২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহুলা বাংলা: দুটি সনেট

ইতিহাস জানে বেহুলা কখনও ফেরে না না নিয়ে সঙ্গে জয়

তানভীর মোকাম্মেল তানভীর মোকাম্মেল

Published : 06 Mar 2024, 01:13 PM

Updated : 06 Mar 2024, 01:13 PM

বেহুলা বাংলা: সনেট এক

রহস্যময়ী আমায় তুমি এ কেমন সার্সিমায়ায় জড়ালে

তোমার বাণী তোমার সুর হৃদয়ে আমার কেন ছড়ালে

সেই থেকে আর দেখি না জগৎ শুধু তোমার মূর্তি ছাড়া

জানি কেবল ওই মৃন্ময়ী রূপ সে যে অপরূপা নজরকাড়া

তোমার ভেলা জানি মান্দাসের নয় এ এক অচিন স্বর্ণতরী

যে যানে ভেসে অকূলে চলে দুঃখিনী বাংলার বেহুলা সুন্দরী

নদীর পারে ঘুরিফিরি আমি চোখের আলোয় দেখব সে মায়ায়

ক্ষণিকের তরে স্রোতে ভেসে এসে চকিতে সে যে নয়নে হারায়;

বাংলা জানে এক আশ্বিন ভোরে ফিরবে সে মেয়ে সুনিশ্চয়

ইতিহাস জানে বেহুলা কখনও ফেরে না না নিয়ে সঙ্গে জয়

বিজয় কাকে বলে আর কীসে যে ঘটে স্বদেশের পরাজয়

জানি না শুধু জানি নেই কোনো দিন বেহুলা-বাংলার ক্ষয়

আজন্ম আমি নিঃস্ব তাই জলজ ওই আঁচলে চাই আশ্রয়

হবে সবচে সেটাই বড় পাওয়া সব স্বপ্নের হবে চিরবিজয়।

 

বেহুলা বাংলা: সনেট দুই

অকূলের কূল বেহুলা তুমি ভাষাহীনদের প্রতিবাদের ভাষা

গাঙ্গুরপারে তোমায় দেখলে ফের জেগে ওঠে নবজীবনের আশা

ঝড়ের রাতে শিখিয়েছ কেমন করে নৌকা বাইতে হয়

কেমন করে কামট-কুমীর-ভেড়ুয়াদেব ঘটাতে হয় পরাজয়

অলৌকিক ওই ভেলা যখন অজানায় ছুটে অমরার পানে যায়

চিরদুখী জীবনস্রোতও আমাদের যেন সেদিক পানেই ধায়

কখনো নামে বিষাদ আঁধার কখনো তা পায় সূর্যরশ্মির আলো

সঙ্গে থাকলে বেহুলা জানি সব কিছু শেষে ঘটে ভালো;

তোমায় তাই চোখে চোখে রাখি ছাড়ি না তোমার সঙ্গ

তোমার সব চলন জানি সব ভ্রুভঙ্গী শরীরের প্রতি অঙ্গ

ইশারায় যখন ছিন্ন কর নদীপারের দৃঢ় বন্ধনরশি

গভীর বিশ্বাসে আমরা তখন নাওয়ের দাঁড়ে গিয়ে বসি

যখন তুমি গেয়ে ওঠ বাংলা মায়ের স্মৃতিজাগানিয়া গান

টানি বৈঠা পরমানন্দে জেগে ওঠে আমাদের অযুত সজীব প্রাণ।