গোপালগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে টাঙানো এক যুবদল নেতার পোস্টার ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার কোটালীপাড়া-কান্দি সড়কের ১০টি স্থানে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় যুবদল নেতা এস এম জিলানীর নামে তার সহযোগীরা দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে কোটালিপাড়ায় বিভিন্ন স্থানে একটি পোস্টার লাগান। এ রকম একটি পোস্টার কান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লাগালে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা উত্তম বাড়ৈ সোমবার দুপুরে লোকজন দিয়ে সেটি ছিড়ে ফেলেন।
এ নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার ধারাবাসাইল বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পরপই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার মো. মনির হোসেনসহ র্যাব ও প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের কর্মকর্তারা পিঞ্জুরী স্কুল ও ধারাবাসাইল বাজারে দুই পক্ষকে নিয়ে দুই দফা বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে নিয়ে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সোমবারের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০০৩৭ ঘ.
bdnews24