২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল মাহমুদ ও জয় গোস্বামীর সঙ্গে আলাপ

রাজু আলাউদ্দিন

Published : 15 Nov 2007, 11:40 PM

Updated : 23 Jun 2022, 04:11 PM

ভারতের পশ্চিমবাংলার কবি জয় গোস্বামী গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন। এ সাক্ষাৎকারের দুই দিন আগে তিনি কবি আল মাহমুদের সঙ্গে সাক্ষাত করেছিলেন। কবি আল মাহমুদের সঙ্গে তার সে সাক্ষাতকে তিনি তীর্থ দর্শন বলে অভিহিত করেন। দুই দেশের দুই কবিকে এক সঙ্গে বসিয়ে একটি সাক্ষাতকার গ্রহণের ইচ্ছা ব্যক্ত করলে কবি দুজন তাতে রাজি হন। জয়ের বাংলাদেশ ছাড়ার দিন ৭ নভেম্বর দুপুরে কবি আল মাহমুদের গুলশানের বাসভবনে এ সাক্ষাৎকারটি নেয়া হয়।

~

ব্রাত্য রাইসু: মাহমুদ ভাই, বললেন জ্বর আসছে আপনার, সিগরেট খাচ্ছেন যে?

আল মাহমুদ: সিগারেট খাচ্ছি, সিগারেট ছাড়া থাকতে পারি না, কী করবো? মানুষের তো…এটাই তো আছে। আর তো কোনো শখ নাই, কিছু নাই। কোনো কিছু করি না।

জয় গোস্বামী: আপনি সুরা পান করেন না?

মাহমুদ: না। আমি সুরা পান করতে পারি না। সুরা পান করলে আমি অসুস্থ হয়ে যাই।

জয়: আপনার চোখের অবস্থা ভালো নয়, কিন্তু আমি আমার কবিতা সংগ্রহ-এর তৃতীয় খণ্ডটি নিয়ে এসেছি। আপনার কাছে রেখে যাবো। কখনো সময় পেলে একটু উলটে দেখবেন।

মাহমুদ: ঠিক আছে, আমি দেখব।

জয়: কখনো সুযোগ পেলে একটু বইটা পড়ে দেখবেন। এই আর কি।…বাবা তোমার নাম কী? (ঘরে আসা একটি মেয়েকে নাম জিজ্ঞেস করেন জয় গোস্বামী।)

মাহমুদ: এই, এদিকে আসো, নাম বলো। (আল মাহমুদ মেয়েটিকে নাম বলতে বলেন।)

জয়: নাম কী? অ্যাঁ?

মেয়েটি: প্রথমা।

জয়: প্র থ মা! ও বাবা! কী সুন্দর নাম!

মাহমুদ: আমার নাতনী।

জয়: বুঝেছি। কাবেরী (জয় গোস্বামীর স্ত্রী) আসতে পারল না এজন্যে যে আজগে যেহেতু আমরা চলে যাব, আমাদের সমস্ত কিছু এদিক-ওদিক হয়ে গেছে। সকাল থেকে লোক আসতে শুরু করেছে হোটেলের ঘরে। বিভিন্ন কারণে দেখা করতে করতে আমাদের সব পিছিয়ে গেছে। স্নান ট্নান কিছু হয়নি। ও আর কিছুতেই বেরুতে পারল না। ওর খুব ইচ্ছে ছিল যে আপনাকে একবার দেখবে। আমরা তো এলামও অনেক দেরিতে। যে সময়টা দিয়েছিলাম সে সময় আসতে পারলাম না।

মাহমুদ: ঠিক আছে।

জয়: ব্রাত্য, আপনার কাছে কি কলম আছে?

রাইসু: হ্যাঁ।

মাহমুদ: কী চাও তুমি বলো (সাক্ষাৎকারগ্রহীতাকে)?


আল মাহমুদ

রাইসু: ইন্টারভিউ নেব একটা। আপনাদের দুজনের। একটা হইল রেকর্ড করব। ক্যামেরাটাও থাকল আর কি।

মাহমুদ: হাতে লিখে নিতে পারলে ভালো হতো।

জয়: ক্যামেরাও থাকল, মেশিনও থাকল। দুই-ই থাকল।

রাইসু : লিখতে হবে না আর। হবে?

মাহমুদ: ঠিক আছে। আমার দিক থেকে অসুবিধা নাই।…তো, জয়?

জয় : আজ্ঞে।

মাহমুদ: দেখলেন ঢাকা শহর?

জয়: আজ্ঞে হ্যাঁ।

মাহমুদ: কেমন লাগলো?


জয় গোস্বামী

জয়: আমি ঢাকা যতটুকু দেখতে পেরেছি, আমি প্রধানত তরুণ কবিদের সঙ্গেই ছিলাম। আর আমি শহরের ভিতরে ভিতরে ঘুরে বেড়িয়েছি। এই প্রথম আমার মনে হলো – এর আগেও আমি ঢাকায় এসেছি – যে, ঢাকা শহর তার ধমণীর মধ্য দিয়ে আমাকে একবার ছুড়ে দিচ্ছে আর একবার তার দিকে লুফে নিচ্ছে। খুব ভালো লেগেছে। এদের সঙ্গে ঘুরতে পেরে। আর আপনাকে দেখলাম। একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম কালকে। সেখানে পাঁচিলের উপর পা ঝুলিয়ে একটা মেয়ে বসেছিল।

মাহমুদ : কোথায়?

জয় : ঢাকা ইউনিভার্সিটিতে।

মাহমুদ : আচ্ছা।

জয় : দেখে খুব ভালো লেগেছে আমার।

রাইসু : মাহমুদ ভাই?

মাহমুদ : নিঃসঙ্কোচে বলো।

রাইসু : সঙ্কোচই নাই। নিসঙ্কোচ কেমনে হবে। এই যে আপনাদের সাক্ষাৎ হইল। জয়দা তো আগে একদিন আসছিল, না?

মাহমুদ : আগে একদিন এসছিল।

রাইসু : মাহমুদ ভাই কি এখন আর স্মরণ করতে পারেন কিনা কীভাবে কবিতা লিখতে শুরু করছিলেন? বা জয়দা?

মাহমুদ: আমি খানিকটা স্মরণ করতে পারবো বোধহয়। কারণ আমি ইশকুলেই কবিতা লিখতে শুরু করেছিলাম। স্কুলে যখন পড়ি। লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতাম আমি। আমাদের বাড়িতে, যদিও খুব রক্ষণশীল ধর্মীয় পরিবার, কবিতার একটা জায়গা দিল। কারণ আমার দাদা কবিতা লিখতেন। তাঁর নাম ছিল আবদুল ওহাব মীর। তাঁর নানা শখ ছিল। লড়াইয়ের মুরগী পুষতেন তিনি, লড়াইয়ের মুরগী। আসলি রাতা। আর কবিতা জারী গান লিখতেন। সারী গান করতেন। যেমন একটা জারী গানের ধোঁয়া হলো এরকম, 'পত্র পাইয়া হানিফায়, পত্র পাইয়া হানিফায় শূন্যে দিল উড়া – দুই ভাই মইরা গেল কবুতরের জোড়া।' এটা একটা ধোঁয়া। ঘুরে ঘুরে এসে এটা বলতেন। পায়ের মধ্যে ঘুঙুর বাঁধা থাকত। এই পরিবেশে আমি কবিতা লেখার চেষ্টা করেছিলাম।

জয় : আচ্ছা ব্রাত্য, আমি কি একটা প্রশ্ন এই সূত্রে ওঁকে জিজ্ঞেস করতে পারি?

রাইসু : নিঃসন্দেহে পারেন। জিজ্ঞেস করার দরকার নাই আমারে।

জয়: সেটা হলো যে কবিতায় যাকে চিরকালের মহিমা বলে তা আপনি ইতিমধ্যেই অর্জন করেছেন। এবং সেটা আজ নয়, অনেক দিনই আপনি অর্জন করেছেন। আপনি যে নিয়মিত এখনও লিখে চলেছেন – গদ্য এবং কবিতা – আমি গতকাল আবার আপনার একটি গদ্য রচনা পরলাম পত্রিকায়। এই যে লিখছেন, অন্তঃপ্রেরণা যাকে বলে, এই যে কবিতা ভিতর থেকে আসছে বা গদ্য রচনা ভিতর থেকে আসছে। আপনার কবিতা বিষয়ক গদ্য রচনা ঢাকাতে এসে দুটি পড়েছি। এই অন্তঃপ্রেরণা জন্মে বা আসতে আপনার কোনো অসুবিধা হয় না, না? কী করে তাকে পারেন, এটা একটু বলুন।

মাহমুদ: প্রথম কথা হলো যে আমার চিন্তার বিষয়টা কী দেখতে হবে। আপনি মনে করেন, আপনি কলকাতায় থাকেন, আপনি জানেন আপনার এক বন্ধু আছে ঢাকায় লেখেন। তার নাম আল মাহমুদ। এখন আমার চিন্তার বিষয়টা কী? চিন্তার বিষয়টা না ধর্ম, না কোনো দেশ, না কোনো কিছু। আমার চিন্তার বিষয়টা হলো কাব্য। কবিতা সৃষ্টি করার জন্য সবসময় একটা প্রয়াস আমার মধ্যে সেই অল্পকাল থেকেই কাজ করে যাচ্ছে। আমি যখন শিখে ফেলেছি যে কবিতা লিখতে হলে বসতে হয়, ঘুরে বেড়ালে চলে না।

রাইসু : এই বসাটা কী রকম মাহমুদ ভাই?

মাহমুদ : যেমন কবিতা নিয়ে নানা কথা বললাম আড্ডা-টাড্ডায়, কিন্তু লিখলাম না। ঘরে ফিরে এসে না লিখলে কবিতা হয় না। তো আমার একটা সবসময় প্রয়াস ছিল যা বলি, যা করি, যা বিনিময় হয় এই শহরে, আমি কবিতা একটা লিখে ফেলবো। আমি সবসময় ভেবেছি আমার যে বিরোধিতা…আপনি তো জানেন, আমার প্রবল বিরোধিতা আছে এবং অত্যন্ত অন্যায় ভাবে বলা হয় যে আমি মৌলবাদী। আমি বরং বিশ্বাস করি। এ দেশে বিশ্বাস করলেই তাকে মৌলবাদী বলা হয়। তো আমি সবসময় ভেবেছি লিখতে হবে। এ কৌশলটা আমার নিজের। অন্য কেউর কাছ থেকে শিখিনি আমি। যে লিখতে হবে, এবং লিখলে ঘরে ফিরে আসতে হবে। আজিজ মার্কেট বসে থাকলে লেখাটা হবে না।

জয় : আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে সেটা হলো যে, এই যে এখনো আপনার ভেতরে অবিরল ভাবে যে লেখাটা আসে, এই যে দুটি খণ্ড কবিতা সংগ্রহ আছে আপনার। দুটি খণ্ড কবিতা সংগ্রহের মধ্যে বই আছে প্রায় চব্বিশ পঁচিশটি। আছেই, ছোটদের বই টই ইত্যাদি আছে। কিন্তু এর পরেও আপনার ভেতরে কবিতার যে স্রোত তা কিন্তু বয়ে চলেছে। তো এইটা বাঁচিয়ে রাখবার উপায়টা আপনি বলছেন যে এসে বসা, না? ও আচ্ছা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু ভিন্ন।

রাইসু : আপনার অভিজ্ঞতাটা কী?

জয় : আমি ওঁকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম একটা পথপ্রদর্শককে জিজ্ঞেস করার মতো। কারণ আমার এরকম মাঝে মাঝেই হয় যে সমস্তটা শূন্য হয়ে যায়। সমস্তটা। সকাল থেকে বসে থাকি। কিছুই আমার হয় না। এবং আমার জগতে মনে হয় না কোথাও কিছু আছে। বা কখনও একটা লাইনও কবিতা আমি লিখেছি। আপনার সামনে আমি আমার নিজের কবিতার প্রসঙ্গ উত্থাপন করছি বলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু এ কথা ওঠাচ্ছি এজন্য যে এটা আমি আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে কী উপায়ে যুদ্ধ করা যায় এই নিষ্ফলা বন্ধ্যাত্বের সঙ্গে। যখন তাই বন্ধ্যাত্ব আসে এবং সেটা দীর্ঘ সময় চলে এবং কতগুলো মুখ মনে পড়ে। লিখতে গেলে কতগুলো মুখ মনে পড়ে। এদের মুখগুলো মনে এলে আর লিখতে ইচ্ছা করে না। মনে হয় লিখে কিছু হবে না। এই যে আমি নিজের বাইরে বেরুতে পারি না, আপনার কাছে আমি যেটা জানতে চাইছি যে এই নিষ্ফলা এই বন্ধ্যাত্ব এইটার সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত। সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে একবার বুদ্ধদেব বসু লিখেছিলেন তাঁর সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ-এর ভূমিকায় যে, যে-সমস্যা সুধীন্দ্রনাথের কাছে উত্থাপন করেছি…যে সাহিত্যিক সমস্যা, সব সময়ই দেখেছি, সেটি তার পূর্ব পরিচিত। তো আমি আপনার কাছে যেটি উত্থাপন করেছি, আমার ধারণা আপনি এর মধ্যে দিয়ে গেছেন। এই যে বিরাট একটা শূন্য, মনে হয় যে শেষ হয়ে গেল।

রাইসু : জয়দা, আপনি যে বললেন মুখ মনে পড়ে, এর অর্থ কী?

জয় : কয়েকটা মুখ মনে পড়ে মানে হলো মনে হয় যে, আমার কবিতা যখনই বেরুবে, ছাপা হবে, তখন এরা পড়বে। যখনই এটি মনে হয় তখনই লিখতে ইচ্ছা করে না। এটা হলো এক। দুই নম্বর কথা হলো যে, মানুষ যেমন যাকে ভালোবাসে তার সামনে নগ্ন হতে পারে। বা মায়ের সামনে সেবিকার সামনে, মানে আমরা যখন চিকিৎসার জন্য যাই, সেবিকার সামনে আমরা নগ্ন হতে পারি। ধাত্রীর সামনে আমরা যখন নগ্ন হই তখন আমাদের সে চেতনা থাকে না যে আমি নগ্ন। তো সেবিকার সামনে আমরা নগ্ন হতে পারি আর যাকে ভালোবাসি তার সামনে নগ্ন হতে পারি। এ ছাড়া অন্যের কাছে কি আমরা নগ্ন হতে পারি? পারি না তো। তেমনি মনে হয় মনের এই কথাগুলো আমি যে বলছি, এই যে নিজেকে ওপেন করছি, এটা আমি কার সামনে করছি! এটা মনে করলেই নগ্নতা মানে আপনি জামা কাপড় ভালো করে পরে নেই এই অবস্থায় ঘরে কেউ ঢুকলে আপনার যে সংকোচ হয় এবং আপনার যে রকম ভাবে ভেতরটা গুটিয়ে যায় আমারও কবিতা লিখতে গেলে ওরকম কিছু কিছূ কথা মনে পড়ে আর তখন আমার ভেতরটা গুটিয়ে যায়। আমি একটা নিষ্ফলা বন্ধ্যাত্বের মধ্যে নিক্ষিপ্ত হই। আমি আপনাকে জিজ্ঞেস করছি আমাকে কি একটা পথ দেখাতে পারেন?

মাহমুদ : আচ্ছা, একটা কথা বলব যে, এরকম যে আমি চেষ্টা করি নাই তা না। একটা সময় যায়, কিছু লেখা হয় না। শুধু চিন্তা চিন্তা। কিন্তু সময়টা বয়ে যায়। আমার মনে হয় যে এটা ঠিক বন্ধ্যাত্ব না। এটা হলো সৃজনশীলতার জন্যে সময়ের ভেতরে সময়ের মধ্যে একটা অপেক্ষা। আমি তো মাসের পর মাস লিখতে পারিনি। আমার নিজেরই মনে হতো আমি বোধহয় ফুরিয়ে গেছি, শেষ হয়ে গেছি – এসব। ভয় লাগতো আমার। কিন্তু আবার তো লিখেছি। লেখাটা শুরু করে দিয়েছি। আমি ফিরে আসতে পারি। সময়ের ভেতর থেকে সময়ের কিনার ঘেষে আমি বেরিয়ে আসতে পারি। আমি লিখি, পড়ি।

জয় : সময়ের ভেতর থেকে সময়ের কিনার ঘেষে আমি বেরিয়ে আসতে পারি! (স্বগতোক্তি) আচ্ছা।

মাহমুদ : আর আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নারী। এবং এটা অকপটে বলা উচিত।

জয় : এবং সেটা সৌন্দর্য। আপনার কাছে নারী মানে সৌন্দর্য।

রাইসু : মাহমুদ ভাই কি স্বীকার করেন কিনা যে নারী মানেই সৌন্দর্য?

মাহমুদ : না, নারী মানে সৌন্দর্য এটা আমি বলি না। কিন্তু নারী আকর্ষণ করে।

জয় : না, আমি বলছি কবিতায় এই যে নারীর উদ্দীপনা আপনার মধ্যে যা তৈরি করে তা দিয়ে যে কবিতাটা লেখেন সেটা একটা সৌন্দর্যের উপাসনা।

রাইসু : আল মাহমুদ কী বলতে চাচ্ছেন, সাবজেক্ট হিসাবে নারী না উদ্দীপনার জন্যে নারী? মাহমুদ ভাই কোনটা বলছেন?

মাহমুদ : দুইটাই মিলে মিশে থাকে অবশ্য।

রাইসু : এবং এইটা সব সময় সৌন্দর্য কিনা। বা সৌন্দর্যের বাইরে নারী আছে কিনা?

মাহমুদ : ব্যাপারটা হলো তুমি সুন্দর বলো কাকে? কী কী বিষয়কে সুন্দর বলো। তুমি যেইটা সুন্দর বলো সেইটা কি সত্যিই সুন্দর। এ প্রশ্নটা করতে হবে। অনেক কবিরা যাকে সুন্দর বলেছেন সেটা প্রকৃতপক্ষে তার কাছেই সুন্দর। অন্যের কাছে সুন্দর ছিল না।

রাইসু : মাহমুদ ভাই, সেক্ষেত্রে যখন আপনার কাছে নারী আকর্ষণীয়, জয়দা যদি তখন বলেন সেই নারী সুন্দর বইলাই আকর্ষণীয়…

মাহমুদ : সেইটা উনি বলতেই পারেন।

রাইসু : আপনার কী মত এই ব্যাপারে?

মাহমুদ : সুন্দরটা নির্ভর করে তো আমার আকাঙ্ক্ষার উপর। আমি কামনা করি। আমি চাই। আমি শুয়ে পড়তে চাই তার সাথে।

রাইসু : সেইটা কি সুন্দর-অসুন্দর নির্বিশেষে আপনি চান না?

জয় : কী অপূর্ব! কী অপূর্ব!

মাহমুদ : এই যে আমার যে আকাঙ্ক্ষা, এই যে ভোগ করার যে লালসা, আর্টের সর্বক্ষেত্রে আমার মনে হয় এইটা আছে। রবীন্দ্রনাথেও আমি খুব ভালো করে পাই। রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি এসব বিষয় নিয়ে ভেবেছেন। কিন্তু বলেছেন অত্যন্ত কম। লিখেছেন অনেক বেশি।


ব্রাত্য রাইসু, জয় গোস্বামী ও আল মাহমুদ

রাইসু : দুয়েকটা উদাহরণ বা দৃষ্টান্ত মনে পড়ে রবীন্দ্রনাথের, এরকম? মনে পড়লে বইলেন। আমি জয়দারে মাঝখানে আরেকটা কথা জিজ্ঞেস করি। জয়দা, আপনি যেটা বললেন যে, সৌন্দর্য ব্যতিরেকে নারীর প্রতি যে লালসা এটারে শিল্পের জন্য আপনি গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? বা শিল্পে এইটা থাকে কিনা?

জয় : আমার ক্ষেত্রে ব্রাত্য একটা কথা বলার দরকার। সকল মানুষের ক্ষেত্রে যেমন একই রকম খাদ্যরুচি নয়, সকল দেশের মানুষের পক্ষে যেমন পোশাক পরিচ্ছদ গাত্রবর্ণ যৌনরুচি একই রকম নয়, এমনকি একই দেশে একই সমাজের বিভিন্ন মানুষের যৌনরুচি ভিন্ন হতে পারে। তেমনি শিল্পের ক্ষেত্রে কোনটি কার পক্ষে সর্বোচ্চ উদ্দীপক সেইটে বলা যায় না। আর একটি মেয়ে আপনার কাছে আসায়, তার সঙ্গে সময় কাটানোয় আপনি উদ্দীপিত বোধ করেছেন এবং কবিতা লিখেছেন। না, ব্রাত্য রাইসুর কথা বলছি না। আপনি হয়তো কোনো মেয়ের দ্বারা উদ্দীপিত হয়েই কবিতা লিখেন নি। এমন হতেই পারে। না, এটা হতেও পারে। ধরুন, অমল বাবু, তিনি একটি মেয়ের দ্বারা উদ্দীপিত হয়ে কবিতা লিখলেন।

মাহমুদ : কে?

জয় : ধরা যাক একটা নাম বলছি অমল বাবু। তিনি তার জীবনে একটি মেয়ে আসায় উদ্দীপিত হয়ে কিছু কবিতা লিখলেন। কবিতাগুলি উৎকৃষ্ট হলো। এইবার কমলবাবু হয়তো সেই মেয়ের সঙ্গেই মিশে কোনো আকর্ষণই বোধ করেন নি। একেবারে একই জিনিস কিন্তু একটি মেয়ের ক্ষেত্রেও হতে পারে, আরেকটি পুরুষের ক্ষেত্রেও। সে তার কাছে উদ্দীপক নয়। ফলে শিল্পে সর্বাবস্থায় সর্বকালের জন্য এইটি বা ওটি একমাত্র উদ্দীপক বা প্রধান উদ্দীপক এমন কিছু জিনিস আমি ঠিক জানি না। কারণ মানুষ তো অনেক রকম। মানুষের উদ্দীপনাও অনেক রকম।

রাইসু : কিন্তু আমি একটু বলে নেই জয়দা, উদ্দীপনার…

মাহমুদ : সিগারেট দাও। সিগারেট দাও একটা।

রাইসু : সিগারেট খাবেন আবার?

মাহমুদ : সিগারেট খাই না! বসে বসে উত্তেজিত করে ফেলছো।

রাইসু : কী করছি?

মাহমুদ : উত্তেজিত করে ফেলছো।

রাইসু : আমি সেইটা বলতেছি না। উদ্দীপক হিসাবে মেয়ে থাকল কী কুকুর থাকল কী ফুলগাছ থাকল কিছু যায় আসে না। এইটারে যখন আমরা সৌন্দর্যের সঙ্গে একীভূত করতে যাই তখন সাবজেক্ট হিসাবে কী আসল তাতে যায় আসে।

জয় : আপনি বলছেন 'আমরা'। 'আমরা' বলে তো কবিতায়…কদিন আগে একজন ভদ্রলোক আমাকে বললেন, 'ব্রাত্যরা যা লিখছে তা কি আপনি পড়েছেন?' তিনি জিজ্ঞেস করলেন। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে, 'আপনি কথাটা কী বললেন? ব্রাত্যরা?' 'ব্রাত্য লিখছে' এ কথাটার একটা মানে। আমি ওর নাম করছিলাম, ওর সঙ্গে যোগাযোগ করতে চাই বলে। তখন বললেন, 'ব্রাত্যরা যা লিখছে তা কি আপনি পড়েছেন?' তো সেটা উনি বললেন। তখন আমি বললাম, 'কী বলছেন আমাকে? আরেকবার বলুন।' বললেন, 'না ব্রাত্যরা মানে উনি এবং ওর বন্ধুরা যা লিখছে সেগুলো পড়েছেন?' আমি বললাম, 'পড়েছি, কিছু কিছু পড়েছি। আরো পড়তে চাই। কিন্তু যখন একজন লোক লিখে তার যতই বন্ধু থাক সে একলাই লেখে তার নিজের কথাটি।' 'ব্রাত্যরা', এখানে 'কবিরা' বলে বা 'আমরা' বলে সৌন্দর্যকে দেখতে চাই কিনা…একটি খোঁড়া মেয়ের জন্য একটি ছেলে কীভাবে পাগল হয়েছিল আমি তাকে দেখেছি। তার জন্য অন্য ছেলেরা পাগল হয়নি। এইবার প্রতি মানুষ ভেদে সৌন্দর্য জিনিসটা বদলে যায়।

রাইসু : আমি আসলে এইখানে ফাঁকের মধ্যে পইড়া আছি। আগাইতে পারতেছি না। আপনারে বোঝাইতে পারতেছি না। এইটারে আমি সৌন্দর্য বলতে রাজি না।

জয় : আপনি রাজি না, কিন্তু আমি বলছি সেইটা আমার কাছে সৌন্দর্য।

রাইসু : এই যে বিভিন্ন রকম আকর্ষণ হচ্ছে, এইটার কারণ হচ্ছে সৌন্দর্য, আপনি কি এমন বলতেছেন? আমি সেইটাই জানতে চাইতেছি।

জয় : আমি বলছি এইটাই যে আমার যেই মেয়েটিকে সুন্দর লাগল তার মানে তার সৌন্দর্য আছে একথা আমি বলছি না।

রাইসু : মাহমুদ ভাই যখন বলেন নারী তার কাছে আকর্ষণীয় তখন উনি সৌন্দর্য়ের কথা বলতেছেন না কিন্তু। আমি সেই পার্থক্যটা রাখতে চাইতেছি। সেটা আপনি কীভাবে দেখেন?

জয় : আমার কাছে সুন্দর লাগল।

রাইসু : উনি কিন্তু লালসার কথা বলতেছেন। সৌন্দর্যের কথা বলতেছেন না।

জয় : এইবার সুন্দর লাগার পরে লালসা জন্মাতে পারে।

রাইসু : মাহমুদ ভাই কি মনে করেন সুন্দর লাগতে হবে লালসা জন্মানোর জন্য।

জয় : 'হবে'টা বলি নি। আমি 'পারে' বলেছি। আপনি শুনুন, ওই লোক যেমন 'ব্রাত্যরা' বলতে পারে আপনি তা পারেন তা আমি ভাবিনি। আপনি সেই ভুল করে যাচ্ছেন। আশ্চর্য! সেটা হলো 'কবিরা' বা 'আমরা' সেটাকে সুন্দর বলে মনে করব। অথবা আমি বলছি 'তার' লালসা জাগতে পারে। আবার লালসা নাও জাগতে পারে। এমনকি বিষাদ হতে পারে। আমি যে আপনাকে কথাগুলো বলছি কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমার এইগুলো এইগুলো হয়েছে। এইগুলো যে সব লোকের হয়, তার মানে এটা হবেই এমন ব্যাপারে আমি নিশ্চিত না।

মাহমুদ : কথা হলো, আমি খুব বিবেচনা করে দেখেছি একজন কবি তার সময়ে তার আশেপাশে কোনো বিশেষ একটি মেয়েকে – অন্যান্য মেয়ের প্রতি তার লোভ ছিল কিন্তু একটি মেয়েকে নিয়ে কবিতা লিখেছে। লিখেছে এবং সেটা কবিতা হিসেবে গ্রাহ্যও হয়েছে। এখন এ মেয়েটির পরমায়ু কত? মেয়েটি কিছুদিন পরে হয়তো মরে যাবে। ধূলায় মিশে যাবে। কিন্তু সে কখনো ধূলায় মেশে না। কারণ একজন কবি, কোনো এক সময় তার রূপের গুণগান গেয়েছিল। সে অত রূপসী না আসলে। পরী-টরি না। কিন্তু একজন কবি তাকে পছন্দ করেছিল সেজন্য সে আর মরে না। সে কবর থেকে উঠে উঠে আসে। দশ বছর পর আরেকজন কবি তাকে কবর থেকে তুলে আনে। কারণ তার উপর একজর কবি কবিতা লিখে গিয়েছিল। আমি জানি না এটায় সুন্দরের কী ইয়ে, মানুষের কামনা-বাসনা থেকে সুন্দরের ধারণা সৃষ্টি হয়।

জয় : তা হতে পারে। আপনার একথা আমি মেনে নিলাম। সেক্ষেত্রে ব্রাত্য যেটা বলছেন তার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। ব্রাত্য বলছেন যে আসলে সুন্দর যেটা লাগছে…দুজনে কিন্তু আপনারা একই জায়গায় গেলেন। বাহ! এবার বুঝতে পারলাম। এবার আমি ধরেছি। ব্যাপারটা বুঝতে পেরেছি। এই যে তার প্রতি আকর্ষণটা জন্মাচ্ছে তা আসলে এক ধরনের আমার পক্ষে তখন পর্যন্ত না-জানা লালসা।

রাইসু : সৌন্দর্যের বোধ জন্ম নেয় নাই কিন্তু আকর্ষণ বা লালসা তৈরি হইছে এই রকম তো হয়। আপনার কবিতায়ও আছে নিশ্চয়ই।

জয় : আমি বোকার মতন ভালোবেসে ফেলি। সেটা নারী-পুরুষ নির্বিশেষে। তারপর সেখান থেকে বেরুতে আমার বড্ড কষ্ট হয়।

রাইসু : জয়দা অনেক অনুভূতিশীল কবি। সংবেদনশীল কবি। মাহমুদ ভাইয়ের অবস্থা কী? আপনি কি বন্ধুরা আঘাত করলে বেদনা পান?

মাহমুদ : বন্ধুরা আঘাত করলে বেদনা পাই। যেটা সত্য সেটা বলছি। একেবারে অন্যায় ভাবে আঘাত করে তো বন্ধুরা। যখনই আঘাত করে অন্যায় ভাবে আঘাত করে। পক্ষে কেউ দাঁড়াতে চায় না। ব্যাথা পাই। কিন্তু একটা ক্ষমতা আছে। আমি কবিতা লিখি বলেই আমার হয়েছে। সেটা হলো, উপেক্ষার শক্তি।

জয় : উপেক্ষার শক্তি। এইগুলো শেখার কথা। আমি যে আপনার কাছে শিখতে এসেছি এইগুলো শিখব বলে। এখন আর জানি না এই বয়সে শিখতে পারব কিনা।

২.

রাইসু : পুরনো কবিদের ব্যাপারে আপনাদের অবস্থানটা একটু জানতে চাই। প্রথম জীবনে কাদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। প্রথমে জয়দা বলেন। তাপরে মাহমুদ ভাই বলবেন।

জয়: আমার ক্ষেত্রে মনে হয় যে রবীন্দ্রনাথই প্রথম। আমাদের বাড়িতে রবীন্দ্র রচনাবলী ছিল। সেই দেখা থেকেই আমি…আর ওই রবীন্দ্রনাথের যে কাটাকুটিগুলো ওগুলো দেখে মনে হলো, বেশ একটা লিখল। কত যন্ত্রণায় পড়লে ওই কাটাকুটির মধ্য দিয়ে যেতে হয় সেটা অনুভব করার বয়স তো তখনও হয় নি। জিনিসটা আমি ধরতে চাইছি ধরতে পারছি না। বার বার সে অপসৃয়মান। সরে সরে যাচ্ছে। তাকে আবার আনতে চেষ্টা করছি। আবার একটা বিকল্প মনে আসছে। সেই অপসৃয়মান বিকল্প, সেটাকে আবার ধরতে চাচ্ছি এইভাবে : আমি যখন তের নম্বর লাইনটা লিখছি আমি জানি না সতের নম্বর লাইনটা কী। ষোলো নম্বর লাইনটা যখন তৈরি হলো আমার দ্বাদশ লাইনটা চেঞ্জ করতে হলো। এই যে অবস্থা! এবং সে কবিতা উনিশ লাইনে শেষ হবে নাকি সাইত্রিশ লাইনে তা আমি জানি না। এই যে অবস্থার মধ্যে চলা – এই যন্ত্রণা তো রবীন্দ্রনাথকে পেতে হয়েছে। রক্তকরবীর মত বইটি ন' বার লিখে দশ বারের বার লিখেছেন। তখন এইসব জিনিসগুলা তো আকর্ষণ করতোই।

রাইসু: মাহমুদ ভাইয়ের ক্ষেত্রে কী রকম?

মাহমুদ: আমার ক্ষেত্রেও প্রায় কাছাকাছি। আমি রবীন্দ্রনাথ দ্বারাই আমার অল্প বয়সে উদ্বুদ্ধ হয়েছি, দোলা লেগেছে রবীন্দ্রনাথের। কিন্তু সত্য হলো এই, তখনকার সময়ে হঠাৎ কাজী নজরুল ইসলাম, একজন লোক, যিনি এসে কিছু কবিতা লিখলেন। এবং ব্রিটিশ উপনিবেশ শাসনকে ইয়ে করে তিনি এগোলেন। এ ধরনের লোকের…তিরিশের কবিরা করল কী, প্রথম নজরুলের দ্বারা উদ্বুদ্ধ হল। কিন্তু তারা সবাই ছিলেন ভালো ছাত্র। সাহিত্যের ভালো ছাত্র, তাদের দরকার ছিল ভালো চাকরি, আরামের জীবন। নজরুলের পিছনে গেলে সেটা কী করে হয়? কিন্তু নজরুলই তাদের উদ্বুদ্ধ করেছিল, তিরিশের কবিদের। তো তারা নজরুল থেকে ফিরে এসে রবীন্দ্র-পূজা শুরু করে। তারা বুদ্ধিমানের মত কাজ করে।

রাইসু: তিরিশের কবিরা রবীন্দ্রপূজা শুরু করল কি? তারা তো অনেকাংশে রবীন্দ্রনাথ থিকা বেরুইতে চেষ্টা করল।

মাহমুদ: রবীন্দ্রনাথ থেকে বেরুবার চেষ্টা করেছিলেন, এটা হলো নজরুলের দিকে ঠকে। কিন্তু অতি অল্পকালের মধ্যে তারা বুঝলেন যে নজরুল হলো তাদের জন্য বিপজ্জনক।

রাইসু: এটা কি তাদের ব্যাপারে আপনার কোনো সাইকোলজিক্যাল রিডিং, না তাদের লেখালেখির মধ্যে আপনি এইটা পান, মাহমুদ ভাই?

মাহমুদ: দেখো, অত খোঁজ করে তো বলতে পারব না আমি…

রাইসু: মানে আপনার মনে হয়…?

মাহমুদ: আমার মনে হয়। যে তিরিশের কবিরা সবাই ছিলেন সাহিত্যের ভালো ছাত্র, সবাই। এবং তাদের ভালো চাকরি দরকার ছিল। কিন্তু তাদের উদ্বুদ্ধ করেছিলেন কাজী নজরুল ইসলাম। এইজন্য তারা নজরুলের দিকে প্রথম যাইতে চাইলেন কিন্তু দেখলেন যে জেল-জুলুম নজরুলের মধ্যে…নজরুলের পশ্চাদ্ধাবন করা হলো এগুলোকে আহবান করা।

রাইসু: এটা কি মাহমুদ ভাই…

মাহমুদ: দাঁড়াও, আমি কথাটা শেষ করি…। তারা দ্রুত নজরুল থেকে ফিরে এলেন। এসে রবীন্দ্রপূজায় নিমগ্ন হলেন। তারা ঠিকই করলেন। কারণ কাজী সাহেবের যে জীবন এটা অনুসরণীয় ছিল না। আমি মনে করি না।

রাইসু: মাহমুদ ভাই, বলব এবার?

মাহমুদ: হ্যাঁ, বলো।

রাইসু: এটা কি এই জিনিস কিনা, আমাদের বাঙালি মুসলমানদের যে একটা তুলনার ব্যাপার আছে, গ্রেট তুলনা। যে রবীন্দ্রনাথ বড় না নজরুল বড়; ওইখান থিকা আসে নাই তো আপনার এই বিচার?

মাহমুদ: না, ওইখান থেকে আসে নাই। কারণ আমি খুব ভালো করেই জানি যে রবীন্দ্রনাথ কত বড়। এবং এটা কাজী সাহেবও জানতেন।

রাইসু: আপনি উদ্বুদ্ধ হইলেন কারে দিয়া? আপনি কি নজরুল দিয়া উদ্বুদ্ধ হইলেন না রবীন্দ্রনাথ দিয়া?

মাহমুদ: সত্য কথা বলতে কী, আমি উদ্বুদ্ধ হয়েছিলাম কিন্তু মুশলমান (উচ্চারণ-এ গুরুত্ব দেয়ার জন্য স-র পরিবর্তে শ ব্যবহার করা হলো – ব্রা. রা.) ছেলে হিসাবে, একটা পরিবারে মুশলিম ছেলে হিসাবে আমি নজরুল দ্বারাই উদ্বুদ্ধ হয়েছিলাম। এটা হলো বাস্তব সত্য। অগ্নিবীণা এইসব তখন আমাদের ঘরে আসতে শুরু করেছে। আমরা নজরুলকে নিয়ে উন্মত্ত হয়ে পড়েছিলাম। কিন্তু, অল্পকালের মধ্যে আমাদের কতগুলো বিচার-বুদ্ধি দানা বাঁধে। আমার হাতে চলে আসে একটা বই। ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি বলে একটা বই আসে। আমি দেখলাম যে অন্য রকম কবিতা আছে।

রাইসু: জয়দা পানি খাবেন?

জয়: না, এই একই রকম অভিজ্ঞতা তো আমারও তাই আমি উত্তেজিত বোধ করছি। মানে আমার মা একটা স্কুলে পড়াতেন। স্কুলের হেড মিট্রেস ছিলেন তিনি। এবং মায়ের মায়ের খুব দাপট ছিল। আমাকে যেমন দেখছেন যে আমার কোনো দাপট নেই। না সত্যি, আমি খুব যে ধরনের মানুষ আর কি, যে ভীরু প্রকৃতির আমার মা তেমন ছিলেন না। আমার মা খুবই যোদ্ধা ছিলেন। যুদ্ধ করতে পারতেন জীবনের সঙ্গে। দুটি বাচ্চা নিয়ে বিধবা হয়েছিলেন। তখন আমার বয়স সাড়ে সাত আর আমার ভাইয়ের বয়স পাঁচ। এই অবস্থা থেকে উনি খুবই যুদ্ধ করে সংসার করেছেন। বড় যে পরীক্ষাগুলি হতো অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষা তাতে সমস্ত স্কুলের টিচাররা গার্ড দিতেন। আমি একটা ছোট্ট টাউনে থাকতাম। ছোট মফস্বল টাউন। সেখানে চারটা পাঁচটা ছটা স্কুল ছিল। ছোট ছোট স্কুল। সেই স্কুলে প্রত্যেকটা ভেনুতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা নেয়া হতো। তাকে প্রতিদিন ইনভিজিলেশন দিতে হতো। এই ইনভিজিলেশনের পর পরীক্ষা শেষ হওয়ার পর সকলে মিলে একসঙ্গে হতো। ছটা স্কুলে প্রচুর সিট পড়েছে। আর তাতে দিদিমনিরা আর স্যারেরা মানে শিক্ষকরা এবং শিক্ষয়িত্রীরা, তারা গার্ড দিতেন। আমার মা ছিলেন চিফ ইনভিজিলেটর। এবং সে একটা ভেনুর প্রধানও ছিল। তারপর এই যে ছটা সাতটা ভেনুতে পরীক্ষা হলো, যারা পরীক্ষায় গার্ড দিলেন তাদের সবাইকে নিয়ে সোশ্যাল গ্যাদারিং একটা হতো একেবারে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর। তখন খাওয়া-দাওয়া হতো সন্ধেবেলা। দিদিমনিরা গান গাইতেন। দিদিমনিরা সেদিন চুলে ফুল-টুল লাগিয়ে এসেছে। কিছু কিছু অল্পবয়েসী ছাত্রী সাহায্য করতে আসতো। অল্পবয়েসী ছেলেরাও থাকত, তরুণরা। তারা সাহায্য করতো। মাষ্টার মশাইরা যারা আবৃত্তি করতে জানতেন তারা আবৃত্তি করতেন। যারা একজন দুইজন গান গাইতে জানতেন তারা গান গাইতেন। এই হলো অবস্থা।

এই পুরো জিনিসটা দেখাশোনা করতেন একজন ভদ্রলোক, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ওখানকার। তার ভার ছিল পুরোটা দেখার। সেই সোশ্যাল গ্যাদারিং যখন হচ্ছে তখন ভদ্রলোককে বলা হলো আপনি কিছূ বলুন। তিনি উঠে দাঁড়িয়ে খানিকটা এদিক-ওদিক তাকালেন। বুশ শার্ট পরা ছিলেন ভদ্রলোক। এদিক-ওদিক তাকালেন। তাকিয়ে বললেন, 'আমি তো গান-টান জানি না। আমি একটা কবিতা বলছি।' এই 'কবিতা বলছি' কথাটা এই প্রথম শুনলাম। তার আগে শুনতাম 'কবিতা আবৃত্তি করছি', সব সময়। বলে, তিনি একটা কবিতা আস্তে আস্তে বললেন। সেই কবিতাটা হচ্ছে 'বনলতা সেন'। তখন আমার তের চোদ্দ বছর বয়স। বা পনেরো। আমি খুব অবাক হয়ে ভাবলাম, কবিতা কি এরকমও হয়। খুব অবাক হয়ে ভাবলাম, এটা কী রকম বললো! কিন্তু মনে একটা রোমাঞ্চ হলো একবার শুনে। তারপর আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এই কবিতাটা কোথায় আছে। বলে একটা বইয়ে আছে এই নামে। এইবার বইটা পড়লাম। বইটা পড়ে দেখলাম, মেয়েদের নাম ধরে ডাকছে। 'অরুণিমা স্যান্যালের মুখ'। নাম ধরে ডাকছে। এই আস্তে আস্তে…

রাইসু: পরবর্তীকালে আরো পুরোনো কবিতা কি আপনারা পড়ছিলেন? আপনারা দুজনই তো মনে হয় পড়ছেন। ধরেন, মধুসূদন বা ভারতচন্দ্র। এঁদের ব্যাপারে আপনাদের অবস্থানটা কী ধরনের?

মাহমুদ: আমি অবশ্য আমার কথা বলতে পারি। সব সময় পুরোনো কবিতা পড়তে আমার ভালো লাগে। আমি শাহ মোহাম্মদ সগীর, সেই দশম শতকের কবি, তার ইফসুফ জুলেখা এইসব আমি পড়তাম।

রাইসু: এগুলি কি পাঠ্য বইয়ের বাইরে কোথাও পড়তেন?

মাহমুদ: পাঠ্য বইয়ে তো কাছাকাছিই নাই। পাঠ্য বই তো অন্য রকম। এসব জোগাড়ও করতাম। যেমন এক জায়গায় আছে। শাহ মোহাম্মদ সগীরের কবিতায়। ওঁর ছেলেকে হারিয়ে ফেলেছেন। সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। তো বলছেন,`ঘর ঘর যাও, পুত্র যেথা পাও, পুত্র হেন ভিক্ষা মাগো। কোন ধর্মশিক্ষা পুত্র দিব ভিক্ষা, তান পদগত লাগো।' তার পায়ের মধ্যে পড়ে যাব। এইটা শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখার। ইউসুফ জুলেখাকে খুব অশ্লীল কবিতা বলা হয়। কিন্তু আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এত উপমা…এবং শব্দের যে প্রয়োগ! বিস্ময়ে আমি হতবাক হয়ে যাই। এবং এরা ছিলেন খুবই উদার।

জয়: ওই যে পাঁচালীর মত একটা ফর্মে লেখা?

মাহমুদ: হ্যাঁ। এইভাবে আমি চর্যাপদ থেকে এ পর্যন্ত…।

রাইসু: মধ্যযুগের কবিতা, বৈষ্ণব কবিতা পড়ছেন আপনে?

মাহমুদ: হ্যাঁ সব, প্রায়। বলা যায় যে আমি খুব স্বাদ গ্রহণ করে পড়েছি। এ ছাড়া আমাদের এখানে একটা কালীবাড়ি আছে। কালীবাড়িতে পদকর্তারা গান গেয়ে খঞ্জনি বাজিয়ে এই যে, 'নিচোল বলিয়া আঁচলে চলিনু পড়িনু অগাধ জলে, লছমি চাহিতে দারিদ্র বেড়ল মানিক হারানু হেলে, সখী গো, কী মোর করমে লিখি?'

জয়: এই আমরা তো গোসাই বাড়ির, আমাদের বাড়িতে এই কীর্তন এবং পদাবলী এবং বৈষ্ণব কবিতার মোটা মোটা বই আছে। আমি চৈতন্য চরিতামৃতও পড়েছি অল্প বয়সে। বুঝেছেন, পড়ে এই যে, 'কৃপা করি করো আত্মসাৎ' কেমন! এটা এখন আমি বুঝতে পারি যে ছিল, বাড়িতেই ছিল… আমি একটা অন্য কথা জিজ্ঞেস করছি। এ কথাটা বার বার ভুলে যাচ্ছি। গাড়িতে যখন আসছিলাম ওর সঙ্গে তখন ভেবেছিলাম এ প্রশ্নটা জিজ্ঞেস করব আপনাকে। আমার ভিতরে একটা জিনিস, একটা প্রশ্ন দানা বাঁধে। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথের পরে আমাদের যে…ওই যে তিরিশের কবিদের নিয়ে কথা হচ্ছিল, তিরিশের কবিদের থেকে এখন পর্যন্ত যারা বড় কবি আছেন, শক্তি-টক্তি সমস্ত আমি ধরেই বলছি—এই পর্যন্ত, একটা জিনিস আমি দেখতে পাই, আপনি এটা লক্ষ্য করেন কিনা জানি না, আমি জানি না ব্রাত্যও এটা লক্ষ্য করেন কিনা। সেটা হচ্ছে কবিরা নিজেদের কবিতার জন্য একটা ভাষা তৈরি করেন বা করতে পারেন বা সেটা জন্মায় বা সেটা সৃষ্টি করেন। তৈরি বলব না, সৃষ্টি করেন। তারপর বেশির ভাগ ক্ষেত্রে সেই ভাষাটিতে তারা সন্তর্পণে অথবা যথেচ্ছ—এই 'সন্তর্পণে' এবং 'যথেচ্ছ' দুটি কথা যে কোনো ধরনের কবি সম্বন্ধে বলা যাবে না। শক্তি সম্পর্কে বলা যায় 'যথেচ্ছ' কথাটা। আবার 'সন্তর্পণে' কথাটা বলা যায় বিষ্ণু দে বা সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে—অনুসরণ করে চলেন। অলোকরঞ্জনকেও আমরা তাই দেখি। তারপর বিশেষ পালটে আর যান না।

আমাদের সমসাময়িক কবিরাও আছেন। আমি এখানে যাদের নাম করছি এঁরা খুবই ভালো কবি, আমার সমসাময়িক কবি। যেমন ধরা যাক, মৃদুল দাশগুপ্ত বা রণজিৎ দাশ। তাঁদের কবিতাও খুবই ভালো, এবং মন দিয়ে পড়ি। খুবই ভালো লাগে। কিন্তু ধরা যাক একটা ভাষা, সেই বাড়িটি তারা নিজে বানিয়েছেন, এমন নয় যে বাড়িটি অন্য কেউ বানিয়ে দিয়ে গেছে, তার নিজের জিনিস। কিন্তু সেইটার মধ্যে দিয়েই তারা চলতে থাকেন। এই একটা।

দ্বিতীয় হলো, কিছু একটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। যেমন জীবনানন্দের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেখা গিয়েছিল। সুভাষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে বার দুয়েক এরকম পরিবর্তন হয়েছে। শঙ্খ ঘোষের ক্ষেত্রে দুয়েক বার হয়েছে—কয়েকবার হয়েছে, কয়েক বার বলব। পাল্টে পাল্টে গেছে। আপনার ক্ষেত্রে হয়েছে। পাল্টে পাল্টে গেছে। কিন্তু প্রধান জিনিসটা থাকে না-পাল্টানোর দিকে, একই স্রোতে বয়ে যাওয়ার দিকে। কিন্তু আমাদের যিনি প্রধান কবি অর্থাৎ রবীন্দ্রনাথ তাঁকে আমরা দেখি সে ভেঙেচুরে পাল্টে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে, নানা পদ্ধতিতে যাচ্ছে। আমি এই বিষয়ে আপনার কথা একটুখানি শুনতে চাই। কবিদের মধ্যে কি একটা এরকম প্রবণতা থাকে যে একটা দিয়েই সে চলেছে, পথ চলেছে? রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দেখি যে এটা ঠিক নয়। ঠিক নয় মানে রবীন্দ্রনাথ প্রায়ই পাল্টেছে।

রাইসু: রবীন্দ্রনাথ প্রধান কবি এইটা কি মাহমুদ ভাই মানেন?

মাহমুদ: রবীন্দ্রনাথ হলো আধুনিক বাংলা ভাষার প্রতিষ্ঠাতা। আমার নিজের মতে, আধুনিক বাংলা ভাষা রবীন্দ্রনাথই সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের আয়োজন যে রকম তিনি সেই প্রয়োজনটাও পূরণ করে গেছেন। রবীন্দ্রনাথ অনেক কাজ করে গেছেন। যার কোনো তুলনা হয় না। এত বেশি কাজ করেছেন! ছন্দের দিক দিয়ে তো অপূর্ব দোলাচল সৃষ্টি করে মোহগ্রস্ত করে গেছেন বাঙালী জাতিকে।

এখন রবীন্দ্রনাথের পরেও তো কবিতা লেখা হয়েছে, তিরিশের কবিতা। তিরিশের কবিদের দোষটা কোথায় ছিল? তিরিশের কবিরা, আমার ধারণা এটা, ভুলও হতে পারে, যে তিরিশের কবিরা প্রকৃতপক্ষে বাঙালী ছিলেন না। এটা তারা স্বীকারও করেছেন। যখন স্বীকার করেছেন তখন তাদের সবারই ষাইট পেরিয়ে গেছে। তাদের কোনো দেশ ছিল না। তিরিশের কবিদের কোনো দেশ ছিল না। আপনি দেখেন, বিষ্ণু দে বলেছেন, 'আমরা খুঁজেছি হরেক বইতে আপন দেশ/দেশের মানুষ ঘুরিয়েছি শুধু ডাইনে বাঁয়ে।' তারপরে কী যেন একটা লাইন আছে 'হয়রান হয়ে খুঁজছি শেষ…ফিরব মোড়ল এখন বলো সে কোন গায়!' তারা বুঝতে পেরেছিলেন, কবিদের একটা দেশ দরকার হয়। যখন তারা এটা বুঝতে পারলেন যে কবিদের একটা দেশ দরকার হয় তখন সবারই ষাইট বছর পেরিয়ে গেছে। আপনি দেখেন বুদ্ধদেব বসুকে সবচেয়ে বেশি আমরা পড়েছি। বুদ্ধদের বসু কিন্তু দেশে ফিরতেই চাইলেন। তারও একটা দেশ দরকার ছিল। কিন্তু তিনি ফিরলেন কোথায়? মহাভারত-এ!

রাইসু: সে তো এক অর্থে আরো বড় দেশ।

মাহমুদ: না, প্রকৃত দেশ যেইটাকে তিনি ভাবতেন, যেমন বাংলাদেশ, এইটাতে তো তিনি ফিরলেন না। তিনি ফিরলেন মহাভারত-এ। মহাভারতকেই দেশ হিসেবে বিবেচনা করলেন। আমি দোষ বলছি না।

জয়: না এটা দোষ নয়।

রাইসু: সবারই একটা পটভূমি দরকার হয়।

মাহমুদ: তো আমার মনে হয় প্রকৃত বাঙালী, যাদের দেশ আছে এরকম কবিদের মধ্যে নিশ্চয়ই শক্তি চট্টোপাধ্যায় একজন। এবং আমি আছি এইদিকে। আর জয় গোস্বামীকে এটা মনে হয়েছে। যে একটা…এরা দেশ খুঁজে পেয়েছে, এবং দেশটা হলো বাংলাদেশ।

রাইসু: মাহমুদ ভাই, জয়ের কবিতা কী পরিমাণ আপনি পড়ছেন?

মাহমুদ: আমি পড়েছি।

রাইসু: কী মনে হয়, জয়ের কবিতা সম্পর্কে যদি আপনি বলেন?

মাহমুদ: আমি খুব উদ্দীপনামূলক একজন জীবন্ত কবি হিসেবে, বাঙালি কবি হিসেবে গ্রাহ্য করি জয় গোস্বামীকে। জয় যখন তাঁর প্রথম দুইটা বই বের করেন তিনি আমাকে পাঠিয়ে ছিলেন। আমি মতামত জানাই নি, কিন্তু খুব উপভোগ করেছি। এটি আমার মনে আছে।

রাইসু: জয়দা, মাহমুদ ভাইয়ের কবিতা কেমন লাগে আপনার?

জয়: আমার মনে হয় যে বাংলায় চিরকালের জন্যে যে কবিতা থেকে যাবে বলে আমি বিশ্বাস করি সেই কবিতা উনি লিখেছেন। আমি অল্প কথায় উচ্ছ্বাস ব্যতীত বলতে চেষ্টা করছি। এবং ওঁর কবিতা আশ্চর্য হয়ে যাওয়ার মতন, যে কী করে এমন হয় যে একই সঙ্গে ব্যক্তিগত প্রেমের কবিতার মধ্যে সমগ্র দেশকাল এসে মিশছে। একেবারেই ব্যক্তিগত প্রেমের কবিতা। কিন্তু তার মধ্যে এসে সমস্ত মুহুর্মুহু যাতায়াত করছে। তা একবার ইতিহাসে যাচ্ছে। একবার কালোত্তরে চলে যাচ্ছে, আবার সে একেবারে শরীরে ফিরে আসছে। তানের মত। মানে একটা তান যখন চলে, বড় তান যখন চলে, ধরুন, সেতারে বা সরোদে একটা বড় তান, সেটা তিনটা অকটেভ জুড়ে চলতে থাকে। মধ্য সপ্তক থেকে শুরু হর, একটা নারীকে নিয়ে কবিতা শুরু হলো। ধরুন সেটি মধ্য সপ্তক, তারপর দ্রুত তা চলে এল তার সপ্তকে, আবার চলে গেল মন্দ্র সপ্তকে। এই যে যাতায়াত…একবার দেশকাল, একবার শরীর, একবার প্রেম, বাসনা এসমস্ত কিছু মিলেমিশে একটা…জাতির ইতিহাস…এ সমস্ত কিছু…অথচ সে কবিতাগুলো হয়তো লেখা হচ্ছে ধরা যাক ১৪ লাইনের মধ্যে। কুড়ি লাইনের মধ্যে। পুরো জিনিসটার জন্যে কিন্তু, আমার কবিতা লেখার জন্য বড় আয়োজন হয়, দীর্ঘ কবিতা লেখার চেষ্টা করি। খুব ছোট জায়গার মধ্যে, একটি দুটো লাইনের মধ্যে উনি সমস্ত জিনিসটাকে ধরেন। হঠাৎ এক জায়গায় 'ফসলের সুষম বণ্টন'টাকে নিয়ে এলেন এমন একটা কবিতার মধ্যে…আবার পুরাণের মধ্যে ফিরে গেলেন…ব্যক্তিগত, যে, 'পৌরুষ আবৃত করে জলাপাইয়ের পাতাও থাকবে না।' ওর মধ্যে চলে গেলেন উনি। আবার তার মধ্যে আমাদের যে রিচ্যুয়ালগুলো, আমাদের যে…এই প্রথা, বধূবরণের বিভিন্ন প্রথা বা ইত্যাদি এইসব জিনিসগুলোকে মিলিয়ে দিচ্ছেন, এমন করে মেলাচ্ছেন যে সেইটা কিন্তু একটা চিরকালের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এইটা একটা মস্ত বড় কাজ। এরকম একজন কবির সামনে বসে থাকতে পারা ভাগ্য!

রাইসু: মাহমুদ ভাইয়ের কবিতা 'সোনালী কাবিন' পড়ছেন?

জয়: হ্যাঁ। হ্যাঁ।

রাইসু: ওইটা নিয়া আপনার কী মত?

জয়: সেইটাই তো বললাম।

রাইসু: ওইটার মধ্যে সমালোচনাগুলারে কীভাবে দেখেন? কম্যুনিজম বা…

জয়: দেখুন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, আমার জীবনে রবীন্দ্রনাথের একটা ভূমিকা আছে। রবীন্দ্রনাথের সঙ্গে একটা সম্পর্ক আছে। এই নিয়ে আমি গদ্যও লিখেছি। রবীন্দ্রনাথের একটা কথা আমি বলি এখন।

রাইসু: মাহমুদ ভাইয়ের কিন্তু প্রায় অভিসম্পাতের মত সমালোচনা থাকে…

জয়: হ্যাঁ, হ্যাঁ। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন। সেই কথাটাই আমি পুরো রিপিট করছি। 'রসের ক্ষেত্রে আমি মত বিচার করি নে।'

মাহমুদ: বাহ্।

জয়: রবীন্দ্রনাথের কথা।

রাইসু: এইটা এক অর্থে খারাপ। মত বিচার করা উচিত।

জয়: হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত।

রাইসু: মত যদি সঠিক হয় তখনও নিজের মত আকড়াইয়া থাকতেন রবীন্দ্রনাথ, অন্যের মত মানতেন না। এইটার মধ্যে সেটাই আছে।

জয়: হ্যাঁ, কিন্তু আমি তো রবীন্দ্রনাথের মত দৃঢ়চেতা মানুষ নই, আমি সহজে ভালোবেসে ফেলি।

মাহমুদ: হাঃ হাঃ হাঃ (হাসি)।

জয়: এটা আমার সাহিত্যের ক্ষেত্রেও চলে। আপনি দেখেছেন, আপনি আমার সঙ্গে মিশলেন। এই যে ধরুন আপনার কবিতাই বলুন, আমাদের শাহরিয়ারের কবিতাই বলুন, কি সাজ্জাদ শরিফের কবিতাই বলুন, আমি একবার দুটো কবিতা নেড়েচেড়ে দেখলাম যেই পড়লাম, পড়ে আমি মুগ্ধ হলাম, বাহ্ এ কী সুন্দর! এটা আমার স্বভাব। এই বয়সে এই স্বভাবকে আমি আর নতুন কোনো শিক্ষা নিয়ে বদল করতে পারবো না।

মাহমুদ: বাহ, খুব সুন্দর।

রাইসু: নিশ্চয়ই কেউ চায় না যে আপনি বদল করেন। এইটা অবশ্যই থাকবে আপনার। রবীন্দ্রনাথের ব্যাপারে মাহমুদ ভাই, উনি যেইটা বলছিলেন, মানে রবীন্দ্রনাথ আমাদের প্রধানতম কবি, এইটার ব্যাপারে আপনার কী মত? উনি কি প্রধানতম আমাদের, আপনি মনে করেন কিনা? এর আগে কিন্তু মধুসূদন আছে, ভারতচন্দ্র আছে, যাদের কবিতার ব্যাপারে রবীন্দ্রনাথের হয়ত নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু তাদের কবিতা আমরা তো বাদ দিতে পারি নাই এখনো। বা জীবনানন্দ দাশ আছে পরবর্তী কবি। আপনি আছেন। শামসুর রাহমান ছিলেন। এখন প্রধানতম কবি হিসাবে রবীন্দ্রনাথরে আপনি কতটা গণ্য করেন। বা মান্য করেন?

মাহমুদ: আমি? আমি অকপটে এবং নিঃসঙ্কোচে বলছি যে রবীন্দ্রনাথ আধুনিক বাংলাভাষার মুক্তিদাতা, আধুনিক কবিতার মুক্তিদাতা, সৌন্দর্যবোধের চরম প্রদর্শনকারী। এছাড়া বাংলাভাষায় সম্ভবপর মিল, অন্ত্যমিল যেটা, এটা রবীন্দ্রনাথের কাছে…। রবীন্দ্রনাথ এখনো দারুণ ভাবে উদ্বুদ্ধ করে।

জয়: আমার একটু বলার আছে এই সঙ্গে, এর সঙ্গে আমি যোগ করতে চাই। এমন নয় যে আমি এই কথার বিরুদ্ধে কিছু বলছি। সঙ্গে এটার সমর্থনে আমি দু'একটা কথা বলব। আপনি যে ভারতচন্দ্র বা মধুসূদনের কথা বলছেন—মধুসূদন খুবই শক্তিমান কবি, কোনো সন্দেহ নেই তার প্রতি। ভারতচন্দ্র বা ধরুন চর্যাপদের কবিদের সম্মিলিত প্রয়াস সমস্তই আমি মনে রেখে একটা কথা শুধু আপনাকে বলি, কাজ করতে গেলে, বড় কাজ যদি কেউ করতে চান তাতে কিন্তু একটু আয়ুও লাগে। একটু আয়ুও লাগে।

মাহমুদ: (হাসি)।

জয়: মানে এটা সত্যি যে র‍্যাবো একটি ছোট্ট বই লিখে অমর হয়ে গেছেন, ঠিকই। একরকম বিশ্বসাহিত্যে আমরা অনেক পাবো। বি শ্ব সা হি ত্যে। কিন্তু আমি বলতে চাইছি, যাদের নাম আপনি করলেন অর্থাৎ ভারতচন্দ্র…

রাইসু: মধুসূদন…

জয়: বা যাদের থেকে রবীন্দ্রনাথ অনেক নিয়েছেন, যেমন বৈষ্ণব কবিতা…

রাইসু: এখন ধরেন ভারতচন্দ্র হয়তো রবীন্দ্রনাথ থিকা নিতে পারেন নাই আগে জন্মাইছেন বইলা। মধুসূদন সেটা নিতে পারেন নাই রবীন্দ্রনাথ থিকা। তাইলে হয়তো ওনারাও নিতেন।

জয়: এ যুক্তিটা কোনো যুক্তি নয়। এটা কোনো যুক্তি নয়।

রাইসু: না, এটা রসিকতা।

জয়: রসিকতা, হ্যাঁ। কিন্তু আমি যেটা বলতে চাইছি, রবীন্দ্রনাথ যখন কবিতা লেখা শুরু করলেন তখন আর যখন শেষ করলেন, শুধু কবিতা লেখা নয়. রবীন্দ্রনাথ যখন লেখা শুরু করলেন…কিন্তু রক্তকরবী, ডাকঘর এগুলিকেও আমি গণ্য করি। এগুলিকেও আমার উচ্চাঙ্গের কাব্য বলেই মনে হয়। শুধু অন্য রকম ভাবে রচনা। আপনি একমত নাও হতে পারেন। আমি বলতে চাইছি যখন রবীন্দ্রনাথ লেখা শুরু করলেন আর 'অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে…' বলে যখন চলে গেলেন…এই যে মাঝখানের সময়টা—আর একজন লোককে আপনি, শুধু বাংলা সাহিত্যে না, পৃথিবীতে বার করুন, যে ওইখান থেকে ওইখানে পৌঁছে দিয়ে গেল একটা গোটা জাতির ভাষাকে, সাহিত্যকে, চেতনাকে—ওইখান থেকে ওইখানে পৌঁছে দিয়ে গেল। যখন শুরু করেছিল তখন সে যা ছিল…

রাইসু: শুরুতে কী ছিল বললেন?

জয়: যখন সে লিখতে শুরু করলো প্রথম সূচনা সঙ্গীত, প্রভাত সঙ্গীত তখন যা অবস্থা ছিল। আপনারা সাহিত্য করছেন ভালো করেই জানেন। এইবার যখন যে চলে যাচ্ছে তখন কতখানি…এতটা বদল কি মধুসূদনের ক্ষেত্রে, ভারতচন্দ্রের ক্ষেত্রে বা এদের ক্ষেত্রে আমরা কি কেউ দেখতে পাবো? এত বহুমুখী এবং এত ধরনের?

রাইসু: এইটা নিয়া একটু কথা বলতে পারবো কি? সেটা হইল যে, রবীন্দ্রনাথ যখন প্রভাত সঙ্গীত-এ তার ওই যে আধো আধো কবিতা লিখতেছেন, সেইখান থিকা যেই জায়গায় উনি প্রস্থান করলেন—আপনি যেই লাইনটা বললেন—কী জানি লইনটা?

জয়: ওই যে শেষ তিনটি কবিতা…

রাইসু: এখন দুইটা প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথের আগে যারা লিখতেন, অন্যদের কথা বাদই দিলাম, মধুসূদন এবং ভারতচন্দ্রের সমগ্র কবিতারাশি কি রবীন্দ্রনাথের ওই আধো আধো প্রভাত সঙ্গীত-এর সঙ্গে তুলনীয়? নিশ্চয়ই না।

জয়: রবীন্দ্রনাথ শুধু আধো আধো প্রভাত সঙ্গীত লেখে নাই।

রাইসু: রবীন্দ্রনাথ যেই জায়গা থিকা, বাংলা কবিতার যেই জায়গা থিকা শুরু করলো ওইটা বাংলা কবিতার জায়গা না। এইটা রবীন্দ্রনাথের আধো আধো কবিতা। বাংলা কবিতা তখন পূর্ণতার মইধ্যেই আছে অলরেডি। এবং সেইখান থিকা সে 'অনায়াসে যে পেরেছে…' বইলা প্রস্থান করলো তারো আগে কিন্তু মধুসূদনে আপনি অনেক উদাহরণ পাইবেন সে ধরনের কবিতার, ঐ ধরনের গ্রেট কবিতার, আপনি পাবেন। ফলে রবীন্দ্রনাথ কিন্তু বাংলা কবিতারে কিছুই আগায় দিল না, রবীন্দ্রনাথ নিজেরে আগায় নিল, মাত্র।

জয়: কী বললেন আপনি! রবীন্দ্রনাথ বাংলা কবিতার, কিছুই আগায় দিল না!

রাইসু: দিল সে, কিন্তু…

জয়: এই কথাটা আপনি বললেন! আপনি কী বললেন?

রাইসু: প্রভাত সঙ্গীত থিকা 'অনায়াসে যে পেরেছে…' পর্যন্ত রবীন্দ্রনাথ যেইটা আগাইল সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজের অগ্রগতি। এইটা বাংলা কবিতার আলাদা ভাবে না।

মাহমুদ: তাইলে তো প্রশ্ন ওঠে তাইলে রবীন্দ্রনাথ কে?

জয়: আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি এই কথাটা লিখুন যে 'রবীন্দ্রনাথ বাংলা কবিতাকে কিছুই এগিয়ে দিলেন না।'

রাইসু: এইটা তো কোট করলে আলাদা বাক্য হচ্ছে। আমি বলছি, রবীন্দ্রনাথ আলাদা ভাবে বাংলা কবিতারে আগায় দিল না।

জয়: শুনুন, আপনার সঙ্গে আমি এই ব্যাপারে একমত নই।

রাইসু: সেটা তো হইতেই পারে।

জয়: এটাই, এটাই। এটা কিন্তু আমার কাছে শিহরণমূলক মনে হচ্ছে। সারাজীবনে এরকম উক্তি শুনিনি।

মাহমুদ: না না এখানে কিন্তু আমিও রাইসু তোমার সঙ্গে আমি একমত নই।

রাইসু: একমত না, তাইলে প্রভাত সঙ্গীত-এ তার যে দুর্বল কবিতাগুচ্ছ…আপনারা যেইটারে বলতেছেন প্রভাত সঙ্গীত, বাংলা কবিতারে রবীন্দ্রনাথ যেইখান থিকা এইখানে নিয়া আসলো…যখন নিয়া আসলো, প্রভাত সঙ্গীত যখন লিখতেছে মধুসূদন কিংবা ভারতচন্দ্রের কবিতা কি তখন প্রভাত সঙ্গীত-এর তুলনীয় খারাপ কবিতা? নিশ্চয়ই না। ওদের কবিতা তো আগেই গ্রেট হইয়া আছে। ফলে রবীন্দ্রনাথ যখন আগাচ্ছে সেটাতে তার নিজের কবিতা আগাচ্ছে। তাতে বাংলা কবিতার সামান্য অগ্রগতি হচ্ছে।

মাহমুদ: না, এইটা মানি না। কথা হইল রবীন্দ্রনাথ…

জয়: ঠিক আছে, আপনি যা মনে করেন মনে করেন এইটা আমি একরকম ভাবে বিশ্বাস করি। আপনি ভালবাসেননি রবীন্দ্রনাথকে কখনো।

রাইসু: না, আমি ভালোবাসি রবীন্দ্রনাথকে। ভালোবাসি বইলাই আমি তারে অতিশয় কইরা দেখতে রাজি না।

জয়: না, না, ভালোবাসলে কতগুলো জিনিস বোঝা যায়। ভালো না বাসলে কতগুলো জিনিস বোঝা যায় না।

রাইসু: তাহলে আপনিও তো মধুসূদন বা ভারতচন্দ্রকে ভালোবাসেন নাই।

জয়: একটি মেয়েকে আপনি যদি খুব গভীর ভাবে ভালো না বাসেন তাহলে আপনি তার কতগুলি জিনিস বুঝতে পারবেন না। ভালোবাসতে হয়।

রাইসু: কিন্তু তুলনা যখন করবেন মধুসূদন, ভারতচন্দ্র, রবীন্দ্রনাথের মধ্যে তখন ভালোবাসাটা খালি একজনরেই কেন বাসবেন?

জয়: আপনি থাকুন না আপনার ওই পুঁথিঘর নিয়ে! কিন্তু আমরা ভালোবাসার লোক। আপনি থাকুন না। আপনি থাকুন। আমি খুব সন্তুষ্ট ভাবে, আমি খুব প্রসন্নভাবে আপনাকে বলছি, আপনি আপনার পুঁথিঘর নিয়ে থাকুন।

রাইসু: পুঁথিঘর বলতে কী বোঝাতে চাইছেন? যেটাকে ভালোবাসা যাবে না সেই ধরনের কিছু?


ব্রাত্য রাইসু, জয় গোস্বামী ও আল মাহমুদ

মাহমুদ: প্রশ্ন করো, প্রশ্ন করো।

রাইসু: না না, উনি যদি বলেন পুঁথিঘর, স্পষ্ট করতে হবে।

জয়: আমি স্পষ্ট করে বলছি, আপনি মনে করেন রবীন্দ্রনাথ এগিয়ে দেন নি। আমি মনে করি রবীন্দ্রনাথ বাংলা কবিতাকে শুধু এগিয়েই দেন নি। এবং রবীন্দ্রনাথ মানে শুধু তার কবিতাই নয়। একই সঙ্গে তিনি গানের মধ্যে কবিতার ফর্ম নিয়ে যা করেছেন, কবিতার ফর্ম নিয়ে যেসব কাণ্ডকারখানা করেছেন, এটা বুঝতে গেলে রবীন্দ্রনাথকে একটু ভালবাসতে হয়, আর একটু কষ্ট পেতে হয়। এই দুটো জিনিস এক সঙ্গে না থাকলে রবীন্দ্রনাথের এই জিনিস বোঝা যায় না। এখন আপনি বাকি যেগুলো ভারতচন্দ্র এবং ওগুলো বলছেন…

রাইসু: মধুসূদন…।

জয়: আমি আপনার বাকি কথাগুলো মেনে নিচ্ছি। কিন্তু এই ব্যাপারে আমি আপনার সাথে আর কোনো কথা বলব না। কারণ আমরা দুজন…ওই যে বললাম, ওই মেয়েটি, যাকে আমি ভালোবেসেছি আর আপনি ভালোবাসেন নি তাকে দুজন বুঝব কী করে? আমাদের এ ব্যাপারে কোনো মিল নেই।

রাইসু: এড়ানো তো ভালো সংস্কৃতি নিঃসন্দেহে। আপনি যদি এইটা এড়াইয়া যান…

জয়: না এড়ানো না। এড়ানো না। এটা নিয়ে আমাদের কথা নিষ্ফল।

রাইসু: নিষ্ফল কথা কি আমরা বলব না?

জয়: না, নিষ্ফল কথা কেন বলব? অকারণ নিষ্ফল কথা বলব কেন?

রাইসু: ঠিক আছে, মূল্যবান কথায় ফিরি তাহলে আমরা।

মাহমুদ: প্রশ্ন, ডিসটিংক্ট প্রশ্ন করো। তাতে কিছু বের হয়ে আসবে।

রাইসু: ডিসটিংক্ট প্রশ্ন, আপনাদের দুই জনের ব্যাপারে আপনাদের কথা শুনলাম। এখন আপনি ভারতীয় কবিদের ব্যাপারে আপনার অবস্থানটা বলতে পারেন, মাহমুদ ভাই। বর্তমান কবিদের কবিতা কি আপনি পড়েন, ওইখানকার?

মাহমুদ: যতটা সাধ্য চেষ্টা করি, দেশ পত্রিকা দেখি-টেখি।

রাইসু: কী মনে হয় আপনার। বা কিছু বলার আছে কিনা এই ব্যাপারে?

মাহমুদ: আমার শুধু এইটুকু বলার আছে তারা যা লিখছেন লেখার মধ্যে স্বাদ-গন্ধ আছে। কোনো কোনো লাইন পড়লে তো চমৎকৃতই হতে হয়। চুপ করে থাকি। আছে। তারাও কাজ করছে। ভালো। আমি জয় গোস্বামীর কথা বলছি। জয় গোস্বামীর একটি দীর্ঘ কবিতা আমি পড়েছিলাম দেশ পত্রিকাতে। আমি বিস্ময়ে হতবাক হয়েছি যে, কবিতাকে যে ফর্মের মধ্যে আমরা রেখেছিলাম সেটাকে তিনি—খুব ভালোভাবে পেরেছেন এটা আমি বলি না—কিন্তু তিনি টেনে নিয়ে যাচ্ছেন, বড় করে দিচ্ছেন। এইটা যেহেতু আমি করতে চেয়েছিলাম 'চক্রবর্তী রাজার অট্টহাসি' এসব কবিতায়…যখন হঠাৎ দেখি জয়ের মধ্যে আবার অন্য একটা রূপ গ্রহণ করেছে তখন তো আমি বিস্ময়ে পুলকে আনন্দিত না হয়ে পারি না। আরেকটা কথা হলো, জয়ের যে কবিতা, হ্যাঁ, 'আমার বাবা দোকানে কাজ করে', এই, এই ধরনের লাইন সাহস করে তো আমি লিখতে পারতাম না। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাওয়া আছে না, এই কবিতাটা আমাকে খুব মুভ করেছে। এইজন্যে যে এটার মধ্যে নিম্নবিত্ত পরিবারগুলোর আর্জ, আকাক্সক্ষা কীভাবে যেন হাজির হয়েছে। এবং হাজির হয়েছে এমনভাবে, আমার আত্মীয় মনে হয়। হ্যাঁ, বাঙালী হিন্দুকে আত্মীয় মনে হয় এটা একটা বিস্ময়কর ব্যাপার আমার কাছে। খুবই আত্মীয় মনে হয়। মনে হয় যে আমারই সব।

জয়: কত সুন্দর কথা! মস্ত বড় পুরস্কার আমার কাছে।

রাইসু: জয়দা, বাংলাদেশের কবিতা আপনি কীভাবে পান?

জয়: বাংলাদেশের কবিতা আমি কীভাবে পাই, সেটা হচ্ছে, আমি যে অফিসে কাজ করি, করতাম, এতদিন, সেখানে-না অনেক পত্রপত্রিকা যায়। মানে সেখানে ডাকেও অনেক পত্রপত্রিকা যায়। তারপর আমাদের ওখানে পাতিরাম বুকস্টল আছে। সেখানে অনেক পত্রপত্রিকা রাখা থাকে। কেমন? তারপরে অনেক সময় হয় কি, কেউ এখান থেকে গেল, হয়ত বাংলাদেশ ঘুরে গেছে, যেমন মঞ্জুষ দাশ ছিলেন—মঞ্জুষ দাশ গুপ্ত—মঞ্জুষ দাশ গুপ্ত প্রচুর পত্রপত্রিকা নিয়ে যেতেন। খবরের কাগজ পর্যন্ত…। মঞ্জুষ দাশ এগুলো অনায়াসে দিয়ে দিতেন। অন্যকে দিয়ে দিতেন। 'আচ্ছা নিয়ে যাও।' 'এই এই, তোমার সঙ্গে দেখা হলো। আচ্ছা, এটা দেখো আমার ব্যাগে এটা আছে, এটা নাও।'—এরকম করে দিতেন। এ থেকে একটা জিনিস লক্ষ্য করলাম গাণ্ডীব বলে একটা পত্রিকা, এই যে একবিংশ, আমাদের খোন্দকারের, এই সমস্ত পত্রপত্রিকা বা আরো অনেক, নিঃসর্গ নামে পত্রিকা, এরকম অনেক পত্রিকা আছে যা আমি পাই। আর দ্বিতীয় হলো আমাদের ওখানে যা বই পাওয়া যেত তা কিনতাম। '৯৮ সালে যখন আমি বাংলাদেশে আসি তখন আমি এই এখন যে সুটকেসটা হয়েছে তার চেয়ে একটা বড় সুটকেস ভর্তি করে শাহবাগ থেকে বই কিনে নিয়ে গিয়েছিলাম। তাতে আমার খুব ভালো করে…মানে আমি পড়বার সুযোগ পেয়েছি সুন্দর করে। আর তার আগে আমি টুকরো টুকরো টুকরো টুকরো টুকরো টুকরো করে পড়েছি। এদের বই তো সব পাওয়া যায়। কবিতার বই পাওয়া যেত অনেক। মানে আমার কবিতার জীবনের শুরুতে যেমন এই জীবনানন্দ দাশবনলতা সেন-এর পর যেমন আমার এই যে সোনালী কাবিন, শক্তির প্রভু নষ্ট হয়ে যাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার স্বপ্ন—তখন এদিকে লোরকার মৃত্যুর স্মরণে 'কবির মৃত্যু' বলে একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন..

মাহমুদ: কে?

জয়: সুনীল গঙ্গোপাধ্যায়। দীর্ঘ কবিতা লিখেছিলেন। এবং বাংলাদেশের যুদ্ধ নিয়েও লিখেছেন। ওই সময়ে একই সঙ্গে আমাদের নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দুদিকেই রক্তক্ষয়ী একটা অবস্থা। ওই জিনিসগুলি মনের মধ্যে একটা ছাপ ফেলে রেখে গেছে। এমন একটা ছাপ ফেলে যায় যে তা থেকে যে প্রত্যক্ষ ভাবে সে মুহূর্তে জন্মেছে তা না কিন্তু পরবর্তী সময়ে আমার ধীরে ধীরে সেইগুলো ভিতরে কাজ করতে থাকে। যেমন, আমাকে সৈয়দ শামসুল হক একটা কথা বলেছিলেন। বলেন দেখো আমার যৌবন কেটে গেল চারজন শাসকের অধীনে। চারজন মিলিটারি শাসকের অধীনে আমার পুরো যৌবন কেটে গেল। বলে উনি বললেন যে আইউব খান, ইয়াহিয়া খান এ রকম চারজন, মাঝখানে মুজিবের পিরিয়ড এসেছিল। এরশাদ…। চারজন মিলিটারি ডিকটেটরের অধীনে, নিচে, আমার যৌবন কেটে গেল। এটা একটা…এটা বাংলাদেশের মানুষই এরকম কথা বলতে পারে। মানে এই যে এই কথাটা বলতে পারে…এ থেকে আমি বুঝলাম…কেন আমি এদের কাছে আসি…আমি অনেক সময় এদের কাছে শিক্ষা নেওয়ার জন্যও আসি। এই যে ব্রাত্য রাইসুর কাছেও আমি আসি, এসেছি…সেটাও একটা শিক্ষা নেওয়ার জন্যই বলা যায়। এরা এমন কিছু জিনিস ভাবতে পারে, এমন কিছু জিনিস বলতে পারে যেটা কিন্তু আমার কাছে অভাবিতপূর্ব। যেটা কিন্তু আমি, আমি জানি না। সেজন্যেই বাংলাদেশের প্রতি আমার গভীর টান একটা সবসময়ই রয়েছে। আসতে পারি না।

রাইসু: এইটায় ভুল বোঝার একটা অবকাশ থাকতেছে। আপনার শিক্ষা গ্রহণের জন্য বা উপকার হবে বইলা, বাংলাদেশের কবিতারে দেখতেছেন। কিন্তু এর বাইরে আমরা যেমন শক্তিরে একটা কবিতার এনটিটি হিসাবে দেখি, বা বিনয় মজুমদার বা উৎপলকুমার বসু ওই পারের, বা আপনি বা মৃদুল দাশগুপ্ত এঁদেরকে দেখি, পাঠক হিসাবে দেখি। সে আমাদের কাজে লাগবে বইলা দেখি না। ওই জায়গায় কাউরে দেখেন কিনা?

জয়: আচ্ছা আপনি একটা কথা বলুন দেখি…

রাইসু: হ্যাঁ?

জয়: আপনি একটা কথা বলুন আমাকে। সেটা হলো আপনি তো আমাকে এই কয় দিন দেখলেন, আপনার কি আমাকে দেখে মনে হলো…?

রাইসু: না না, প্রশ্নটা যেহেতু ইন্টারভিউয়ের মধ্যে ফলে এইটার একটা আনুষ্ঠানিক উত্তরই আমি আশা করতেছি। আমার মনে হওয়াটা না আসলে। এইটা পাঠকের প্রশ্নটাই আমি করলাম। যেহেতু ভুল বোঝার অবকাশ আছে। বইলা মনে হয়।

জয়: আমি একটা কবিতাপাগল মানুষ। হ্যাঁ। আমি নানা রকম ভাবে নিজেকে এক্সপ্রেস করি। কখন কখন শিক্ষা নেওয়ার কথা বলি…বা আমি যেটা জানি না বা আমার অজানা যে দিগন্ত সেদিকে যেতে চাই।

রাইসু: সেটা তো আমরাও চাই, মাহমুদ ভাইও নিশ্চয়ই চান ।

জয়: না, সেটা আপনি খুব চান বলে আমার মনে হয় না। আপনার সঙ্গে তো আমি মিশলাম এই কয়েকদিন, বুঝতে পারলাম।

মাহমুদ: হেঃ হেঃ হেঃ (হাসি)।

জয়: সেটা যে আপনি খুব চান তা মনে হয় না। যাই হোক সেটা আমার ভুল বোঝা হতে পারে। কিন্তু কবিতার একটা অজানা দিকে আমি যেতে চাই। আপনার যখন তিপ্পান্ন বছর বয়স হবে এবং আপনি তিপ্পান্ন বছর বয়সে ওই অল্প বয়সী তরুণ কবিকে একটা অন্য দেশে খুঁজে খুঁজে তার কাছে গিয়ে উপস্থিত হবেন, তখন আপনি বুঝবেন আমি কী বলছি। তার আগে পর্যন্ত আপনি আমার কথা বুঝবেন না।

রাইসু: কিন্তু সেটা তো একটা দিক। এর বাইরে আছে না…?

জয়: কিন্তু এটা তো শিক্ষা নয়। তাহলে কবিতা পড়াটা তো তাহলে একরকম শিক্ষা। ধরুন আমি বিলায়াত খাঁ সাহেবের দরবারি কানাড়া শুনছি, তাহলে সেটাও তো এক রকম তাহলে শিক্ষা। সেই অর্থে, সেই অর্থে শিক্ষা। এই শিক্ষা মানে এই নয়, যে আমি আবার ওটাকে কাজে লাগাব। ওই কাজে লাগাব বুদ্ধিটা বা এই কথাটা যোগ করা আপনার। কিন্তু শিক্ষা কথাটা আমার কাছে হচ্ছে এই ভেতরের লোকটা বাড়বে, আমার ভেতরের লোকটা বাড়বে। আমি যদি ধরুন একটা মাতিসের ছবি দেখি, আমার ভেতরের লোকটা বাড়বে। সেটা এক রকম শিক্ষাই আমার কাছে। আর শিক্ষা শব্দটার প্রতি আমার একটা অবসেশন থেকে গেছে এই জন্য যে, সেটার খুব একটা ব্যাক্তিগত কারণ আছে…

মাহমুদ: ঠিক আছে…।

জয়: সেটা হচ্ছে আমি এগারো ক্লাস অব্দি পড়েছিলাম, বেশি দিন পড়াশুনো হয়নি। সেজন্য 'শিক্ষা' শব্দটার প্রতি একটা আমার…

রাইসু: এই প্রেক্ষিতে আমি মাহমুদ ভাইরে জিজ্ঞাসা করি, বা এই প্রেক্ষিতে না, এমনিই জিজ্ঞেস করতেছি যে আপনার কবিতায়, আপনি তো অনেক ধরনের কবিতা লিখছেন বিভিন্ন সময়ে, একেক সময় একেক ধরনের কবিতা লিখছেন, তো ওইটার মধ্য দিয়া মানে চাইছেন কিন্তু পারেন নাই এই রকম কিছু কি রইয়া গেছে কিনা? যেইটা করতে চাইছেন কিন্তু কইরা উঠতে পারেন নাই, বা এখনো পারতেছেন না এইরকম কিছু আছে কি আপনার? ধরেন 'সোনালী কাবিন' পড়লে যেমন মনে হয় আপনি যেইটা চাইছেন সেটা পারছেন। ওই রকম পরে কখনো এমন হইছে যে ধরতে চান কিন্তু পুরা পাইতেছেন না?

মাহমুদ: না, আমার মনে হয় যে 'সোনালী কাবিন' লিখে আমার একটা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটেছিল।

রাইসু: ঘটছিল?

মাহমুদ: হ্যাঁ। এবং 'সোনালী কাবিন' যখন ছাপা হয়ে বেরুল সমকাল-এ, দশ বছর কোনো কথা নেই…নিঃশব্দ…

রাইসু: কেউ কিছু বলে নাই?

মাহমুদ: কেউ কিছু বলে নি।

রাইসু: এটা কি সম্ভব?

মাহমুদ: কেউ কিছু না।

জয়: কী আশ্চর্য!

মাহমুদ: দশ বছর আমি অপেক্ষা করেছি। দশ বছর পরে, ওরে বাপরে, এমন একটা হইচই শুরু হইয়া গেল সোনালী কাবিন নিয়ে যে আমি নিজেই অনেকটা বোকা হয়ে গেলাম। হ্যাঁ, আমার মনে হয় যে কবির ভাল কবিতা লিখে অপেক্ষা করতে হয়। আর ১০ বছর কি সোজা ব্যাপার! একটা যুগ। একটা যুগ অপেক্ষা করেছি। তুমি চিন্তা করো, আমার ধৈর্য আছে না?

রাইসু: হ্যাঁ। আপনার তো ধৈর্য অনেক।

জয়: ধৈর্য দরকার।

রাইসু: ধৈর্য তো আপনার অনেক বেশিই বলা উচিত। কিন্তু আমি বলতে চাইছি যে আপনি কোনো একটা কিছু করতে চাইতেছেন কিন্তু পারতেছেন না, এইকালে আর আছে কিনা কবিতার ক্ষেত্রে? অধরা একটা ব্যাপার হয় কি?

মাহমুদ: অধরা, একটা অপরিতৃপ্তি নিয়ে… মনে হয় এই রকম হয়েছে। কিন্তু এটা আমার প্রতি আমার প্রভুর অনুগ্রহ হতে পারে, যে আমি কিন্তু যখন একটা কবিতা লিখে পরিতৃপ্তি বোধ করেছি—এখন তো ধরো আর সেটা পারি না। কিন্তু আমি আগে একটা কবিতা লিখে অনেক ক্ষণ পায়চারী করতাম আর কবিতাটা আবৃত্তি করতে থাকতাম। অনেক ক্ষণ। তারপর একটা দুইটা শব্দও চেন্‌জ্ করতাম। আবার পড়তাম, আবার পড়তাম। এই নেশাটা এখন আর নাই। এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই আর কি।

রাইসু: এটা কি পায়চারির ক্ষমতা কইমা আসার কারণে কিনা?

মাহমুদ: হয়তো, কবিত্ব শক্তি, কবিত্ব শক্তিতেও ঘুণ ধরে। কবিত্ব শক্তিও তো একটা তরতাজা ব্যাপার। এ কথা কেউ বলতে পারবে না আমি কবি। এটা বলতে পারবে না। একটা কবিত্ব শক্তি তার মধ্যে কাজ করে বলে তাকে লোকে কবি বলে। তো, আমি তো, আমার তো মনে হয় যে একটা অপরিতৃপ্তি আছে আমার মধ্যে।

রাইসু: জয়দা, আপনার ক্ষেত্রে?

জয়: আমার ক্ষেত্রে সবসময় যেটা হয় যে একটা বিষাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হয়। বিষাদটা কেন আসে আমি জানি না, সবসময় তার প্রত্যক্ষ কারণ জানি না। আমার মনে হয় যে কোনো চিকিৎসকের কাছে গেলে বা ধরুন আপনার মত সঙ্গ পেলে—আপনার সঙ্গে যেমন আমি কথা বলছি, ঢাকায় যে আমি তিন দিন চার দিন ছিলাম আপনার সঙ্গে কথা বলেছি। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার ভেতরকার অন্ধকার অনেক পরিষ্কার হচ্ছে। আমি কতগুলো জিনিসের কারণ বুঝতে পারছি। সেরকম কোনো গভীর নিবিড় বন্ধুর কাছে যেতে পারলে বা মনোচিকিৎসকের কাছে যেতে পারলে অনেক সময় এটা পরিষ্কার হয়—ওই বিষাদের কারণটা পরিষ্কার হয়। কিন্তু সেটি যখন এসে আক্রমণ করে তখন আমি বহুকাল কিছু লিখতে পারি না। বা যা লিখি তাও মনে হয় না…এবং এটা দীর্ঘকাল ধরেই এমন একটা হয় যেই মুহূর্তটায় লিখি সেই মুহূর্তটায় বা ওই সময়টায় যদি লিখতে পারি একবার বা আরম্ভ করি একবার…যে যার মত থাক, লিখতে থাকি, সেই থাকাটুকুর সময়টুকু একটা উজ্জ্বল সময়। তখন তো আমি ব্যস্ত আছি। তারপর কবিতাটা দিয়ে দিলাম, বেরিয়ে গেল, কি বই বেরিয়ে গেল, কি কিছু হয়ে গেল, তারপর ওই উজ্জ্বল অবস্থাটা আর থাকে না। কিছুক্ষণের মধ্যেই সেটা চলে যায়। আচ্ছা, যখন খুব বড় নিষ্ফলা সময় আসে তখন তার সামনে ধৈর্য ধরে চুপ থাকা ভাল?

মাহমুদ: আসলে সময়টা আমরা বলি যে নিষ্ফলা। কিন্তু কবির কোনো সময়ই তো নিষ্ফলা না। একটা প্রস্তুতি। অনেক দিন লিখতে পারছি না, মনে হয় যে আমার কবিত্ব শক্তিই শেষ হয়ে গেছে। এই রকম হয়ে যায়। এবং একটা দিশেহারা অবস্থা।

জয় : সেই সময়টা কী করব? সেই সময়টা কাটাব কী করে?

মাহমুদ : আমার মনে হয় যে লেখার চেষ্টা বার বার করে যেতে হবে। লেখার চেষ্টাটা করতে হবে। হোক বা না হোক। আর হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়।

জয়: আর একটা সমস্যার কথা বলি যেটা আপনি বুঝবেন। যেহেতু আমি আমার প্রথম কবিতা লিখেছি ৪০ বছর আগে। যেহেতু আমার প্রথম কবিতার বই বেরিয়েছে ৩০ বছর হয়ে গেল। এখন আমি যদি মনে করি একটা কবিতা লিখব তাহলে বসে কিছুক্ষণ পরে লাইনগুলো এরম এরম করে এরম এরম করে এরম এরম করে একটা কিছু লিখতে পারি, যেটা কবিতা আকারের। আমি যদি আধ ঘণ্টা বসে থাকি চুপ করে তাহলে কয়েকটা লাইন…আপনি আমাকে পাঠিয়ে দিন ওঘরে…এখন অবশ্য আমি উদ্দীপ্ত অবস্থায় রয়েছি। অন্য যে কোনো সময় আমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি এ লাইনগুলো আমি যে লিখলাম সেটা আমি এতদিন যে কবিতা লিখে আসছি তারই অভ্যাসে। যা আমি লিখতে চাই না। এই অভ্যাসের হাত থেকেই বা আমি কী করে মুক্তি পাব?

মাহমুদ: এটা হল যে একজন কবি, এই যে অভ্যেস, দীর্ঘদিনের চর্চা—তিনি বসলে কয়েক লাইন লিখে ফেলতে পারেন। এটা তো কবিতা না। এটা কবিও জানে। আমি সবসময় এটা এড়িয়ে চলেছি। বাদ দিতে হবে এরকম কোনো জিনিস কখনো রচনা করতে চাই না। এটা আমার ব্যাপার। আমি সবসময় একটা উত্তীর্ণ অবস্থায় একটা রোমাঞ্চিত অবস্থায় কবিতা লেখার চেষ্টা করেছি। আর এটা সার্থক হলে দারুণ ভাবে খুশি হয়েছি। এর চেয়ে খুশি আর কী হতে পারে। আমি কবিতা তৈরি করতে চেয়েছি এবং কবিতা তৈরি করতে পেরেছি তাহলে আমি মনে করেছি যে এটা দিগ্বিজয়। আমার অশ্বমেধের ঘোড়া কেউ ধরতে পারছে না।

জয়: না, এই রকম অবশ্য আমার যে হয়েছে বা খুব হয় তা মনে হয় না। আপনি তাহলে বলছেন ওই অভ্যস্ত লাইন এলেও সেটা লেখা…এবং তারপর সেটা ছাপালাম না। কিন্তু প্রাকটিসের মধ্যে রইলাম…।

মাহমুদ: না, এটা করবেন কেন আপনি?

জয়: তবে কী করব?

মাহমুদ: আপনি করবেন না কিছু।

রাইসু: লিখতে হবে কেন কবিতা?

মাহমুদ: লিখতে হবে কেন? আপনার যদি হৃদয় ভেঙে না আসে, শব্দ আসছে রক্ত থেকে বেরিয়ে…এরকম পরিস্থিতি না হলে আপনি লিখবেন কেন? আমি লিখি নি কোনো সময়। পত্রিকা কবিতা চেয়েছে সেই জন্যেই কবিতা দিয়ে দিতে হবে এটা আমি কক্ষনো করি না। এতে আমার মার খেতে হয়েছে। পাশাপাশি থাকতে পারি নি। কিন্তু আমি এটা করতে চাই না। আমি এটা করতে চাই না। আমি মিশি নি, কী হয়েছে তাতে? কারণ আমার কিছু লাইন তো এই দেশ জাতির মধ্যে ঢুকেই আছে। আমি কী পারি তা তো আমি দেখিয়েই দিয়েছি।

রাইসু: সেটা তো জয়দাও দেখাইছেন উনি কী পারেন, ফলে কবিতা না লিখতে পারলে কী অসুবিধা?

জয়: সেটায় একটা অসুবিধা কিন্তু হয়। মানে কত বছর চলে যাচ্ছে আমার মাথায় কোনো লাইন নেই, কিছু নেই, এই রকমও তো হয়। যেগুলো দুই চারটা লাইন লিখলাম বা দশ লাইন লিখলাম, বুঝলাম এটা অভ্যাসবশত লিখছি।

মাহমুদ: এখন কথা হল যে দশ লাইন লিখলেন সেটায় যদি আপনার নিজের ভেতরের সমর্থন থাকে যে এটা ছাপবেন তাইলে সব ঠিক আছে। এটিই কবিতা। আর যদি আপনার ভেতরে না না করছে কিন্তু যেহেতু দেশ পত্রিকা চাইছে বা আমাকে ওই জায়গাটা পূরণ করতে হবে আমি ছেপে দিলাম…অনেকে প্রসংসা করল…কিন্তু আপনি তো আপনাকে প্রশংসা করছেন না।

জয়: আমার মাঝে মাঝে অন্তর থেকে মনে হয় আমি যেন কোথাও নির্বাপিত হয়েছি। এইটা যখন আমার মনে হয় তখন আমার কষ্ট আরো বেড়ে যায়। তা আমি এই অবস্থাটা থেকে তো উদ্ধার চাই। আমি মনে মনে ভাবি, আচ্ছা নির্বাপিত হয়েছি কী হয়েছে, কত মানুষ আছে।

মাহমুদ: এটাই তো কবিত্ব শক্তি। এইটাই তো কবিত্ব শক্তি যে, এই যে আমি আর পারছি না, এটা বুঝতে পারাই তো কবিত্ব। অনেকে তো বুঝতেও পারে না।

জয়: আমার অল্প বয়সে আর একটা জিনিস ছিল, মানুষের কাছে আঘাত পেলে আমি কবিতা লিখতে পারতাম। কোনো ব্যবহারে আঘাত পেলে, কষ্ট পেলে আমি কবিতা লিখতে পারতাম। যত বয়স বেড়েছে তত আঘাতের পরিমাণ বেড়েছে। আর এখন আঘাত পেলে একদম বুঁেজ আসে।

মাহমুদ: আমি মানুষের কাছে এত আঘাত আমি পেয়েছি যে যেই জায়গাটা সবচেয়ে বেশি ব্যথার সেখানে বেশি আঘাত পেয়েছি। তো আমি এর মলম জানি, আমি তো আপনাকে আগেই বলেছি একটা মলম আমি জানি—বৌদ্ধ শাস্ত্র থেকেই সেটা আমার মধ্যে মনে হয় এসেছে। ধম্মপদ পড়েছি এক সময়—'উপেক্ষা'।

রাইসু: ভালো হইছে ইন্টারভিউ। আপনার কিছু বলার আছে মাহমুদ ভাই, ওনারে?

মাহমুদ: না আমার বলার আছে যে জয়কে আমার খুব ভাল লেগেছে। আমার প্রিয় কবিও। হয়তো আর কিছুদিন পরে মরেই যাবো। একটা সাক্ষাৎ হলো ঢাকার বাড়িতে। এটা হয়তো ও মনে রাখবে, ওর তো বয়স কম। এই আর কি।

আমাদের মধ্যে একটা আত্মীয়তা থাকাই দরকার সবসময়। আর আমরা তো কবিতা লিখছি। কে কোন দেশে জন্মেছি তা আর কোনো প্রশ্ন নয় বাংলা কবিতার জন্য। বাংলা কবিতা নানা কেন্দ্র থেকে লেখা হচ্ছে। নির্দিষ্ট কোনো কেন্দ্র নাই এখন। ঢাকায় লেখা হচ্ছে, কোলকাতাতেও লেখা হচ্ছে, লন্ডনে লেখা হচ্ছে। আমি অবাক যে নিউ ইয়র্কে একটি ছেলে ভাল কবিতা লিখছে। তো কেন্দ্রই তো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।

রাইসু: জয়দা কিছু বলবেন আপনি। শেষ করবো আর কি।

জয়: আমি বলব যে আল মাহমুদের কাছে আসা এটা আমার জীবনের একটা মস্ত বড় একটা আকাক্সক্ষা ছিল। আজকে তা পূর্ণ হলো। আগেও আমি একদিন এসেছি। আজকে আবার। এবং এই যে সময়টা আমরা কাটাতে পারলাম সেটা আমি সারা জীবন মনে রাখব।

ঢাকা ৭/১১/২০০৭

ছবি: সিউতি সবুর

আল মাহমুদের বাসায়

bratya.raisu@gmail.com

বন্ধুদের কাছে লেখাটি ইমেইল করতে নিচের tell a friend বাটন ক্লিক করুন: