ম্যাথু আর্নল্ড-এর কবিতা: অবিনশ্বরতা
মুল: ম্যাথু আর্নল্ড
বাংলা ভাষান্তর: আবদুস সেলিম
পরিবেশের প্রত্যাঘাতে আমরা যখন কাতর, ক্লান্ত হয়ে,
এই নিষ্ঠুর বিশ্ব থেকে চাই পরিত্রাণ নিজ পথে,
ধৈর্যে বুক বাঁধি আর এক জীবনের প্রত্যাশায়,
ভাবী, পৃথিবীটা তো ধ্বংস হবেই, আমরাও হবো পুনরুজ্জীবিত।
পুনরুত্থিত আমাদের থাকবে না কি কোন অভিযোগ
ওভাবে বিশ্ব ছেড়ে চলে গেছি বলে? কিম্বা ওরা,
যারা পারেনি প্রতিদিনের তীব্র দহন থেকে নিজেকে বাঁচাতে,
করবে কি তারা স্বর্গের নতুন অনুভবের সূর্যোদয়ে অবগাহন?
না, সেটা তো হয় না! জীবনের সেই সব আয়োজন হয়তো
জীবনের ওপারেও প্রলম্বিত হয় কিছু, কিন্তু হয় না নতুন করে শুরু,
বেঁচে থেকে যার ছিলনা কোন অভিযোগ এই পৃথিবীতে,
জন্মজন্মান্তরের উদ্যম নিয়ে সেই হতে পারে অগ্রসর,
হৃদয়ের সুপ্ত নির্মাল্য, আর পরিশুদ্ধ আশার সঞ্চয়ে,
অল্প মানুষই তো পাড়ি দিতে পারে অবিনশ্বর অনন্তকাল।
