এডওয়ার্ড লিয়ার-এর লিমেরিক
হোসাইন রিদওয়ান আলী খান-এর বাংলা অনুবাদে একগুচ্ছ লিমেরিক
১.
আছে এক বুড়ো লোক, ফালতু ও বোকাটে;
সারাদিন বসে’ রয় খিল এঁটে কপাটে;
যদি-বা জানালা খোলে,
কী যে আজেবাজে বোলে,
‘ভেগে যা তফাতে’ বলে’ হাঁক পাড়ে সপাটে।
২.
এক বুড়ো, তার মুখে দাড়ি কত!
লোকে বলে — “ঘোড়াটাতে চড়েছ তো
পিছে ঠিক পড়ে’ যাবে,
টিকবে না কোনও ভাবে,
ভাবি কী যে দশা হবে পড়েছ তো।”
৩.
আছে এক নাকু বুড়ো, বসে’ তার নাকটায়
কত পাখি গান গায়, আর ডানা ঝাপটায়;
ভাগ্য যে সাঁঝ হলে
পক্ষীরা যায় চলে’,
নইলে কি নিস্তার ছিল সারা রাতটায়?
৪.
কোথা হতে এল বুড়ো লাট-বেশে।
শুধু গোড়ালির ভরে হাঁটবে সে।
বলে তারা — “কী কারণে?”
বলল সে — “নেই মনে।”
বলে তারা — “কতদিনে কাটবে সে!”
৫.
বুড়ো এক লোক, তার পেটে ছিল ভুঁড়ি।
মুখ তার বড়, যার নেই কোনও জুড়ি।
একদিন তার ‘ডিশ’-এ
মাছ ছিল গোটা বিশে;
গলাতে তা আটকালে, পড়ে হুড়াহুড়ি!
৬.
সদর দুয়ার রইল আঁটা, চোরের ভয়টা থাকছে না,
এই না ভেবে শয়ন নিল বৃদ্ধ কিরণ সাক্সেনা;
কিন্তু বিরাট ইঁদুর দুটো
হ্যাট খেল তার, এবং সুট-ও;
বলল বুড়ো-- “গরম বেজায়, হ্যাট কোট আর লাগছে না।”
