েছিলেন তাবৎ রসদ। তাঁর বহু ব্যাপ্ত প্রতিভা দীর্ঘ প্রায় আশি বৎসরব্যাপী ও কর্মমুখর জীবনের সুযোগ নিয়ে কবিতার উপচার ভাণ্ডার উজাড় ক'রে ফেলেছিল। "আজি এ প্রভাতে রবির কর, কেমন পশিল প্রাণের পর" থেকে "অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার" অবধি এই দীর্ঘ যাত্রা তার সাক্ষী। তিরিশ এবং চল্লিশের মহাপ্রতাপশালী কবিদের তাই হাত প্রসারিত করতে হয়েছির পশ্চিমের কাছে। এই অকপট ঋণ তাদের কাব্যে বৈচিত্র্যের ও বৈশিষ্ট্যের মূল উৎস; হয়তো একই সঙ্গে তাদের সীমাবদ্ধতারও সূত্র। কিন্তু আজ অর্ধশতাব্দী পরে প্রতীয়মান হয় যে তাদের অধিকাংশ কবিতা কালোত্তীর্ণ হতে পারে নি। জীবনানন্দ যে টিঁকে গেলেন, এবং সেটিও পরম বৈভবের সঙ্গে, সেটির অন্যতম কারণ তাঁর বিশিষ্ট কাব্যবোধ ও স্বকীয় কাব্যভাষা। পাশ্চাত্য তাঁর কাব্যবোধ শাণিত করেছে; কখনো ঋণ দিয়েছে কবিতার বীজ; কিন্তু তিনি জন্মেছিলেন এমন একটি কাব্যবোধ নিয়ে এবং একই সঙ্গে আয়ত্ব করেছিলেন এমন একটি অন্তর্জাত কাব্যভাষা, যা বাঙলা কবিতাকে একই সঙ্গে শিল্পসম্মতি ও উপভোগ্যতার শীর্ষে তুলে দিয়েছিল।

তাঁর কবিতা (রবীন্দ্রনাথের ভাষায়) "চিত্ররূপময়", তাঁর কবিতা উপমাসমৃদ্ধ, তাঁর কবিতা স্মরণীয় বাণীর আঁকড়, তাঁর কবিতা সঙ্গীতমুখর; তাঁর কবিতা গভীর উপলব্ধির অভিজ্ঞান; তাঁর কবিতার বিষয়-আশয় বিংশ শতাব্দীর শিক্ষিত নাগরিক মানুষের সমস্যা লাঞ্ছিত অস্তিত্বের মর্মমূলে তুলে দেয় করুণ ঝংকার। একুশ শতকের দ্বিতীয় দশকেও কবিতামোদী পাঠকের কাছে তাঁর কবিতার আবেদন অক্ষত, অটুট, তৃপ্তিকর।
রবীন্দ্রনাথ-জীবনানন্দের দ্বৈত প্রতিবন্ধকতার বিপত্তির প্রথম মুখোমুখি হয়েছিলেন পঞ্চাশের কবিরা। কিন্তু তখনও জীবনানন্দের একক বৈভব সজোরে প্রতিষ্ঠিত হয় নি বলে দ্বিতীয আধুনিক প্রজন্মের প্রধান প্রধান কবি শামসুর রাহমান, শক্তি চট্টোপাধ্যায়, আল মাহমুদ, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখের কবিতাশৈশব লালিত হয়েছে প্রধানত রবীন্দ্রনাথেরই আবহে, চালিত হয়েছে তিরিশেরই কবিদের অনুপ্রাণনায়। আত্মবিশ্বাসের ভূমিতে প্রোথিত কবিসত্তা থেকে উৎসারিত তাদের কবিতা আবেগ ও অনুভবে, ভাষা ও শৈলীতে সাবলীল ও স্বতঃস্ফূর্ত যদিও তাদের বিরুদ্ধে উপলব্ধির সংকীর্ণতা ও পুনরাবৃত্তির অভিযোগ উত্থাপিত হয়েছে। একথা সত্য যে তারা বেশ কিছু কবিতা লিখতে সক্ষম হয়েছিলেন যা পাঠকের মর্মমূলে স্থান করে নিতে পেছে। ঐ সময়কার কবিদের মধ্যে আল মাহমুদকে একটু বিশেষভাবে বিবেচনা করা হয় সেটির কারণ তাঁর কবিতায় মানবসত্তার গভীরতর উপলব্ধির প্রকাশ, প্রকরণে দৃঢ়তর সংহতি। যে কল্পনার ভিত্তিতে রচিত হয় কবিতা, তারই মাঝে অন্তর্লীন থাকে কবির অভিজ্ঞতা ও চিন্তা। আল মাহমুদ অভিজ্ঞতার ব্যাপ্তি ও চিন্তার গভীরতায় প্রাগসরতার প্রমাণ রেখেছেন।
কার্যত পঞ্চাশের কবিকূল একটি কাব্যভাষা দাঁড় করিয়েছিলেন যা বিনা ঘোষণায় বাংলা আধুনিক কবিতার বৈশিষ্ট্য বলে স্বীকৃত হয়ে গেল। ত্রিশের নয় বরং পঞ্চাশের এই কবিদের ব্যবহৃত কাঠামোই শেষ পর্যন্ত বাংলা আধুনিক কবিতার প্রমিত শৈলী হয়ে দাঁড়ায়। কাঠামোটি একই সঙ্গে গদ্যপ্রবণ ও ছন্দমুখী; বিষয়ের দিক থেকে আত্মজৈবনিক। ষাট দশকের কবিরাও যথেষ্ট প্রতিভাবান ছিলেন। কিন্তু 'কী লিখবেন' 'কী ভাবে' লিখবেন এই অমোঘ প্রশ্নদুটি তাদেরও আক্রান্ত করেছে। তাদের কেউ কেউ প্রধানত তিরিশের কবিদের শিরোধার্য করেছেন কিন্তু রবীন্দ্রনাথের ছায়া থেকে প্রমুক্ত হতে পারেন নি। নতুন সৃষ্টির প্রণোদনা সদা ক্রিয়াশীল থেকে তাদের অনবরত প্রচলিত করেছে; তাঁরা প্রচুর লিখেছেন যদিও সেই প্রাচুর্যের শিল্পমূল্য অনেকাংশে প্রশ্নবিদ্ধ থেকেছে। তাদের প্রধান ব্যর্থতা আত্মজ অনুভূতিকে সার্বজনীন করে তুলতে না-পারা যদিও যেখানেই এই ব্যর্থতা থেকে উত্তরণ ঘটেছে সেখানেই কবিতা হয়ে উঠেছে স্বাদু ও শিল্পসম্মত।

দেখতে পাওয়া যায়, পঞ্চাশ দশকের শেষাশেষি থেকেই রবীন্দ্রনাথ ও জীবনানন্দের সংশ্লেষ শুরু হয়েছে যা তীব্র হয়েছে সত্তরে এসে। সত্তরে প্রত্যক্ষ হয় দুটি বিপরীত স্রোত; একদিকে এই সংশ্লেষণের সচেতন প্রয়াস; বিপরীতে তিরিশের কবিদের মতোই রবীন্দ্রনাথ ও জীবনানন্দ উভয়কে অস্বীকার করার সচেতন উদ্যোগ। এই অস্বীকার কখনো মেকী কবিতার জন্ম দিয়েছে যার অজস্র উদাহরণ রেখে গেছেন এমনকী আবদুল মান্নান সৈয়দের মতো বিদগ্ধ সাহিত্যিক। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দু'জনকেই উপেক্ষার আকাক্সক্ষা আশি-নব্বইয়ের দশকের তরুণ কবিদের মধ্যে উচ্চকিত হয়ে ওঠে যার ফলে কবিতা হয়ে ওঠে নিরীক্ষার বিষয়, অথচ কবিতা কখনই নিরীক্ষার বিষয় হতে পারে না। উল্লেখ্য যে, সেই সঙ্গে একটি তৃতীয় স্রোতও ক্ষীণ ধারায় প্রবাহিত হয়েছে যারা কবিতা লিখেছেন নিছকই আন্তরিক আবেগানুভূতি আশ্রয ক'রে স্বতঃস্ফূর্ত ভাষায়। আবু জাফর ওবায়দুল্লাহ্ 'আমি কিংবদন্তীর কথা বলছি' এবং আহমদ ছফার 'লেনিন ঘুমাবে আবার' উপর্যুক্ত তৃতীয় স্রোতের উল্লেখযোগ্য দুটি রচনা।
জীবনানন্দ'র কাব্যশৈলী সম্পর্কে সচেতনতা সত্তর দশকে ঘনীভূত হয়েছিল, যার ফলশ্রুতিতেই উপর্যুক্ত রবীন্দ্রনাথ-জীবনানন্দ সংশ্লেষণের সচেতন প্রয়াস। রবীন্দ্রসঙ্গীত কাতর বাঙালীর পক্ষে রবীন্দ্র কাব্যপ্রেরণা উপেক্ষা করা কঠিন; অন্যদিকে জীবনানন্দের কাব্যভাষার হাতছানি ছিল অপ্রতিরোধ্য। তবে সত্তরের একজন আধুনিকের পক্ষে কেবল রবীন্দ্রনাথে ফিরে যাওয়ার প্রশ্ন যেমন অবান্তর তেমনি জীবনানন্দ আকর্ষণীয় হলেও দূরানুসরণীয়। অন্তত: যে তিনজন কবির মধ্যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের সুচারু সংশ্লেষ দেখা যায় তাঁরা হলেন নির্মলেন্দু গুণ, আবুল হাসান এবং আবিদ আজাদ। তাদের বেশ কিছু শ্রবণসুভগ কবিতা চিত্ত আলোড়িত করার মতো। তবে কিছুটা হঠাৎ ক'রে অনেকখানি ছাড়িয়ে গেলেন পশ্চিমবঙ্গের জয় গোস্বামী;– উপলব্ধির গভীরতর ঝিলিকে তাঁর কবিতা আরো দ্যূতিময় হয়ে উঠলো। প্রত্যক্ষ হয়: জীবনানন্দের "ধূসর পাণ্ডুলিপি", বিশেষ করে, "বনলতা সেন" পর্বের কবিতার ছাঁচ এই সময়ে জনপ্রিয়তা লাভ করে।
একই সময় রবীন্দ্র-জীবনানন্দের ব্যর্থ সংশ্লেষের স্বাক্ষর বহন করছে শত-সহস্র রকমারী কবিতা। লক্ষ্য করে মনে হয়, ব্যর্থ কবিতা যেগুলো মূলত বাণীপ্রধান যেখানে কবির আবেগ চিন্তায় পরি¯্রুত হয়নি, পায়নি ছন্দের উপযুক্ত বাহন, বঞ্চিত হয়েছে উপমার চমকপ্রদ অলংকার থেকে। কার্যতঃ বিংশ শতাব্দীর শেষভাগ ব্যর্থ কবিতার হাহাকারে দীর্ণ। আবেগের সংকীর্ণতা, প্রয়োজনীয় কল্পনা শক্তির অনুপস্থিতি, চিন্তার অগভীরতা, প্রকরণের দৌর্বল্য, অলংকারের দৈন্য বাংলা কবিতার জগতকে অসহায় করে ফেলেছিল। হাজার কবিতা লেখা হয়েছে যা গদ্য বয়ানের কবিতারূপ মাত্র। এ রকম একটি জায়মান, বিস্রস্ত পরিস্থিতিতে সত্তুর দশকের শেষভাগে কবি কামাল চৌধুরীর আবির্ভাব ও বিকাশ। তিনি লিখলেন :
শেষরাতে মরু-প্রান্তরকে মনে হয় কাশবন; কাশবনকে মনে
হয় সাদা বকের ডানা। চতুর্দিকে কাক-জ্যোৎস্না উড়তে থাকে–
স্ফটিক স্বচ্ছ পাথরের অপরূপ তীব্র বিচ্ছুরণ:
তখন বিন্দুকে মনে হয় প্রসারিত, স্তব্ধতাকে মনে হয় অর্ন্তগত পরিব্যাপ্ত
নদী। তখন একাকিত্ব ও নৈঃসঙ্গের মাঝখানে দিগন্তের দীর্ঘ হাতঘড়ি
ক্রমাগত ছুটিতে থাকে সংগীতের উৎসের দিকে।

২
কামাল চৌধুরীর পুরো নাম কামাল আব্দুল নাসের চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফেলার অব্যবহিত পরেই তিনি সরকারী চাকুরী গ্রহণ করেছিলেন। কালক্রমে তিনি জনপ্রশাসনের শীর্ষ পদ সচিব হিসেবে ২০১০ থেকে দায়িত্ব পালন করছেন। এ রকম দায়িত্বপূর্ণ পদে থেকে কবিতার মেঘমেদুর জগতে টিঁকে থাকা দুঃসাহসের বিষয় বললে অত্যূক্তি হয় না। তবে অগ্রজ আবু জাফর ওবায়দুল্লাহ, মোফাজ্জল করিম, হায়াৎ সাইফ প্রমুখ তাঁর অনুপ্রেরণা ও আস্থার কারণ হতে পারেন।
১৯৫৭ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি কামাল চৌধুরীর জন্ম হয়েছিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। বাবা আহমদ হোসেন চৌধুরী ও মা বেগম তাহেরা হোসেনের ছয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৭৩ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জের গোদনইল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৫ খ্রিস্টাব্দে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। তারপর ঢাকা বিশ্বব্যিালয়ের উন্মাতাল জীবন: এখানেই কাব্যলক্ষীর কাছে চিরসমর্পণ; এখানেই রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সহ সমসাময়িক কবিদের সঙ্গে ঘনিষ্ঠতা; এখানেই কবিতার সঙ্গে অবিচ্ছেদ্য গাঁটছড়া; এখানেই 'কবিতা পথিক' হিসেবে অভিষেক। কবিতা লিখতে লিখতেই এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সমাজবিজ্ঞানে, যদিও তাতেই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার গণ্ডী শেষ হয়ে যায় নি। ব্যাপক ব্যবধানে যদিও, ২০০৩ খ্রিস্টাব্দে, সরকারী চাকুরীর মধ্যেই পেয়ে যান একটু অবসর, আর সেই ফাঁকে নৃবিজ্ঞানে পিএইচডিটা সেরে ফেলেন। গবেষণার বিষয়বস্তু ছিল: "গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা"।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮১'র বাংলা একাডেমি বই মেলাকে উপলক্ষ করে একদল তরুণ কবি জীবনের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। কামাল চৌধুরী তাদেরই একজন। একুশের সেই বইমেলাতেই বেরিয়েছিল একদিকে বিশ্ববিদ্যালয় ও অন্যদিকে জীবনের চৌকাঠে দণ্ডায়মান কামাল চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ "মিছিলের সমান বয়সী"; অন্তর্ভুক্ত কবিতার সংখ্যা ৪৬। প্রেমিকার কাছে কামাল চৌধুরীর নিবেদিত রক্তাক্ত পংক্তিমালা এরকম:
পাথরে আঘাত করো, খুলে ফ্যালো বেণীর জড়তা
ভেঙে ফেলি রাষ্ট্রসংঘ সামাজিক শ্রেণী
নতুন বিন্যাসে এসো তুমি আমি পৃথিবী বানাব।
তীব্র টানে খুলে দেব দালালের বিচিত্র মুখোশ
শনাক্ত হয়েছে যারা মিছিলের বিপরীতে গিয়ে
তারা আজো বেঁচে, সিঁদকেটে প্রেমিকের ঘরে
তাদের প্রাসাদে এসো জ্বেলে দেই চিতার অনল
বিষাক্ত নিঃশ্বাস জেনো নত হবে আমার শিখায়।

('রক্তাক্ত পংক্তিমালা', "মিছিলের সমান বয়সী", ২য় সংস্করণ ২০০৯, পৃ.১৬)
'যযাতি' কবিতায় সুধীন্দ্রনাথ দত্ত নিজেকে বলেছিলেন "আমি বিংশ শতাব্দীর সমান বয়সী…"; অন্যদিকে কামাল চৌধুরী নিজেকে দেখেছেন "মিছিলের সমান বয়সী" রূপে। এই মিছিল ১৯৮০'র দশকের দ্রোহের প্রতীক। বাংলা নামের এই ভূখ-ে এই দ্রোহের উদ্ভব অবিভক্ত পাকিস্তানে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে, এই দ্রোহ উৎসারিত হয়েছিল মুক্তির আকাঙ্ক্ষায়। ষাট দশকের দ্রোহ পুনর্বার প্রজ্জ্বলিত হয় আশির দশকে সামরিক শাসনের বিরোধিতায়। তিনি নিজেকে মিছিলের পক্ষের হিসেবে যেমন চিহ্নিত করেছেন তেমনি মিছিলের বিপক্ষে যারা তাদের বিষাক্ত নি:শ্বাস রূদ্ধ ক'রে দেয়ার আকাঙ্ক্ষা স্পষ্ট স্বরে ব্যক্ত করেছেন। একই সঙ্গে নতুন ভাবে সমাজকে বিন্যস্ত করার রোম্যান্টিক প্রত্যয় ব্যক্ত করেছিলেন তরুণ কবি। কামাল চৌধুরীর অন্যতম প্রেরণা সমাজচিন্তা ও তদসঞ্জাত দ্রোহ এই কবিতার জন্ম দিয়েছে। এই সমাজ সচেতনতা, এই দ্রোহ, এই অনন্যতান্ত্রিক সংস্কারবোধ আনুপূর্ব তাঁর কাব্যচেতনার অন্যতম চারিত্রলক্ষণ। বহু কবিতায় সমাজ নানা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে।
অন্যদিকে তাঁর কবিতার স্থাপত্যে একটি সহজিয়া গীতিময়তা প্রবহমান। আধুনিক কবিতার গীতিময়তা কখনো কখনো প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে গীতিময়তা কবিতাকে পাঠকের হৃদয়ে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। ১৯৮১'র বই মেলায় কামাল চৌধুরীর বই পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিল; বিদগ্ধ পাঠক তাঁর কবিতায় প্রতিশ্রুতির চিহ্ন প্রত্যক্ষ করেছিলেন।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭২-এ প্রকাশিত "কন্ঠস্বর" পত্রিকার প্রথম সংখ্যায় আব্দুল্লাহ আবু সায়ীদ লিখেছিলেন, "খুব স্পষ্টভাবে অনুভবগণ্য না হলেও, আমরা, নিকটতরেরা অনুভব করছি আমাদের সাহিত্য গত দশকের (ষাটের) বিক্ষিপ্ত, অস্থির ও লক্ষ্যহীন মানসিকতার পর্যায় ছেড়ে, অন্ধকার বন্দনার ক্লেদাক্ত পাপ ও পচন থেকে এবং আকাশব্যাপী নৈরাজ্য, বিভ্রান্তি ও অর্থহীনতার আবর্ত থেকে মুক্তি নিয়ে সুস্থ ও সংহত এক অম্লান জীবনাগ্রহে জেগে উঠছে"। এই সৃষ্টিশীলতা ও আশার অভ্রান্ত অভিজ্ঞান কামাল চৌধুরীর কবিতা।
প্রথম কবিতাগ্রন্থ প্রকাশের পর চাকুরীজীবনের ব্যস্ততা তাঁকে কবিতা থেকে কিছুটা দূরে ঠেলে দিয়েছিল। ফলে '৮১ থেকে '৯০–টানা নয় বছর কোনো কবিতার বই প্রকাশ করা হয়ে ওঠেনি। হয়তো জীবনানন্দেরই মতো নিভৃতে লিখেছেন, সংবরণ করেছেন প্রকাশের অভিলাষ। এই বন্ধ্যাত্ব কেটে যায় ১৯৯১ খ্রিস্টাব্দে। এ বছর প্রকাশিত হয় কামাল চৌধুরীর দ্বিতীয় কবিতা-সংকলন "টানাপোড়েনের দিন"। ইতোমধ্যে তাঁর কাব্যভাষা দৃঢ় ও সুসংহত হয়েছে, তাঁর কণ্ঠে পরিস্ফুট হয়েছে আস্থার আভাস, তাঁর শিল্পনৈপুণ্যে এসেছে সৌম পরিণতি। নিচের কবিতাটিতে তিরিশের কোন ছাপ নেই, বরং প্রত্যক্ষ হয় পঞ্চাশে স্থিরীকৃত বাংলা আধুনিক কবিতার প্রমিত কাঠামো ও কাব্যভাষা।
এখন লাফায় নদী; এই মাঝি, ভয় নাই তোর?
আমি তো খুলেছি প্যান্ট জুতো শার্ট যদি ডুবি জলে
বিপন্ন জীবন নিয়ে শেষবার চেষ্টা করে দেখি
তবু পার হবি তুই? মনমাঝি কাম নাই চল
আবার প্রথমে ফিরি — পুনর্বার যাত্রা শুরু হোক।
সাপের ফণার মতো রোষে ফোঁসে এই লাক্ষ্যা নদী
সোনালি আশেঁর ঘ্রাণ একপাশে, অন্যপাশে গ্রাম
আমি তো পৌঁছুতে চাই মানবিক গ্রামের সবুজে
আজ কি সম্ভব যাওয়া? মাঝি তুই এত বেপরোয়া
কব্জিতে রাখিস বেঁধে শঙ্কাকুল যাত্রার শপথ?
আমিও বাঁধতে চাই, তবু ছিড়ে খুঁড়ে খসে
পড়ে জলে। দ্বিধাদ্বন্ধে বাঁধি তাকে, আবার হারাই
সমস্ত আগামী জুড়ে কাঁপে ম্লান মেয়েলি রোদ্দুর
তবু মাঝি আর নয়, যাই আজ ফিরে চল ঘরে।
('প্রাচীর' পৃ.৬৪)
বলার অপেক্ষা রাখে না, তীক্ষ্ণ মাত্রা জ্ঞান এই কবিতার পদে-পদে ধ্বনিমাধুর্য ছড়িয়ে দিয়েছে। আধুনিক কবিতা সম্পর্কে কারো কারো একটি ভ্রান্ত ধারণা এই যে তা ছন্দ বিবর্জিত। কামাল চৌধুরীর কবিতায় পংক্তিতে পংক্তিতে অন্তর্নিহিত ছন্দ পাঠকের কাছে সহজ আবেদন নিয়ে উপস্থিত হবে। এই ছন্দময়তা পাঠকের হৃদয়ে সহজে পৌঁছে দেয় কবির বক্তব্য। অনেক কবিতাতেই নিপূণ অক্ষরবৃত্তে কামাল চৌধুরীর সহজ কুশলতা প্রত্যক্ষ হয় যে কুশলতা তাঁর কবিতাকে আবৃত্তিযোগ্যতাও দিয়েছে বটে।
বিশেষ একটি কবিতা কখনোই একজন কবিকে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারে না। 'বনলতা সেন', 'আট বছর আগের একদিন' ও 'আবার আসিব ফিরে' কবিতা তিনটি বহুল পঠিত হলেও জীবনানন্দকে সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করেনাঅবশ্যই 'সাতটি তারার তিমির' ও 'বেলা অবেলা কালবেলা'র কবিতা বিবেচনায় গ্রহণ করতে হবে। কিন্তু এটা ঠিক যে উপর্যুক্ত কবিতা তিনটি থেকে জীবনানন্দের কাব্যপ্রতিভার প্রধান প্রধান লক্ষণগুলি চিহ্নিত করা সম্ভব। কামাল চৌধুরীর 'প্রাচীর' কবিতাটি সম্পর্কেও একই কথা প্রযোজ্য। ১৩৮৮ সনের পর কয়েক যুগ পার হয়ে গেছে। এই ১৪২১-এ এসেও তাঁর "কবিতা সংগ্রহ" পাঠ ক'রে প্রতীয়মান হয় কামাল চৌধুরীর কাব্যপ্রতিভার মৌলিক চিহ্নগুলোর বেশ কিছু 'প্রাচীর' কবিতাটির মধ্যে দৃঢ়ে মূলে প্রোথিত রয়েছে। তাঁর কাব্যভাষার যে আদলটি প্রত্যক্ষ হয় এই কবিতায় তা কামাল চৌধুরীর জাতচিহ্ন। কেবল তাই নয়, কবির মনস্তত্ত্বের পরিস্কার হদিস এখানে আছে: "সাপের ফনার মতো রোষে ফোঁসে এই লাক্ষ্যা নদী/ সোনালী আঁশের ঘ্রাণ একপাশে, অন্যপাশে গ্রাম/ আমিতো পৌঁছুতে চাই মানবিক গ্রামের সবুজে;–এই যে গ্রামীণ নিসর্গ ও চালচিত্র কামাল চৌধুরীর কবিতায় তা বারবার ঘুরে-ফিরে এসে তৈরী করে কবিতার জমিন ও মেজাজ। এই যে 'মাঝি তুই এত বেপরোয়া/ কব্জিতে রাখিস বেঁধে শঙ্কাকুল যাত্রার শপথ' তা কামাল চৌধুরীর অন্যতম প্রকাশভঙ্গি।
১৯৯১-এ "টানাপোড়েনের দিন" প্রকাশের পর একে-একে আরো আটটি কাব্যসংকলন প্রকাশিত হয়েছে, যথা: "এই পথ এই কোলাহল" (১৯৯৩), "এসেছি নিজের ভোরে" (১৯৯৫), "এই মেঘ বিদ্যুত ভরা" (১৯৯৭), "ধূলি ও সাগর দৃশ্য" (২০০০), "রোদ বৃষ্টি অন্ত্যমিল" (২০০৩), "হে মাটি পৃথিবীপুত্র" (২০০৬), "প্রেমের কবিতা" (২০০৮) এবং "পান্থশালার ঘোড়া" (২০১০)। ১৯৯৫-এ তিনি প্রকাশ করেছেন একটি বাছাই সংকলন "নির্বাচিত কবিতা"। কামাল চৌধুরী ২০০৭-এ প্রকাশ করেছেন কবিতাসংকলন "আপন মনের পাঠশালাতে"। আলী রীয়াজের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন সংকলনগ্রন্থ "সত্তর দশকের কবিদের কবিতা" (১৯৯৫)। নির্বাচিত কবিতার দ্বিতীয় সংগ্রন্থনা "কবিতাসংকলন" প্রকাশিত হয় ২০১১ খ্রিস্টাব্দে। এগারোটি গ্রন্থ থেকে নেয়া তিনশত নয়টি কবিতা এ গ্রন্থে সংকলিত।
কামাল চৌধুরী বিংশ শতকের শেষ পাদের অন্যতম কবি যার কাব্যচেতনা সম্পূর্ণাংশে আন্তরিক এবং প্রকাশভঙ্গী সুসংহত। তিনি তাঁর প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন। ২০১২ তে অর্জ্জিত বাংলা একাডেমী পুরস্কার তাঁকে প্রক্ষিপ্ত করেছে পাদপ্রদীপের তীব্র আলোতে। এর আগে তিনি পেয়েছেন অনেক কয়টি পুরস্কার এবং সম্মাননাঃ যেমন, 'রুদ্র পদক' (২০০০), 'সৌহার্দ্য সম্মাননা' (পশ্চিমবঙ্গ) (২০০৩), 'কবিতালাপ সাহিত্য পুরস্কার' (২০০৪), 'জীবনানন্দ পুরস্কার' (২০০৮), 'সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার' (২০১০) এবং 'দরিয়ানগর কবিতা সম্মাননা' (২০১০)।
৩
কামাল চৌধুরী কবিতাকে খুঁজেছেন জীবনের ভেতর। জীবনানন্দের মতোই তিনি বিশ্বাস করেন "কবিতা ও জীবন একই জিনিসেরই দুই রকম উৎসারণ।" নিসর্গ ও পরিপার্শ্ব, অভিজ্ঞতা ও স্মৃতি তাঁর মনে কবিতার বীজ বুনে দেয়। কামাল চৌধুরী নদীর কাছে গল্প শোনেন; প্রেমিকাকে মনে হয় 'হৃদয়ে নোঙ্গর ফেলা পুষ্পপ্রিয় কুমারী জাহাজ'; প্রেমিকাকে পাওয়ার লক্ষ্যে মাছের কানকোয় ভেসে পাড়ি জমান; তিনি মনে করেন 'অন্ধকারকে শুকোতে দিতে হয় আলোয়'। অন্যদিকে তার মনে হয়: "ভালবাসা যার নাম সেই পথ মনুষ্যবিহীন"। শ্রমিকের ঘামের গন্ধে তিনি অনুভব করেন মৃগনাভি ঘ্রাণ। তাঁর কাছে মনে হয় "গণিকার মতো পীড়নচিহ্ন নিয়ে মাথার ওপর জেগে আছে চাঁদ"; ক্ষুধার্ত জনপদে শস্যহীন প্রান্তরকে মনে হয় শীতের ওষ্ঠের মতো ফাটা; রবীন্দ্রনাথকে উদ্দ্যেশ ক'রে তিনি বলেন, "পূজার প্রদীপ নিয়ে দাঁড়াবার দিন শেষ হলো কবি / আজ শুধু পদতলে মাটি খুঁজে বেড়াবার দিন"। কখনও নিজ জীবনকে মনে হয় লবণাক্ত সমুদ্রে ভাঙা জাহাজের কাঠে ভেসে ভেসে থাকা। তাঁর মনে হয় "দূরে কোথাও অস্পষ্ট রাখালের কবিতা লিখতে লিখতে/ বটপাতার ছেলেমেয়েরা ঝরে যাচ্ছে উণ¥ুক্ত পাঠশালা থেকে"। তিনি নিজেকে বর্ণনা করেন এই বলে: "এই দেশে আমি আছি রক্তভেজা এই জনপদে / সহস্র মৃত্যুর সঙ্গে প্রতিদিন দেখা হয়ে যায় / তবু আমি ভয়হীন দীপ্র-বর্ণ অনার্য যুবক / অনায়াসে ছিন্ন করি হাতকড়া।" এই ধরনের অজস্র বর্ণনায় উঠে এসেছে বাংলাদেশ, পৃথিবী এবং এবং একজন গ্রামছুট, নস্টালজিয়ায় আক্রান্ত আধুনিক মানুষের প্রতিকৃতি যার নাম কামাল চৌধুরী।
কবিতা রচনা সম্পর্কে কামাল চৌধুরীর ধারণা স্বচ্ছ। অধ্যয়ন থেকে তিনি জেনেছেন প্রেম, প্রকৃতি, মানুষ, দেশকাল, ক্ষুধা, যৌনতা, যুদ্ধ, জন্ম-মৃত্যু এসবের বাইরে মৌলিক বিষয় খুব বেশী নেই। তাঁর নির্ভুল উপলব্ধি: "কবিকে দাঁড়াতে হয় বহু ব্যবহৃত বহু চর্চিত অথচ বিস্তৃত অসীম বলয়ে নতুন কিছু সৃষ্টির উন্মাদনায়। শুধু আবেগ ও স্বতঃস্ফূর্ততায় কবিতা হয় না–কবিতার স্বাভাবিক ব্যাকরণ, কাব্য বিবর্তনের ইতিহাস, প্রকরণ, ছন্দ ও অলংকার সম্পর্কেও সম্যক অবহিত থাকতে হয়"। এই উপলব্ধি একজন আধুনিক কবির জন্য গুরুত্বপূর্ণ কারণ একবিংশ শতকের উন্মেষকালে প্রায় এক শতাব্দীর চর্চার মধ্য দিয়ে বাংলা আধুনিক কবিতার একটি ঐতিহ্য কেলাসিত হয়েছে। জীবনানন্দ দাশ শত শত কবিতায় দেখিয়ে গেছেন কী ক'রে একজন কবি নতুন দিগন্ত আবিস্কার ক'রে তবেই অমৃতের দাবীদার হতে পারেন। আমরা লক্ষ্য করি এমনকী নির্মলেন্দু গুণের মতো দক্ষ কবিও একজন মহৎ কবির এবম্বিধ দিঙনির্ণয়ী ভূমিকা সম্পর্কে অনবহিত থেকেছেন।
কবিতা লেখা সম্পর্কে কামাল চৌধুরী জানিয়েছেন, "একটা জীবন সাত-পাঁচ না ভেবেই কাটিয়ে দিয়েছি কবিতার জন্য"। ঘনিষ্ঠ পাঠক জানেন কামাল চৌধুরীর জীবন ও মনন জুড়ে রয়েছে কবিতার মোহময় প্রতিপত্তি; রাজনীতি ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পঙ্কিলতা অগ্রাহ্য ক'রে তাঁর মানবিক কবিসত্তা অটুট থাকে। কবিতাই তাঁর জীবন রীতির প্রধান উপচার, জীবনের প্রধান শাসক, নিয়ামক। সমসাময়িক কালের প্রভাবশালী কবি শামসুর রাহমানের কবিতা তাঁকে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল; কিন্তু অধিগত ক'রে ফেলেনি। শামসুর রাহমান সর্বাংশে নাগরিকতায় আচ্ছন্ন, কামাল চৌধুরী নাগরিক কিন্তু তাঁর চৈতন্যের নোঙ্গর গ্রাম বাংলার মাটি ও সবুজের মায়ায় গেঁথে আছে; তাঁর বিবেকিতা সামাজিক অঙ্গীকারে নিবিড়। তিনি কবিতাকে খুজেঁছেন জীবনের ভেতর। কবিতার জন্য প্রেরণা গুরুত্বপূর্ণ। এই প্রেরণা এসেছে স্বীয় চেতনার অন্তরলোক থেকে। এই চেতনার স্বাক্ষর কয়েকটি পংক্তি এরকম: "চলেছি তিমির পিঠে সমুদ্র কী ভয়ানক নাচে/ দিগন্তে অধরা ঢেউ লক্ষ লক্ষ শব্দ মালা গাঁথে/ সৈকতে আছড়ে পড়ে জলোচ্ছ্বাস, অক্ষরের স্রোত,/ নারকেল বনে ঝড় আর বৃষ্টি পাহাড়তলিতে"। প্রকৃতির অন্তরঙ্গতা তাঁর কবিতার সর্ব্বাঙ্গ জড়িয়ে আছে যেমন নদীর বুকে থাকে দুপুরের নির্মেঘ আকাশের ছায়া।
তিনি কবিতা নির্মাণ করেন না, কারণ কবিতা হয়ে উঠবার বিষয়। অভ্যাসের দায় কামাল চৌধুরীর কবিতার প্রসূতিগার নয়। কামাল চৌধুরী সধৈর্য অপেক্ষা করেন কবিতা বীজের জন্য যা অঙ্কুরিত হয় হৃদয়ে, অপেক্ষা করেন শব্দের জন্য কেননা উপযুক্ত শব্দ ব্যতিরেকে হৃদয়ানুভূতি পাঠকগ্রাহ্য ক'রে তোলা যায় না। তিনি অপেক্ষা করে সেই মাহেন্দ্র ক্ষণের জন্য যখন অনায়াসে পংক্তির পর পংক্তি ধরা দেবে আর তা তিনি কাগজে লিখে নেবেন। তাঁর ভাষায়: "প্রতিটি শব্দের জন্য হাত তুলে থাকি প্রার্থনায়/ দাও ভিক্ষা দাও, বর দাও, অনন্ত মাধুর্য দাও…."। (শব্দ, পৃ: ৯৪)

৪
রবীন্দ্র-জীবনানন্দ পরবর্তী সময়ে কবিতা বিচারের অন্যতম হাতিয়ার কাব্যভাষার নিজস্বতার সন্ধান। নিবিড় পর্যবেক্ষণে প্রতীয়মান হয় রবীন্দ্র-জীবনানন্দ সংশ্লেষণে কামাল চৌধুরীর একটু পক্ষপাতিত্ব আছে জীবনানন্দ'র প্রতি। এই বক্তব্যের সমর্থনে 'কবির রাত্রি' কবিতাটি পাঠ করা যেতে পারে:
কবিতার ছায়া নড়ে, অশ্বডিম্ব হেসে খেলে বসে
কেদারায়। চেয়ে থাকে তরুণ সহিস, রাত্রি হাসে
সিগারেট পয়সা জ্বালায়। দিতে পারে লাল বল
মার্বেলের আংটি খেলা বালক বয়সে ছিলে খুব
লক্ষ্যভেদী, কোঁচড়ে জমতো প্রতিদ্বন্ধী বালিক
সোনাদানা, কান্না-জল, রুলটানা ভোর। মনে পড়ে
তার পিছে কতবার হেঁটেছিলে? তখন সবুজ
মাঠ আলোকিত হতো শতবার, আজ সব স্মৃতি
হারিয়ে গিয়েছে এই শহরের দৈন্য মেখে মেখে
এখন কি কেঁদে পাবে নাগরিক কবিতার পথে?

('কবির রাত্রি', "কবিতাসংগ্রহ", পৃষ্ঠা নং ১১৯)
এ কবিতায় অলক্ষ্যে পড়েছে জীবনানন্দীয় কাব্যভাষার ছায়াপাত। কামাল চৌধুরীর কবিতায় 'রুলটানা ভোর' এর মতো বহু অনন্যসাধারণ চিত্রকল্প আছে যেগুলো একটানে উদ্ভাসিত করে বিরাট একটি জীবনচিত্র। তবে পাঠকের দৃষ্টি এড়াবে না যে উপর্যুক্ত 'কবির রাত্রি' কবিতায় যে জীবনানন্দীয় কাঠামো প্রত্যক্ষ হয় তা সর্বাঙ্গে অপসৃত 'তোমাদের প্রেমের যাত্রা শুরু হোক' কবিতাটি থেকে।
যখন সংগীতে মোহাবিষ্ট, যখন উল্লাসের মধ্যে আমরা বিজয়ী
যখন থিতু হয়ে আসছে সবকিছু, সময়ের দুর্দমনীয় চিহ্ন
যখন ছাইচাপা করোটি হয়ে উঠছে সপ্রাণ
তখন সেই চক্রতত্ত্ব, ক্রূর বক্র প্রথাগত ধূর্ত নিয়তি
সুযোগ বুঝে আমাদের নিস্তব্ধতার মধ্যে জ্বালিয়ে দিল
হা-মুখ আগুন
আর আমরা মৃত্যুর সামান্য দূরত্বে থেকে
আরো একবার পুড়তে পুড়তে পতঙ্গপ্রাণ
আমাদের শ্রম, ঘাম, অভিজ্ঞতা, বন্ধনের দীর্ঘ সেতুপথ
আবার উড়তে থাকল ছাইভস্মে
অন্ধকারে সূর্য অভিমুখে…

('সূর্যাস্ত', পৃষ্টা নং ১৮২,)।
'তোমাদের প্রেমের যাত্রা শুরু হোক' কামাল চৌধুরীর শ্রেষ্ঠ রচনাগুলোর একটি। এটি পড়তে পড়তে কখনো কখনো রবীন্দ্রনাথের 'পৃথিবী' কখনো-বা আবু জাফর ওবায়দুল্লাহর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ওঠে। বাণী ও বক্তব্য উভয় বিবেচনায় এটি একটি অনবদ্য রচনা। একইসঙ্গে এটি অরাবীন্দ্রিক, অ-জীবনানন্দীয়। ১৯৯৭-এ বিরচিত এ কবিতাটি সঙ্গীতমুখর;– বাণী ছাপিয়ে শব্দ হয়ে উঠেছে প্রবল, শব্দগুলির ধ্বনিমুর্চ্ছনা কবিতাটিকে দিয়েছে এক অনন্যসাধারণ সাঙ্গেতিকতা। কবিতাটি ২০০০-এ প্রকাশিত "ধূলি ও সাগর দৃশ্য" কবিতাগ্রন্থে সংকলিত। এই সূত্রে 'হাড়ের গল্প' কবিতাটির কথাও স্মরণীয়। এটি একটি দীর্ঘ কবিতা। দীর্ঘ কবিতাতেই কবিশক্তির চরম পরীক্ষা। এই পরীক্ষায় উৎরে গেছেন কামাল চৌধুরী: টানা ছন্দোময় গদ্যে দ্রুত চালে কামাল লিখে গেছেন পংক্তির পর পংক্তি;– পাঠককে ধাওয়া করে শব্দের সুর, পুরো কবিতা একটি দীর্ঘ মন্ত্রের মতো অনি:শেষ অনুরণন তুলে যায়।
এই তো হাড়ের গল্প। আজ রাতে বিচ্ছিন্ন বধির
পরশ্রীকাতর মাংস এতদিন আঁঠাল স্বভাবে বেঁধে রেখে
আজ ফিরিয়ে নিয়েছে তার অন্ধমুখ।
বন্ধু থেকে শত্রু থেকে এক অচেনা পৃথিবী
লোহার গারদ ভেঙে উড়ে যাচ্ছে দ্রোহী সাদা পাখি
ছিন্নভিন্ন অস্থি থেকে লাফিয়ে নির্গত আজ মজ্জার আগুন
রাত তবে দগ্ধ হও, জ্বলো, ওঠো
উন্মাদের গৃহকোণে দাবানল লাগিয়ে দিয়েছে আজ
বেহেড মাতাল
মায়া তৈরি হও, মাথা পেতে রাখো খঞ্জরের নিচে
আজ রাতে গিলোটিন তোমার নিয়তি।

('হাড়ের গল্প', পৃ: ১৭১-১৭৫)
এই দীর্ঘ কবিতাগুলো কামাল চৌধুরীর অনন্য সম্পদ। 'মেঘ ও ধূলি সম্পর্কের কবিতা' (পৃ: ২১১-২১৬) আরেকটি দীর্ঘ কবিতা–সম্ভবত সবচেয়ে দীর্ঘ। রবীন্দ্রনাথের কাছে কামাল চৌধুরী নিয়েছেন ছন্দ। তাঁর গদ্যকবিতা ছন্দিত, মাত্রাজ্ঞান তীক্ষ্ণ। বস্তুত 'ধূলি ও সাগর দৃশ্য' কাব্যগ্রন্থের দীর্ঘ কবিতাগুলো পাঠে প্রতীয়মান হয় কামাল চৌধুরী একটি কাব্যভাষা খুঁজে পেয়েছেন যা কেবল তাঁর আয়ত্বই নয়–এই ভাষা তাঁর অনুভূতি ও উপলব্ধির অনুকূল। এই ভাষা গদ্যময় কিন্তু ধ্বনিহিল্লোল ঋদ্ধ; গদ্যময় কিন্তু অর্থভারে অবসন্ন নয়। তিনি সৌভাগ্যবান কেননা রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ মুখোমুখি হয়ে যে সমস্যা তাঁকে আক্রান্ত করেছে তার একটা সুরাহা হয়েছে। বরং সচরাচর যে বাণীপ্রাধান্য অনিবার্য হয়ে উঠতে দেখা যায় তার পরিবর্তে এক ধরনের সাঙ্গেতিকতা এই কবিতাগুলোকে দান করেছে ধ্বনিবৈভব। শব্দ কেবল অর্থের আধার নয়, এবং কেবল উচ্চারণযোগ্যতার মধ্যেই এর সম্ভাবনা নিঃশেষিত হয়ে যায় না। অন্যদিকে ছন্দ কেবল মাত্রাজ্ঞানের বিষয় নয়। একদিকে শব্দের নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে শব্দের কৌশলী বিন্যাস সৃষ্টি করতে পারে সাঙ্গেতিকতা যা কবিতাকে নিয়ে যেতে পারে অনুভবের সূক্ষতর স্তরে, পাঠকের জন্য যা পরম কাক্সিক্ষত। আমরা প্রত্যক্ষ করি কামাল চৌধুরীর কবিতায় শব্দ থেকে শব্দে, পদ থেকে পদে, পংক্তি থেকে পংক্তিতে ধ্বনির এমন এক প্রবহমানতা সৃষ্টি হয়েছে যা চিত্ত ভাসিয়ে নিয়ে যায়। রবীন্দ্রনাথের "পত্রপুট"-এ প্রথম প্রত্যক্ষ হয় এরকম একটি শব্দতরঙ্গ প্রবাহ। মানবদেহের মধ্যে কোথাও একগুচ্ছ তারের বীণা লুকিয়ে থাকে; কবিতার একটি দায় তাতে মূর্চ্ছনা তোলা। শিল্পের যে সুপ্ত মূল্য তার আবেদন প্রাণের অভ্যন্তরে পৌঁছানোর জন্য বাহন চাই। ধ্বনি এই বাহন। কামাল চৌধুরীর কবিতার অন্যতম সমৃদ্ধি ক্রমান্বয়ী ধ্বনিময়তা:
প্রার্থনার এই ভাষা; ভূকম্পনে জীবিত কবিতা
এভাবে গোপন থেকে সুড়ঙ্গের মায়ামুখে আসে
পাখিকে পাঠাই স্ত্রোত্র; অরণ্যের প্রেমপত্র পাঠে
সবুজের সুর-জ্ঞান, বিহঙ্গের ডানার আওয়াজে
এ লেখা নক্ষত্রস্রোত: ও কুসুম, আমার চুম্বনে
বণিকের চাঁদ থেকে বনস্থলি ঢের আলোকিত।

(পাখিকে পাঠাই পত্র, পৃষ্ঠ ২৪১)

৫
আমরা যখন জীবনানন্দকে রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করি–হয়তো কথাটি জীবনানন্দের প্রতি পক্ষপাতিত্বের মতো শোনাবে–তখন প্রতীয়মান হয় জীবনানন্দ প্রায়শ: পরিচিতকে অপরিচিত ক'রে দিয়েছেন। এবং একজন পাঠক যখন পরিচিত'র সঙ্গে জীবনানন্দ-সৃষ্টি অপরিচিত'র অভিন্নতা আবিস্কার করে তখন উল্লাস অনুভব করে। এই উল্লাস আবিস্কারের উল্লাস বা বিস্ময়ের আনন্দ যাই হোক না কেন একজন কবির পরম লক্ষ্য তো তাই-ই যে তার কবিতাটি পাঠকের হৃদয়ে তরঙ্গাভিঘাত সৃষ্টি করতে সক্ষম হবে। এই অভিঘাত তীব্র হবে যত ততই কবির সার্থকতা। "হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে"–এই যে অমর বাক্য–জীবনানন্দ দাশ লিখবার আগে আমাদের কারো অনুভাবনায় আসেনি যে বিংশ শতাব্দীর মানুষের জীবন ক্লান্তিকর ও একঘেঁয়ে পথ চলবার মতো। জীবনানন্দ যখন মাহীনের ঘোড়ার জীবনের সঙ্গে মানবজীবনের তুলনা করেন–তখন আমাদেরও মনে হয় আমাদের অস্তিত্ব মাহীনের ঘোড়ার মতই অনর্থক, তাৎপর্যহীন। প্রেয়সীর চোখ যে পাখির নীড়ের মতো হতে পারে–জীবনানন্দই আমাদের শেখালেন এবং এরকম অজস্র প্রতীকতা সৃষ্টি হলো তার কবিতায়, অজস্র চেনা শব্দ অর্জন করলো নতুন শব্দার্থ।
কামাল চৌধুরী যখন লেখেন 'শেষরাতে মরু-প্রান্তরকে মনে হয় কাশবন' তখন এই তুলনায় আমাদের সামনে নতুন একটি সত্য উদঘাটিত হয় যদিও তা যাচাই করে দেখবার জন্য আমরা মরুভূমিতে গিয়ে শেষ রাতে মরুপ্রান্তরের দিকে দৃষ্টি নিক্ষেপের তাগিদ বোধ করিনা। যখন তিনি লেখেন '(শেষ রাতে) কাশবনকে মনে হয় সাদা বকের ডানা' তখন চেনা কাশবনটি নিমিষে অচেনা হয়ে যায়। যখন তিনি লেখেন, '(শেষ রাতে) কাক-জ্যোৎস্না উড়তে থাকে'–তখন জ্যোৎস্নার এই উড়ন্ত ভাবমূর্তিতে কল্পনা ক'রে আমরা আলোড়িত হই। যখন তিনি লেখেন–'তখন একাকীত্ব ও নৈ:সঙ্গের মাঝখানে দিগন্তের দীর্ঘ হাতঘড়ি ক্রমাগত ছুটতে থাকে সংগীতের উৎসের দিকে'–তখন আমাদের কল্পলোকে দিগন্ত একটি ঘড়ি পরা হাত হয়ে যায়–তারপর ছুটতে থাকে। আমরা যেভাবে চিনি মরু-প্রান্তরকে তা' বদলে দিয়েছেন কবি; যেভাবে চিনি কাশবনকে তা বদলে গিয়েছে কলমের টানে; দিগন্ত জোড়া জ্যোৎস্না ধবল বকের মতো আকাশে েেয়ছে, আর দিগন্ত রেখা ঘড়িপরা ধাবমান হাতে পরিণত হয়েছে। কাশবনকে সাদা বকের ডানা রূপে কল্পনা করা যত সহজ দিগন্তকে ঘড়ি পরা ধাবমান হাতরূপে কল্পনা করা তত সহজ নয়। কাশবনের সঙ্গে সাদা বকের সার্থকতা অনুধাবনের চেয়ে কাক-জ্যোৎস্নার সঙ্গে উড়ন্ত পাখির তুলনা কিছুটা কঠিন, তার চেয়েও কঠিন মনে হয় আকাশজোড়া দিগন্তকে হাত ভেবে কব্জিতে ঘড়ি ঝুলিয়ে দেয়া বিদগ্ধ কবিতা পাঠকের কাছে–আমার তো মনে হয়–এই দুরূহতাই কবিতার পাঠকের জন্য অধিকতর তৃপ্তির উৎস।
কামাল চৌধুরীর কবিতায় যখনই পরিচিত হয়েছে অপরিচিত, চেনা হয়ে গেছে অচেনা তখনই ফুটে উঠেছে একটি আনন্দদায়ক ছবি; কবিতাটি হয়ে উঠেছে আকর্ষণীয়। জীবনানন্দ পড়ে আমরা জেনেছি কবির কাজ হচ্ছে আমাদের প্রতিদিনের চেনা জগৎটাকে অচেনা ক'রে তোলা। কোলকাতার রাত্রিতে অন্ধকারে কত শত মানুষ রাস্তা মেপে বাড়ি ফেরে, কেউ যায় স্টেশনে, কেউ হাসপাতালে। জীবনানন্দ প্রত্যক্ষ করলেন: "হাইড্র্যাণ্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল / অথবা সে হাইড্র্যান্ট হয়তো বা গিয়েছিল ফেঁসে / এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে / একটি মোটরকার গাড়লের মতো গেল কেশে / অস্থির পেট্রল ঝেড়ে –সতত সতর্ক থেকে তবু / কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে/ তিনটি রিকশা ছুটে মিশে গল শেষ গ্যাসল্যাম্পে / মায়াবীর মতো জাদু বলে।"
কামাল চৌধুরী যখন লেখেন "সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকলে দিগন্ত চোখে পড়ে। আকাশকে মনে হয় খুব কাছে/ আকাশকে মনে হয় বান্ধবীর হাত ঘড়ি, যার মুহূর্তের কাঁটা সরলরেখার মতো ছুটতে থাকে সংগীতের উৎসের দিকে–তখন আমরা এই কবির কবিত্বশক্তি সম্পর্কে নি:সন্দেহ হতে পারি। আমাদের অভ্যস্ত দৃষ্টিকে তিনি নাড়িয়ে দিতে পারেন, পাল্টে দিতে পারেন আমাদের অভ্যস্ত অভিজ্ঞতাকে। যা আমরা দেখেছি অথচ দেখতে পাইনি তা যেন তিনি দেখিয়ে দিতে পারেন কবিতার শব্দ সাজিয়ে:
বাড়ি ফিরতে দেরী হলো, তুমি বললে 'এটা বাড়ি নয়'
কেন নয়? এ তো বাড়ি! ত্রিভূবন কুয়াশার গ্রাম?
হেমন্তে এসেছি আমিপূর্ণ চাঁদ, কার্তিকের পথে
এখন আলোককণা ছুটতে ছুটতে বরফের দেশে
কাতর, অচেনা রাতে। সব বাড়ি বাড়ি নয় আজ।