২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওস্তাদ আজিজুল ইসলাম-এর সঙ্গে এক সন্ধ্যা

admin

Published : 14 Apr 2008, 11:51 AM

Updated : 03 Oct 2022, 11:35 AM

সাক্ষাৎকার নিয়েছেন আলম খোরশেদ ও এহসানুল কবির

শুধু বাংলাদেশের নয়, গোটা উপমহাদেশেরই একজন প্রথম সারির ধ্রুপদী বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম-এর জন্ম (২ ফেব্রুয়ারি, ১৯৪৫), পিতার কর্মসূত্রে রাজবাড়িতে হলেও তাঁর

Image
aziz.jpg

পূর্বপুরুষের আদি বসত ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র স্মৃতিধন্য ব্রাহ্মণবাড়িয়ায়। পেশাগত জীবনে নাবিক, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একনিষ্ঠ অনুরাগী ওস্তাদ আজিজুল ইসলাম কর্মজীবনের ফাঁকে ফাঁকে শাস্ত্রীয় সঙ্গীত শ্রবণ ও তার চর্চা অব্যাহত রাখেন। চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা ওস্তাদ ইসলাম প্রথমে স্থানীয় আর্য সঙ্গীত সমিতির প্রিয়দারঞ্জন সেনগুপ্ত ও পরে ওস্তাদ বেলায়েত আলী খান সাহেবের কাছে ধ্রুপদী সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। উপমহাদেশের প্রখ্যাত সরোদিয়া ওস্তাদ বাহাদুর হোসেন খাঁ-র কাছেও নাড়া বেঁধে কিছুকাল তিনি আনুষ্ঠানিকভাবে তালিম গ্রহণ করেন। তবে শাস্ত্রীয় বংশীবাদনের ক্ষেত্রে ওস্তাদ পান্নালাল ঘোষই ছিলেন তাঁর প্রথম ও প্রধান প্রেরণা। মূলত তাঁর বাজনা শুনেই তিনি ধ্রুপদী বংশীবাদনের প্রতি আকৃষ্ট হন। পরে উপমহাদেশের দুই দিকপাল বংশীবাদক দেবেন্দ্র মুর্দেশ্বর ও ভি.জি. কারনাড-এর কাছ থেকে দিকনির্দেশনা লাভ করলেও ওস্তাদ আজিজুল ইসলাম মূলত একজন স্বশিক্ষিত শিল্পী । ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর ত্রিশ বছরেরও অধিক কালের বর্ণাঢ্য শিল্পীজীবনে দেশে বিদেশে বহু নামিদামি প্রতিষ্ঠানের আমন্ত্রণে বংশীবাদন পরিবেশন করেন। স্বদেশে ঢাকা ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমী, বাংলাদেশ জাতীয় যাদুঘর, জাতীয় প্রেসক্লাব, ছায়ানট, বেঙ্গল ফাউণ্ডেশন ছাড়াও ভারতের কোলকাতা, দিল্লী, মুম্বাই, চেন্নাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার সঙ্গীত পরিবেশনের বিরল সম্মান অর্জন করেন। তিনি দুই দুইবার চ্যানেল আই-সিটিসেল সঙ্গীত পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি তাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করে। ওস্তাদ আজিজুল ইসলাম উচ্চাঙ্গ সঙ্গীতে সমর্পিতপ্রাণ একজন আপাদমস্তক শিল্পী যিনি এখনও প্রতিদিন নিয়মিত রেওয়াজ করে থাকেন। বিশদ সংবাদ এর সম্পাদক আলম খোরশেদ ও নির্বাহী সম্পাদক এহসানুল কবির এর সঙ্গে এই অন্তরঙ্গ কথোপকথনে উঠে আসে তার সঙ্গীতজীবনের অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য।

আলম খোরশেদ: আপনার নামের আগে দুটি পদবি বা উপাধি আমরা শুনে থাকি। একটি হচ্ছে 'ক্যাপ্টেন' আরেকটি 'ওস্তাদ'। ব্যাপারটা বেশ আগ্রহোদ্দীপক এবং খানিকটা ব্যতিক্রমীও বটে। এই সূত্র ধরেই কথা শুরু করি। আপনি কীভাবে জাহাজের ক্যাপ্টেন থেকে ওস্তাদ আজিজুল ইসলাম হয়ে উঠলেন?

আজিজুল ইসলাম: জাহাজের ক্যাপ্টেন, এটা তো আমার প্রফেশনাল পরিচয়। মার্চেন্ট নেভিতে এবং সব জায়গায় ক্যাপ্টেন ইসলাম নামেই আমাকে চিনে। মাসিক সরগম নামে যে পত্রিকাটা আছে, ওরা আমাকে নিয়ে জাদুঘরে একবার একটা অনুষ্ঠান করে। সেখানেই তারা ঘোষণা করে, " 'ক্যাপ্টেন ইসলামকে' আমরা এখন থেকে 'ওস্তাদ ইসলাম' নামে ডাকব।" আমার সিডিতে কিন্তু 'ক্যাপ্টেন' শব্দটা নাই। সেদিন সিংগাপুরে যে-অনুষ্ঠানটা করলাম ওটাও 'ওস্তাদ আজিজুল ইসলাম' নামেই।

আ খো: আমার জিজ্ঞাসাটা ছিল আপনি জাহাজের ক্যাপ্টেন থেকে বাঁশীর ওস্তাদ হয়ে উঠলেন কীভাবে? আপনার সংগীতজ্ঞ হয়ে ওঠার ইতিহাসটাই আসলে আমরা জানতে আগ্রহী।

আ ই: আমি সঙ্গীতের সঙ্গে জড়িত তো ছেলেবেলা থেকেই। আমার ছোট বোন বেলা, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, নামকরা উচ্চাঙ্গ সংগীতশিল্পী। ও ছোটবেলা থেকেই গান শিখত, আমি খুব আগ্রহভরে পাশে বসে শুনতাম। ওর হয়তো মনে নেই, আমার এখনও মনে আছে–'ভলোবাসা মোরে ভিখারি করেছে' এই গানটা দিয়েই ওর হাতেখড়ি হয়। তো শখটা ছেলেবেলা থেকেই ছিল। আর আমার নানা সেতার বাজাতেন। আমার মামাও গান-বাজনা করেন। নজরুল সঙ্গীত করেন উনি।

এহসানুল কবির: আচ্ছা, আপনি বাঁশি কেন পছন্দ করলেন?

আ ই: বাঁশি তো ছেলেবেলাতে প্রত্যেকেই পছন্দ করে। ছেলেবেলা থেকে খেলার ছলে মেলার বাঁশি-টাশি সাজিয়ে রাখতাম সুন্দর করে, শখে বাজাতাম। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার কোন তাগিদ ছিল না তখন। কিন্তু আমার মনে পড়ে, রেডিয়োতে যখন গান চলত, ভাটিয়ালি গান, আমার কানটা কিন্তু সব সময় বাঁশির সুরে মগ্ন হয়ে থাকত। আমাকে ভীষণভাবে নাড়া দিত সেটা। কি সুন্দর সুর! এটা সেন্টিমেন্টের ব্যাপার। এছাড়া বলা মুশকিল কেন বাঁশি পছন্দ করি। শ্রীকৃষ্ণের বাঁশিও আমাকে প্রভাবিত করে থাকতে পারে। প্রত্যেক ইনস্ট্রুমেন্টেরই ইন্ডিভিজুয়ালিটি আছে। আমার মনে হয়, বাঁশির একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে।

আ খো: আচ্ছা, তখনকার বাঙালি মুসলমান সমাজকে আমরা রক্ষণশীল সমাজ হিসেবেই জানি। সেই সমাজে থেকেও কি করে আপনার পরিবারে এ-ধরনের একটা খোলা হাওয়া থাকল, এই যে মেয়েদেরকে গান শেখানো হচ্ছে, তাও আবার উচ্চাঙ্গ সঙ্গীত, এটা কীভাবে সম্ভব হল? আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন?

আ ই: আমার নানার সাইড থেকে আমার মা'র মধ্যে সাংস্কৃতিক ধারা প্রবাহিত। আমার বাবা ছিলেন স্পোর্টসম্যান। তিনি ফুটবল খেলোয়াড় ছিলেন। চাচা ছিলেন ক্যালকাটা মোহনবাগানের গোলকিপার। স্পোর্টসতো আসলে আর্টেরই একটা অংশ। আমার আম্মা সঙ্গীতের ব্যাপারে উৎসাহী ছিলেন, বাবাও খুব উৎসাহ দিতেন। আমার বোন পাবনায় কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। আব্বাসউদ্দীন সাহেব গিয়েছিলেন প্রাইজ দিতে।

আ খো: সমাজ থেকে কোনো বিরোধিতা কিংবা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় নি?

আ ই: না না, তা হয় নি। কিন্তু আমার শেখার শুরুটা তখনো হয় নি। আমি শখে শখে শুনতাম ও বাজাতাম। আর যদি হাতেখড়ির প্রশ্নে আসেন, ওটা আমার চিটাগাং-এর আর্য সংগীত সমিতিতে প্রিয়দারঞ্জন সেনগুপ্তের হাতেই হয়েছিল। সেটা কলেজে পড়ার সময় ৫৯ বা ৬০-এর দিকে। এটারও একটা বিরাট ইতিহাস আছে। কথাটা যেহেতু 'তারাবাংলা'র ইন্টারভিউতে বলেছি, এখানেও লুকানোর কোনো কারণ নাই। এখন আপনারা যেভাবেই নেন, ওই বয়সে আমি কিন্তু ১০ টাকা আমার মায়ের আলমারি থেকে পিক করেছি। সেটা আর্য সংগীতের এক মাসের বেতন। প্রাইভেটে শিখতে গেলে আলাদাভাবে ২ টাকা ভর্তি ফি। ২ টাকা আমার কাছে ছিল। এই ১২ টাকা দিয়ে আমি এক মাসের জন্য আর্যসঙ্গীতে নাম লেখাই। একমাস, মানে প্রতি বৃহস্পতিবার হিসাবে মোট চারদিন গিয়েছিলাম। এর পর আর যাই নি। এরপর আমি বেলায়েত আলী খাঁ সাহেবের কাছে শিখি। কিছুদিন শেখার পরই আমি মেরিন একাডেমিতে চলে গেলাম।

আ খো: তারপর?

আ ই: তখন স্বাভাবিকভাবেই একটা বাধা আসল। মেরিন একাডেমিতে যাবার একদমই ইচ্ছে ছিল না আমার। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। তখন ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে, ঢাকায় থাকলে আমার বাজনারও সুবিধা হবে ভেবেছিলাম। মেরিন একাডেমিতে গেলে বাধা পড়বে, সমুদ্রে চলে যাব। কিন্তু আমি বাবা-মার কথামত মেরিন একাডেমিতে ভর্তি হলাম। মাসে মাত্র একদিন শোর লিভ দেয়। প্রথম যাওয়ার পরদিনই 'হবি পিরিয়ডে' আমি যখন বাঁশি বাজাচ্ছি তখন ক্যাপ্টেন নজর হোসেন খুব খুশি হয়ে বললেন, 'আই অ্যাম ভেরি হ্যাপি।' পরের মাসে তিনি আমাকে এক দিনের পরিবর্তে তিন দিন ছুটির ব্যবস্থা করে দিলেন। আমার মনে হয় আজ পর্যন্ত একাডেমিতে এ-সুযোগ কেউ পায় নি। সুযোগটাকে আমি সিরিয়াসলি কাজে লাগালাম। একাডেমির বাস এ করে আমি সোজা ওস্তাদজির বাসায় যেতাম। আলমাস সিনেমা হলের কাছাকাছি ওনার বাসা ছিল। সেখান থেকে ওনাকে পিক-আপ করে আমার বাসায় এনে সারাদিন শিখে বিকেলে ওনাকে নামিয়ে দিয়ে একাডেমিতে চলে যেতাম। জাহাজে টেপ রেকর্ডারে শুনতাম। শুনেই তো শেখা। এখনও আমি শুনে শুনে বহু জিনিস পিক-আপ করি। সে যাক, দেশ স্বাধীন হবার পরে আমি পাকিস্তান থেকে পালিয়ে আসি।

আ খো: কত সনে?

আ ই: ১৯৭২ সালের সেপ্টেম্বরে।

আ খো: ৭২এর পর আর সমুদ্রে যান নি?

আ ই: আমি তখন ঢুকি বিএসসি মানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে। কিছুদিন সেইল করেছিলাম। এরপর একটা সার্ভে কোম্পানিতে জয়েন করলাম। রেওয়াজ মোটামুটি নিয়মিতই করতাম। তখন ওস্তাদজি করাচিতে চলে গেছেন। পরে আমি বাহাদুর খাঁ সাহেবের শিষ্যত্ব গ্রহণ করি। ফরমালি শিষ্যত্ব গ্রহণ করার কথা যদি বলেন তাহলে বলতে হয় ওস্তাদজি বেলায়েত আলী খাঁ সাহেবের কথা। ওনার কাছে আমি একবারে নাড়া বেঁধেই শিখতে শুরু করি। দেবেন্দ্র মুর্দেশ্বর বাবুর কাছে আমি গেছি সাত-আট দিন। ওনার কাছেও আমি কিছু গাইডেন্স পাই।

এ ক: আচ্ছা, আপনার শিল্পী জীবনে আর কাদের প্রভাব বেশি বলে আপনি মনে করেন?

আ ই: পান্নালাল ঘোষবাবুর বাঁশি আমি রোজই শুনতাম, যাকে নাকি বাঁশির জন্মদাতাই বলতে হয়। সাড়ে চার হাজার বছর আগের বাঁশিটাকে রিপ্লেস করেছিলেন উনি। খুব বেশিদিনের না, ৬০-৭০ বছর আগের কথা। ওনার রেকর্ডিংগুলো আমাকে হেল্প করেছে। অল ইন্ডিয়া রেডিয়োর ন্যাশনাল প্রোগ্রামগুলো হত রাত্রি ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হত। ওটা আমি রেগুলার শুনতাম। ওখান থেকে অনেক বড় বড় আর্টিস্টদের কাজগুলো শিখেছি।

আ খো: আনুষ্ঠানিক শিল্পীজীবনের প্রসঙ্গে আসি, জনসমক্ষে বাজানোর শুরুটা হয় কীভাবে?

আ ই: ধরতে গেলে আমার আনুষ্ঠানিক শিল্পীজীবনের শুরু আমাদের বাসায়, ঘরোয়া জলসায়। নিয়মিত বাজাতাম 'বাংলাদেশ ক্ল্যাসিকালস' নামের একটা গ্রুপে। পরে ঢাকায় ওয়াপদা অডিটোরিয়ামে 'তবলা শিক্ষালয়'-এর একটা প্রোগ্রামে বাজিয়েছি। এটা বোধ হয় ঢাকায় আমার প্রথম প্রোগ্রাম। এরপর 'শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী'র প্রোগ্রাম করেছি। বিশ্বসাহিত্য কেন্দ্রে ওরা তখন অনুষ্ঠান করত। এভাবে একসময় নিয়মিত অনুষ্ঠান করা শুরু হল আমার। ঢাকায় প্রেসক্লাবে প্রোগ্রাম করলাম, চট্টগ্রামে একটা বড় কনফারেন্স হয়েছিল এরশাদ সাহেব যখন ক্ষমতা নিচ্ছিলেন তখন। ওটার উদ্যোক্তা ছিলাম আমি আর ডাক্তার কামাল এ খান সাহেব। প্রথম দিনের প্রথম আর্টিস্ট ছিলো নিলুফার ইয়াসমিন। আমিও বাজিয়েছিলাম প্রথম দিন। ওস্তাদ বাহাদুর খাঁ সাহেবের ছেলে বিদ্যুৎ খাঁও কলকাতা থেকে এসেছিল, সেও বাজিয়েছিল। কলকাতা সঙ্গীত রিসার্চ একাডেমিতে একক অনুষ্ঠান করি ৮১ সালে। সাবির খাঁ সাহেব এসেছিলেন চট্টগ্রামে একবার। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা বড় অনুষ্ঠান করেছিলাম ওনাদেরকে নিয়ে। হাউজফুল অডিয়েন্স ছিল। খুব ভালো প্রোগ্রাম হয়েছিল, রোটারি ক্লাবের বাবদ। আমি রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্টও ছিলাম। আমি রোটারির কাছেও ঋণী। সাবির খাঁর থ্রুতে পণ্ডিত ভি জি যোগের সাথে প্রোগ্রাম করেছি কলামন্দিরে। পরে উনি ঢাকায় এসে প্রোগ্রাম করেছিলেন আমার সঙ্গে। আমি, ওনি আর সাবির খাঁ। দেশের বাইরে আমি অস্ট্রেলিয়াতে 'পোর্ট ফেইরি স্প্রিং ফেস্টিভ্যাল' এ গিয়েছি আমন্ত্রিত হয়ে। শুধু বাংলাদেশ না, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে আমিই প্রথম আর্টিস্ট ওখানে। সাবির খাঁ সহ অনুষ্ঠান করতে গেছি সিডনি, ক্যানব্যারা। সিঙ্গাপুরে গেছি দুই-তিনবার। একেবারে রিসেন্ট গেছি এই ফেব্র"য়ারির ৩ তারিখে সিঙ্গাপুরে। ওখানে শিবকুমার শর্মা, জাকির হোসেন খাঁ সাহেবদের মতো আর্টিস্ট ছিলেন। ২০০১ সালে গোল্ডেন জুবিলিতে ডোভার লেন মিউজিক কনফারেন্সে গেছি আমি। তাদের উদ্বোধনী অনুষ্ঠানে বাজিয়েছি। আমাদের দেশের কেউ এখন পর্যন্ত ওখানে যাওয়ার সুযোগ পায় নি। ওটার সিডি রিলিজ করেছে হিন্দুস্তান মিউজিক প্রোডাক্টস। ডিডি-৭ বহুবার এই প্রোগ্রাম দেখিয়েছে।

আ খো: উচ্চাঙ্গ সঙ্গীত তথা ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে আপনার যোগাযোগ দীর্ঘদিনের। পাকিস্তান আমল থেকে শুরু করে এই ধারাবাহিক পথ পরিক্রমার সূত্রে বলুন বাংলাদেশের ধ্রুপদী সঙ্গীতের বর্তমান অবস্থাটা কী? জনপ্রিয়তা বা প্রসারের দিকের বিচারে আমরা এগুচ্ছি না পেছোচ্ছি, নাকি একজায়গায় দাঁড়িয়ে আছি–এ-সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

আ ই: এটা খুব শক্ত একটা প্রশ্ন। কেউ বলবে এটা এগোচ্ছে, কেউ বলবে এগোচ্ছে না। আমার মতে এগোচ্ছে না। মারা যাবার কিছুদিন আগে কুমারপ্রসাদ মুখার্জি একটা ইন্টারভিউতে বলেছিলেন, 'আগামী পঞ্চাশ বছরের মধ্যে এটা জাদুঘরে চলে যাবে।' কারণ কোনো টিভি চ্যানেল এটাকে ঠিকভাবে পেট্রোনাইজ করছে না। কিন্তু বলার বেলায় ঠিকই বলে যে, উচ্চাঙ্গ সঙ্গীতই সবচেয়ে শুদ্ধ সঙ্গীত। বিদেশি কোম্পানিগুলো পেট্রোনাইজ করে ধুমধাড়াক্কা গানগুলোকে। হালকা জিনিসকে ওরা পপুলার করে তোলে। সস্তা জিনিস তো এমনিতেই জনপ্রিয় হবে। আর উচ্চাঙ্গ সঙ্গীত তো মার্গ সঙ্গীত, মেডিটেটিভ সঙ্গীত- লিমিটেড শ্রোতার কাছেই এর কদর থাকবে, এটাই স্বাভাবিক। আগের দিনে রাজা-বাদশারা এটা পেট্রোনাইজ করত। ইন্ডিয়াতে বড় বড় বিজনেসম্যানরা কনফারেন্সগুলো স্পন্সর করে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশ থেকে যখন ইন্ডিয়াতে কোন কালচারাল ট্রুপ যায় তখন কিছু লাইট মিউজিকের লোক যায়; কিন্তু ইন্ডিয়া থেকে যখন কালচারাল ট্রুপ এদেশে আসে দেখবেন ক্ল্যাসিকাল মিউজিকের আর্টিস্ট আসে। আমাদের এখানকার কর্ণধাররা ক্লাসিক্যাল আর্ট সম্পর্কে ওয়াকিবহাল না কিংবা ওদের কাছে এটাকে ঠিকমত উপস্থাপন করা হয় নি। এটার জন্য সবাই রেসপন্সিবল, আর্টিস্টরাও রেসপন্সিবল। আমরা আর্টিস্টরাওতো ইউনাইটেড না। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এটা ওটা করে, কেউ স্কুল চালায়, প্রোগ্রাম করে। কিন্তু ইউনাইটেড না। ফলে ছাত্রছাত্রীদের একটু শিখিয়ে টিখিয়েই শেষ, ওই পর্যন্তই। আমাদের দেশে আক্তার সাদমানী সাহেব খুব ভালো আর্টিস্ট ছিলেন, খুরশিদ খান সাহেব ছিলেন, বারীণ মজুমদার ছিলেন–ওনারা ইন্ডিভিজুয়ালি অনেক কাজ করে গেছেন। কিন্তু সংগঠিতভাবে তেমন কিছু হয় নি। ইউনিভার্সিটিগুলোতে ক্ল্যাসিকাল মিউজিকের কোন প্রোগ্রাম হয় না। ঢাকায় দুয়েকটা প্রতিষ্ঠান ছিল, কিন্তু ওগুলো বলতে গেলে ইনঅ্যাকটিভ।

আ খো: সেটা ঠিক, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটার প্রতি অনুরাগওতো সেভাবে তৈরি হচ্ছে না, সেটা কেন?

আ ই: মূল ব্যাপারটা হল, এটা একটা ডিফিকাল্ট আর্ট। এই আর্টটা গভীর অভিনিবেশ দাবি করে। চা খেতে খেতে আপনি এই আর্ট উপভোগ করতে পারবেন না। আপনাকে বসতে হবে একটা মেডিটেটিভ ওয়েতে। এই আর্টের সৌন্দর্য উপভোগ করার জন্য শ্রোতার একটা স্পিরিচুয়াল লেভেল থাকা লাগে।

আ খো: আচ্ছা, এর জন্য কী করা যেতে পারে? নতুন প্রজন্মকে কীভাবে আকৃষ্ট করা যেতে পারে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি?

আ ই: খুব দরকারি হচ্ছে, প্রোগ্রাম হওয়া, সেমিনার-সিম্পোজিয়াম হওয়া। ক্লাসিক্যাল আর্টটাতো সাধারণ শ্রোতার জন্য না। এটার জন্য একটা সফিসটিকেটেড এজুকেটেড গ্রুপ দরকার। আমি রোটারি ক্লাবে জয়েন করেছিলাম টু মেক ফিউ গুড লিসেনার্স। কিন্তু, আমি দেখেছি ওদের মধ্যেও এ-ব্যাপারে তেমন আগ্রহ নেই। বিভিন্ন ইউনিভার্সিটি, আপনাদের মতো সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

আ খো: আপনার নিজের কি কোন পরিকল্পনা আছে এই শিল্পটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে কিছু করার? ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কোন চিন্তাভাবনা আছে?

আ ই: আগে প্রচুর করতাম। বাংলাদেশ ক্লাসিক্যাল্স এ বহুদিন করেছি। আমার এই বাসায়ও আমি অনেক জলসা করেছি। অনেকেই আসত, শুধু শিল্পীরা নয়, অনেক ইয়াং ছেলেও আসত। রাত ১০ টা ১২ টা পর্যন্ত অনুষ্ঠান হত, খাওয়া দাওয়া হত। কিন্তু ডিসকারেজিং ব্যাপারটা কী জানেন–এখানে আমার চেয়ে ফাইনান্সিয়ালি অনেক অনেক স্ট্রং লোকজনও ছিলেন, কিন্তু কেউ নিজেদের উদ্যোগে একটা অনুষ্ঠানও আয়োজন করেন নি। এটা আমাকে হতাশ করেছে।

আ খো: আপনিই যোগ্যতম ব্যক্তি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আমাদের বিশদ বাঙলা থেকে আপনাকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত আমরা।

আ ই: হ্যাঁ, বিশদ বাঙলা ইজ অ্যা গুড থিং। আপনাদের অর্গানাইজেশন চাইলে অনেক কিছু করতে পারে, কেননা আপনাদের সেই সাংগঠনিক ক্ষমতা রয়েছে।

আ খো: আমরা বিশদ বাঙলা থেকে এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে চাই। আমাদের সদস্যদের মাঝেও আমরা আন্তরিক আগ্রহ লক্ষ করেছি ধ্রুপদী সঙ্গীতের প্রতি। আমরা যদি এর প্রসারের জন্য কোনো উদ্যোগ নিই তাহলে আশা করি আপনার কাছ থেকে সহযোগিতা পাবো ।

আ ই: সে তো বলাই বাহুল্য।

নাসিরাবাদ, চট্টগ্রাম, মার্চ ২০০৭

—-

ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters