জেরুজালেম সম্বন্ধে: উপন্যাস ও ইউরোপ
সদ্যপ্রয়াত চেক-ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরার প্রবন্ধের অনুবাদ।
মূল: মিলান কুন্দেরা
বাংলা অনুবাদ: মাহীন হক
[১৯৮৫ সালে সাহিত্যে ‘জেরুজালেম’ পুরষ্কার’ পাওয়ার পর এই বক্তৃতাটি দেন মিলান কুন্দেরা।পরবর্তীতে তা গ্রন্থিত হয় ১৯৮৬ সালে প্রকাশিত ‘দি আর্ট অফ দ্য নভেল’ গ্রন্থে।
কুন্দেরার মতে সকল শিল্পের মধ্যে সবচেয়ে ইউরোপীয় শিল্প হলো উপন্যাস। এই বক্তৃতায় সে এই মহৎ ইউরোপীয় শিল্প, অর্থাৎ উপন্যাসের নিজস্ব ইতিহাস, তার স্বকীয় প্রবণতা ও মানব-অস্তিত্বের জটিলতম ধাঁধাগুলোর উত্তরে উপন্যাসের অবস্থান সম্পর্কে নিজের ভাবনাগুলো ব্যক্ত করেন। এছাড়াও ইউরোপের মহত্তম ঔপন্যাসিকদের ফেলেন তার নিপুণ অনুবীক্ষণ।]
মিলান কুন্দেরা: জন্ম ১৯২৯ সালের ১লা এপ্রিল। যদিও জন্মসূত্রে তিনি চেক, কিন্তু ১৯৭৫ সালে ফ্রান্সে নির্বাসনে চলে যাওয়ার পর থেকে নিজেকে ফরাসি লেখক বলেই পরিচয় দিয়ে থাকেন। বিখ্যাত গ্রন্থ: দ্য জোক, দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিইং, দ্য বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং, ফেস্টিভাল অফ ইনসিগ্নিফিকেন্স, এবং আরো অসংখ্য।
ইজরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক যে আন্তর্জাতিক সাহিত্যের জন্য দেয়া হয়, তা আমার মতে নিতান্ত কাকতালীয় কোনো ঘটনা নয়, বরং তা এক দীর্ঘ ঐতিহ্যের অংশ। নিজেদের শিকড়ভূমি হতে নির্বাসিত হয়ে থাকা নিঃসন্দেহে তাদেরকে জাতীয়তাবাদী আবেগের অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। সকল মহৎ ইহুদী ব্যক্তিত্ব চিরকাল এক মহা-জাতীয়তাবাদী ইউরোপের স্বপ্ন দেখেছেন—যে ইউরোপ কেবল একটা ভূখণ্ড না, বরং গোটা একটা সংস্কৃতি। ইউরোপ ইহুদীদের থেকে এমন মর্মান্তিকভাবে মুখ ফিরিয়ে রাখার পরেও তারা এই ইউরোপীয় সার্বজনীনতায় আস্থা হারায়নি। আর অবশেষে তাদের ফিরে পাওয়া ছোট্ট মাতৃভূমি, ইজরায়েলকে আমার মনে হয় ইউরোপের সত্যিকারের হৃদয়—এক স্বতন্ত্র হৃদয় যা তার শরীরের বাইরে অবস্থিত।
আজ আমি গভীর আবেগের সাথে এই পদক গ্রহণ করছি, যা ধারণ করে রেখেছে জেরুজালেমের নাম এবং সেই মহৎ ইহুদী বিশ্বনাগরিক চেতনা। এবং এটা আমি গ্রহণ করছি একজন ঔপন্যাসিক হিসেবে। নিজেকে আমি ঔপন্যাসিকই বলি, লেখক না। ফ্লবেয়ারের মতে ঔপন্যাসিক হলেন তিনি, যিনি নিজের কাজের পেছনে হারিয়ে যান, অর্থাৎ যিনি পাব্লিক ফিগারের ভূমিকাকে অস্বীকার করেন। আজকের যুগে এ কাজ একদমই সহজ নয়, বিশেষত যখন কোনো ন্যূনতম গুরুত্ববহ ঘটনাই মিডিয়ার অসহ্য নজর এড়াতে পারে না। এর ফলে ফ্লবেয়ারের নীতির একদম উল্টোটা ঘটে, অর্থাৎ লেখকের কাজই বরং লেখকের পেছনে হারিয়ে যায়। এটা এমন এক পরিস্থিতি, যা কারো পক্ষেই পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব না, এসময়ে আমার কাছে ফ্লবেয়ারের কথাটাকে একটা সতর্কবার্তা বলে মনে হয়: নিজেকে পাব্লিক ফিগারের ভূমিকায় দাঁড় করানোর মাধ্যমে ঔপন্যাসিক নিজের কাজকেই হুমকির মুখে ফেলেন; এর ফলে তার কাজ হয়ে পড়ে তারই ব্যক্তিগত কর্মকাণ্ড ও বক্তব্যের লেজুড়। একজন ঔপন্যাসিক কারোর মুখপাত্র নন, এমনকি আমি এতদূর পর্যন্ত বলতে চাই সে নিজের ধ্যানধারণারও মুখপাত্র নন। তলস্তয় যখন অ্যানা কারেনিনার প্রথম খসড়াটা দাঁড় করালেন, তখন অ্যানা ছিল প্রচণ্ড অবিবেচক ও সহানুভূতিহীন এক মহিলা, এবং তখন তার মর্মান্তিক পরিণতিটাকে ন্যায্য ও তার প্রাপ্য বলেই মনে হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু উপন্যাসটার সর্বশেষ সংস্করণে অ্যানা একদমই অন্যরকম হয়ে যায়। আমার তবু এমন মনে হয় না যে উপন্যাসটা লিখতে লিখতে শেষ পর্যন্ত তলস্তয়ের নৈতিক ধ্যানধারণা বদলে গেছিল। আমার বরং মনে হয় বইটা লেখার সময় তলস্তয় নিজের ব্যক্তিগত নৈতিক আদর্শের ঊর্ধ্বে গিয়ে অন্য কোনো কণ্ঠস্বর শুনছিলেন। সেই কণ্ঠস্বরের নাম আমি দিতে চাই উপন্যাসের প্রজ্ঞা। প্রতিটি সত্যিকারের ঔপন্যাসিকই এই অতি-ব্যক্তিক কণ্ঠটি শুনতে পায়, হয়তো সেজন্যই মহৎ উপন্যাসগুলো তাদের লেখকদের চাইতে কিছুটা হলেও বেশি প্রজ্ঞাবান। যে ঔপন্যাসিকরা নিজেদের উপন্যাসের চেয়ে বেশি প্রাজ্ঞ তাদের লেখালেখি বাদ দিয়ে অন্য কোনো কাজ খুঁজে নেয়া উচিৎ।
কিন্তু কী সেই প্রজ্ঞা? উপন্যাস আসলে কী? একটা যুৎসই ইহুদী প্রবাদ আছে: মানুষ চিন্তা করে, আর ঈশ্বর হাসেন। এই প্রবাদ থেকে অনুপ্রাণিত হয়ে আমার কল্পনা করতে ভালো লাগে যে, ফ্রাঁসোয়া রাব্লেই একদিন ঈশ্বরের অট্টহাসি শুনতে পান, এবং সেইদিনই ইউরোপের প্রথম মহৎ উপন্যাসের ধারণা জন্ম নেয়। আমার ভাবতে ভালো লাগে যে শিল্প হিসেবে উপন্যাসের জন্ম হয়েছিল ঈশ্বরের হাসির প্রতিধ্বনিতে।
কিন্তু মানুষকে চিন্তা করতে দেখে ঈশ্বর কেন হাসেন? কারণ মানুষ যেই মুহূর্তে চিন্তা করা শুরু করে, ঠিক তখনই সত্য তার হাত গলে ছুটে যায়৷ কারণ মানুষ যতই চিন্তা করে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের চিন্তার ফারাক তত বাড়তে থাকে। এবং সর্বশেষ কারণ, মানুষ নিজেকে যা ভাবে সে মোটেই তা নয়। মধ্যযুগ থেকে বের হয়ে আধুনিক যুগের প্রাক্কালে মানুষের এই নতুন মৌলিক অবস্থা উন্মোচিত হয়: দন কিহোতে চিন্তা করে, সাঞ্চো চিন্তা করে, এবং সেই সাথে সাথে কেবল পৃথিবীর সত্যই না, তাদের ব্যক্তিগত সত্যও তাদের হাত থেকে ছুটে যায়। ইউরোপের প্রথম ঔপন্যাসিকরা মানুষের এই নতুন অবস্থা দেখতে ও বুঝতে পেরেছিলেন, এবং এর উপর ভিত্তি করেই তারা তৈরি করলেন নতুন এক শিল্প, উপন্যাসের শিল্প।
ফ্রাঁসোয়া রাব্লেই বেশকিছু নতুন শব্দ আবিষ্কার করেছিলেন যা ধীরে ধীরে ফরাসি ও অন্যান্য ভাষায় ঢুকে পড়েছে। কিন্তু তার একটি শব্দ আজ সবাই ভুলে যেতে বসেছে, এবং ব্যাপারটা বেশ দুঃখজনক। শব্দটা হলো রামগরুড়* (agelaste); এর উৎপত্তিস্থল গ্রিক, এবং এর অর্থ হলো এমন কেউ যে কখনোই হাসে না, যার মধ্যে কোনো রসবোধ নেই। রাব্লেই এই রামগরুড়দের সহ্য করতে পারতেন না, এমনকি ভয়ও পেতেন। তিনি অভিযোগ করেছিলেন যে রামগরুড়েরা তার সাথে এত ভয়ানক দুর্ব্যবহার করেছিল যে সে প্রায় আজীবনের জন্য লেখালেখি বাদ দিয়ে দিতে বসেছিলেন।
ঔপন্যাসিক ও রামগরুড়দের মধ্যে কোনোপ্রকার শান্তি স্থাপন হওয়া সম্ভব না। যেহেতু ঈশ্বরের হাসি কোনোদিন পৌঁছায়নি তাদের কানে, তাদের কাছে সত্যকে মনে হয় স্পষ্ট ও নিখাঁদ। তারা মনে করে পৃথিবীর সব লোক নির্ঘাত একইরকম ভাবে। এবং তারা মনে করে নিজেদেরকে তারা যেরকম ভাবে তারা ঠিক তেমনই। কিন্তু আদতে সকল সত্যের প্রতি নিশ্চয়তা হারিয়ে ফেলা, অন্য সবার ভাবনার সাথে নিজের ভাবনার বিচ্যুতির মধ্য দিয়েই একজন আলাদা ব্যক্তিমানুষ হয়ে ওঠে। উপন্যাস হলো এই বিচ্যুত ব্যক্তিমানুষের কল্পিত স্বর্গলোক। এ হলো এমন এক গহীন অঞ্চল যেখানে সত্যের উপর কারোই দখল নেই, অ্যানারও না, কারেনিনেরও না। তবু এখানে প্রত্যেকেরই সে অধিকার আছে যে কেউ তাকে বুঝবে, অ্যানা ও কারেনিন দুজনেরই।
গার্গ্যান্টুয়া অ্যান্ড প্যাতাগ্রুয়েল বইটার তৃতীয় অধ্যায়ে ইউরোপের ধারণকৃত সর্বপ্রথম মহৎ ঔপন্যাসিক চরিত্র, প্যানিউর্গকে একটি প্রশ্ন কুঁড়ে খায়: তার কি বিয়ে করা উচিৎ হবে? সে ডাক্তার, দ্রষ্টা, পণ্ডিত, কবি, দার্শনিক সবার কাছে যায় পরামর্শের জন্য। এবং এরা প্রত্যেকে তাকে হিপোক্রেটাস, অ্যারিস্টটল, হোমার, হেরাক্লিটাস, প্লেটোর উদ্ধৃতি শোনাতে থাকে। কিন্তু এই বিশাল বিজ্ঞ অনুসন্ধান—যা প্রায় পুরো বই জুড়ে চলতে থাকে—এর পরেও প্যানিউর্গ জানে না তার বিয়ে করা উচিৎ হবে কিনা। এবং আমরা, পাঠকেরাও জানি না। কিন্তু অন্যদিকে এই লোকটি, যিনি জানেন না তার বিয়ে করা উচিৎ হবে কিনা, তার এই যুগপৎ হাস্যকর ও গুরুতর পরিস্থিতির সম্ভাব্য সবকটা আঙ্গিক আমরা ঘুরে দেখে ফেলেছি।
রাব্লেই'র জ্ঞান যতই মহান হোক না কেন, তা দেকার্তের চেয়ে আলাদা অর্থ ধারণ করে। উপন্যাসের প্রজ্ঞা দর্শনের প্রজ্ঞার চাইতে আলাদা। উপন্যাসের জন্ম তত্ত্ব থেকে নয় বরং হাসির গর্ভ হতে। ইউরোপের সবচাইতে বড় একটা ব্যর্থতা হলো সে সবচাইতে ইউরোপীয় শিল্প, অর্থাৎ উপন্যাসকে কখনো বুঝে উঠতে পারেনি। এর চেতনা, এর মহৎ প্রজ্ঞা ও আবিষ্কার, অথবা এর স্বতন্ত্র ইতিহাস, কোনোটাকেই না। যে শিল্পের জন্ম হয়েছে ঈশ্বরের হাসির প্রতিধ্বনি হিসেবে, সে স্বভাবতই কোনো মতাদর্শগত নিশ্চয়তার গোলামি করবে না, বরং তার বিরোধিতা করবে। প্রতিদিন ভোরবেলা ধর্মতাত্ত্বিক, দার্শনিক ও পণ্ডিতের দল যে রঙিন পর্দা বুনে যায়, পেনেলোপির মত সে প্রতি রাতে সেসব খুলে ফেলে।
ইদানীংকালে অষ্টাদশ শতকের ব্যাপারে কুকথা বলাটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন: "রাশিয়ার স্বৈরশাসনের উৎপত্তি হয়েছে সরাসরি ইউরোপ থেকে, বিশেষত আলোকায়নের যুগের নাস্তিক্যবাদ ও যুক্তি-বুদ্ধির উপর অগাধ বিশ্বাস থেকে।" যারা গুলাগের জন্য ভলতেয়ারকে দায়ী করেন তাদের সাথে তর্ক করার যোগ্য আমি নিজেকে মনে করি না। তবে এটুকু বলার যোগ্যতা অবশ্যই আছে যে: অষ্টাদশ শতক কেবল রুশো, ভলতেয়ার ও হোলবাখের শতক না, একইসাথে তা ফিল্ডিং, স্টার্ন, গ্যেটে, ল্যাক্লোসদেরও শতক।
সে যুগের সমস্ত উপন্যাসগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো লরেন্স স্টার্নের ট্রিস্ট্রাম শ্যান্ডি। একটা অদ্ভূত উপন্যাস। স্টার্ন বইটা শুরু করেন ট্রিস্ট্রামের জন্ম হওয়ার রাতের বর্ণনার মাধ্যমে, কিন্তু এই নিয়ে একটুখানি বলতে না বলতেই কথক অন্য এক চিন্তা দ্বারা অন্যমনস্ক হয়ে পড়েন, এবং তারপর স্বাধীনভাবে সেই চিন্তা থেকে গড়িয়ে সে আরেক চিন্তায় চলে যায়, তারপরে একটা গল্প, এরপর আবার অন্যকিছু — এবং এই ফাঁকে ট্রিস্ট্রাম, বইয়ের নায়ক, প্রায় আগামী একশ পেজের জন্য উধাও হয়ে যায়। এভাবে মূল কাহিনীতে ব্যাঘাত সৃষ্টি করে উপন্যাসটাকে সাজানো নিছক একটা ফর্মের খেলা বলে মনে হতে পারে। কিন্তু যেকোনো শিল্পেই ফর্ম সর্বদাই স্রেফ ফর্মের চেয়ে বেশি কিছু। আপনার ভালো লাগুক আর না লাগুক, প্রতিটি উপন্যাসই নিজের মত করে এই প্রশ্নটির একটা উত্তর দেয়ার চেষ্টা করে: মানব অস্তিত্ব আসলে কী, এবং এর ছন্দটা আসলে কোথায়? স্টার্নের সমসাময়িকরা, এই যেমন ফিল্ডিং ঘটনা ও অ্যাডভেঞ্চারের দিকে নজর দিয়েছিলেন। স্টার্নের উপন্যাসে অবশ্য এই প্রশ্নের একটা ভিন্ন উত্তর আমরা টের পাই: তার জন্য, মানুষের জীবনের ছন্দ তার ঘটনায় না, বরং ঘটনার ব্যাঘাতে।
এমনও হতে পারে যে, এখানে উপন্যাস ও দর্শনের মধ্যে পরোক্ষভাবে একটা বিশাল লেনদেন গড়ে উঠেছিল। আঠার শতকের যুক্তিবাদের মূল ভিত্তি হলো লাইবনিৎজের বিখ্যাত ঘোষণা: Nihil est sine ratione — কারণ ছাড়া কোনোকিছুই ঘটে না। এই সিদ্ধান্ত দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজ্ঞান সমস্তকিছুর কারণ খুঁজতে নেমে গিয়েছিল। বিজ্ঞানের চোখে সবকিছুরই ব্যাখ্যা আছে, সবকিছুই হিসেব করে বলে দেয়া যায়। যে ব্যক্তি চায় তার জীবনের সুনির্দিষ্ট অর্থ থাকবে সে উদ্দেশ্য ও কারণ ছাড়া কোনো কাজে হাত দিতে চায় না। প্রতিটি জীবনী এইভাবেই লেখা হয়। সেসবে জীবনকে দেখানো হয় কার্য-কারণ, প্রভাব, ব্যর্থতা ও সফলতার সুবিন্যস্ত পরম্পরায়। এবং মানুষ সেই বিন্যস্ত ঘটনাক্রমের দিকে পিছন ফিরে তাকায়, সেই ফাঁকে তার মৃত্যুর ঘণ্টা আরো দ্রুত ঘনিয়ে আসে।
গোটা দুনিয়াকে স্রেফ কার্য-কারণ ও ঘটনা-পরম্পরায় নামিয়ে আনার বিরুদ্ধে দাঁড়ায় স্টার্নের উপন্যাস। নিছক ফর্মের জোরেই সে ঘোষণা দেয় মানুষের জীবনের ছন্দ ঘটনায় না, বরং ঘটনা যেখানে থামে; যেখানে কার্য ও কারণের মধ্যকার সেতু ভেঙে পড়ে এবং চিন্তারা সব অলস স্বাধীনতায় অবাধ ভেসে যায়। অস্তিত্বের মূল সঙ্গীত হলো তার অবান্তরতায়, এই হলো স্টার্নের উপন্যাসের মূলকথা। একে হিসেব করা যায় না। মানুষের জীবন কার্য-কারণের আওতার বাইরে। এটা হলো sine ratione — কারণ ছাড়া। এর অবস্থান লাইবনিৎজের ঘোষণার বিপরীত প্রান্তে।
সুতরাং একটা যুগের মূলসুরকে ধরতে হলে কেবল তার চিন্তা-চেতনা ও তাত্ত্বিক ধ্যান-ধারণাকে গণ্য করাই যথেষ্ট না, বরং সেইসাথে তার শিল্পকে, বিশেষ করে উপন্যাসকেও আমলে নিতে হবে। উনিশ শতক আবিষ্কার করেছিল রেল ইঞ্জিন, এবং হেগেল এই বিশ্বাসে অটল ছিলেন যে তিনি সার্বজনীন ইতিহাসের আত্মাকে ধরে ফেলেছেন। কিন্তু ফ্লবেয়ার আবিষ্কার করেছিলেন নির্বুদ্ধিতাকে। আমি এমনকি বলবো, যে শতাব্দী নিজের বৈজ্ঞানিক চিন্তাধারা নিয়ে এত গর্বিত সেই শতকের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এটা।
অবশ্যই ফ্লবেয়ারের আগেও মানুষ জানতো নির্বুদ্ধিতার অস্তিত্ব আছে, কিন্তু তারা ব্যাপারটাকে দেখতো একটু ভিন্নভাবে। নির্বুদ্ধিতাকে তখন মনে করা হতো স্রেফ জ্ঞানের অভাব, এমন এক ত্রুটি যা শিক্ষা অর্জনের মাধ্যমেই সারিয়ে ফেলা যায়। কিন্তু ফ্লবেয়ারের উপন্যাসে নির্বুদ্ধিতা মানুষের অস্তিত্বের একটা অবিচ্ছেদ্দ্য অংশ। এই নির্বুদ্ধিতা সারাদিন বেচারি এমার পিছে পিছে চলে, তার প্রেমশয্যা থেকে মৃত্যুশয্যা অব্দি, এবং তার উপর দুই ভয়ানক রামগরুড়, হোমাইস ও বোর্নিসিয়েন ক্লান্তিহীনভাবে শেষকৃত্যের ভাষণের মত অর্থহীন বাক্যবিনিময় করে যেতে থাকে। কিন্তু নির্বুদ্ধিতার ব্যাপারে ফ্লবেয়ারের সবচেয়ে আশ্চর্য, কলঙ্কজনক আবিষ্কার হলো এই: বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক উন্নয়ন কোনোকিছুই নির্বুদ্ধিতাকে হটাতে পারে না। বরং, আর সব উন্নয়নের পাশাপাশি নির্বুদ্ধিতা নিজেও আরো উন্নত হতে থাকে।
এক মহাদুষ্ট একাগ্রতার সাথে ফ্লবেয়ার তার আশেপাশের মানুষেরা নিজেকে জ্ঞানী কিংবা কেতাদুরস্ত দেখাতে যেরকম আচরণ করতো তা টুকে রাখতেন। এই মর্মে আমরা ঘোষণা দিতে পারি: আধুনিক নির্বুদ্ধিতা কেবল অজ্ঞতা না, বরং কোনোপ্রকার বিবেচনা ছাড়াই প্রচলিত ধ্যানধারণাগুলোকে মেনে নেয়া। মার্ক্স কিংবা ফ্রয়েডের সবচেয়ে তাক লাগানো ধারণাগুলোর চেয়েও ফ্লবেয়ারের আবিষ্কার অধিক গুরুত্বপূর্ণ। শ্রেণী সংগ্রাম কিংবা মনোবিশ্লেষণ ছাড়াও পৃথিবীকে কল্পনা করা যায়। কিন্তু বর্তমানে কম্পিউটারগুলোর সাহায্যে গণমাধ্যমের দ্বারা ভয়ানক মাত্রায় যেভাবে গৃহীত ধ্যানধারণার স্রোত ছড়িয়ে দেয়া হচ্ছে, তাতে করে মানুষের নিজের মত করে মৌলিক চিন্তা করার ক্ষমতাকে অচিরেই গুড়িয়ে দেবে, এবং সেইসাথে ধ্বংস হয়ে যাবে আধুনিক ইউরোপীয় সংস্কৃতির মূল আত্মা।
ফ্লবেয়ার তার এমা বোভ্যারিকে কল্পনা করার প্রায় আশি বছর পরে, আমাদের এই শতকের তিরিশ দশকে আরো এক মহান ঔপন্যাসিক, হারমান ব্রখ লিখেছিলেন আধুনিক উপন্যাস কিৎশ্চের বিরুদ্ধে যতই সংগ্রাম করুক না কেন, শেষ পর্যন্ত সে তার কাছে হেরে যায়।
'কিৎশ্চ' শব্দটা দিয়ে বোঝানো হয় যেকোনো মূল্যে অধিকাংশ লোককে খুশি করার প্রবণতাকে। সবাইকে খুশি করতে হলে আগে নিশ্চিত হয়ে নিতে হয় সবাই কী শুনতে চায়, এবং তারপর নিজেকে বিক্রি করে দিতে হয় প্রচলিত মতের কাছে। নিজেদের এই নির্বুদ্ধিতা ও প্রচলিত মতের প্রতি আনুগত্যকে সৌন্দর্য ও আবেগের মোড়কে তুলে ধরাকেই বলে 'কিৎশ্চ'। আজ পঞ্চাশ বছর পরেও ব্রখের কথাগুলো সমানভাবে সত্যি রয়ে গেছে। বর্তমানে গণমাধ্যমগুলোর প্রধান কাজই হলো সর্বোচ্চ সংখ্যক মানুষকে খুশি করা এবং তাদের মনোযোগ আটকে রাখা, ফলে গণমাধ্যমের আদর্শই হলো এই কিৎশ্চ। এবং দিনেদিনে গণমাধ্যম যেভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে এবং আমাদের জীবনে ঢুকে পড়ছে, তাতে কিৎশ্চ হয়ে পড়ছে আমাদের নিত্যদিনকার আদর্শ ও নৈতিক বাধ্যবাধকতা। কিছুদিন আগ পর্যন্তও আধুনিকতা দিয়ে বোঝানো হতো গৃহীত ধ্যান-ধারণা ও কিৎশ্চের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো। কিন্তু আজ আধুনিকতার অর্থ গণমাধ্যমের স্বার্থের সাথে মিশে গেছে। আজকের দিনে আধুনিক হওয়ার মানে হলো সময়ের সাথে তাল মিলিয়ে চলা, মেনে নেয়া, সবকিছু মেনে নেয়া, সবচাইতে প্রথানুগ মানুষের চেয়েও বেশি প্রথা মেনে চলা। আধুনিকতা এখন গায়ে কিৎশ্চের চাদর জড়িয়ে নিয়েছে।
রামগরুড়, না-ভেবেই প্রচলিত মতকে স্বীকার করে নেয়া এবং কিৎশ্চ--এই তিনটি আসলে একই জিনিস। ঈশ্বরের হাসির প্রতিধ্বনি হিসেবে যে শিল্পের জন্ম, যে শিল্প সৃষ্টি করেছে সেই অপূর্ব কল্পলোক যেখানে সত্যের উপর কারোই দখল নেই কিন্তু সবারই সে অধিকার আছে যে কেউ তাকে বুঝবে, সেই শিল্পের তিন-মাথাওয়ালা শত্রু হলো এরা। সহিষ্ণুতার এই কল্পলোকের জন্ম হয়েছিল আধুনিক ইউরোপের সাথে সাথেই, এটা ইউরোপের আদলেই তৈরি—অন্তত আমাদের স্বপ্নের যে ইউরোপ। এই স্বপ্ন বহুবার ভেঙেছে তবু তা এখনও এতটাই শক্তিশালী যে তা আমাদেরকে ওই ছোট্ট মহাদেশের গণ্ডি পার হয়েও একত্রিত করতে পারছে। কিন্তু আমরা জানি যে যেই জগতে ব্যক্তিমানুষের মৌলিকত্বের মর্যাদা আছে (সেটা উপন্যাসের কল্পিত জগৎ হোক বা ইউরোপের বাস্তব জগৎই হোক) তা অত্যন্ত ভঙ্গুর ও অস্থায়ী।
দিগন্তে দাঁড়িয়ে আছে রামগরুড়ের বহর, তারা নজর রাখছে আমাদের প্রত্যেকটি গতিবিধির উপর। এবং ঠিক এই অঘোষিত ও চিরস্থায়ী যুদ্ধের কালে, এই নাটকীয় ইতিহাস ও নিষ্ঠুর নিয়তির শহরে এসে ঠিক করেছি, আমি শুধু উপন্যাসের কথাই বলবো। হয়তো আপনি বুঝতে পারছেন এটা কেবল আমার দিক থেকে গুরুতর বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য নয়। কারণ ইউরোপের সংস্কৃতি যদি আজ হুমকির মুখে থেকে থাকে, তবে তার কারণ হলো ব্যক্তিমানুষের মর্যাদা, তার মৌলিক চিন্তার প্রতি শ্রদ্ধা এবং একটি একান্ত ব্যক্তিগত জীবনের অধিকার যা কখনো লঙ্ঘন করা হবে না, এসব আজ ক্ষুণ্ণ হচ্ছে। এবং আমি বিশ্বাস করি ইউরোপীয় সংস্কৃতির এই প্রাণটুকু পরম যত্নে গচ্ছিত আছে এর উপন্যাসের ইতিহাসে, এর উপন্যাসের প্রজ্ঞায়। এবং আমার কৃতজ্ঞতা-ভাষণে আমি এই উপন্যাসের প্রজ্ঞার প্রতিই শ্রদ্ধা জানাতে চেয়েছি। কিন্তু এখন আমার থেমে যাওয়া উচিৎ। আমি ভুলে গেছিলাম আমাকে চিন্তা করতে দেখলেই ঈশ্বর হেসে ওঠেন।
