চির নূতনেরে দিল ডাক...পঁচিশে বৈশাখ
প্রাত্যহিক জীবনের হিসাব ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চললেও, কখনো কখনো তা হারিয়ে যায় বাংলা ক্যালেন্ডারের দাপটে। বৈশাখ এলেই পঁচিশ তারিখের আলোকচ্ছ্বটায় নি®প্রভ হয়ে পড়ে সব।
এ দিনেই জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তার ১৪৬তম জন্মদিন। ১২৬৮ সালে (৬ মে, ১৮৬১ খৃস্টাব্দ) কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
রবীন্দ্রনাথের রচনার সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিও জানেন পঁচিশে বৈশাখের তাৎপর্য। রবীন্দ্রনাথ তার গানে গানেও বলেছেন,
চির নূতনেরে দিল ডাক/পঁচিশে বৈশাখ...।
বৈশাখ রবীন্দ্রনাথেরই মাস। বোশেখের প্রচণ্ড গরমের সময় জন্মগ্রহণ করে তিনি নিজের ‘রবি’ নামকে সার্থক করেছিলেন। আর নিজের জীবনকে সার্থক করেছিলেন বাংলা সাহিত্যকে বিশ্বের সমৃদ্ধ সব সাহিত্যের সমান্তরালে পৌঁছে দিয়ে। বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার রচিত গান, কবিতা ও গদ্য জড়িয়ে আছে সকল বাঙালির সত্তায়।
রবীন্দ্র প্রতিভা বাংলাদেশ বা বাংলা ভাষার সীমা অতিক্রম করে সমগ্র সভ্য জগতকে করেছে আলোকিত। তার আশি বছরের জীবন প্রবাহেেক শুধু বর্ণনা করা যায় একটি বৃহৎ যুগ হিসাবে। পৃথিবীর কোনো দেশের কোন কালের আর কোনো মনীষী কাব্য, নাট্য, নৃত্য সঙ্গীত, চিত্র, কথা ও প্রবন্ধ অর্থাৎ সাহিত্য-সংস্কৃতির সব শাখায় এমন সগৌরব বিচরণ করেছেন বলে জানা যায় না।
বাংলা ভাষায় সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি দিয়েছেন নতুন মাত্রা। প্রতিভার সমন্বয় সাধনের মাধ্যমে সমগ্র ভারতবর্ষকে তিনি করেছেন সবল, সাহসী ও আত্মপ্রত্যয়ী।
তার অমর সৃষ্টি আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ সর্বকালের সেরা সঙ্গীত হিসাবে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত। তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। অন্যদিকে ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়ে তিনি সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন।
এখন রবীন্দ্রনাথের জন্মদিন ঘটা করে পালিত হলেও তার জন্মদিন প্রথম পালিত হয় ১২৯৪ বঙ্গাব্দের ২৫ বৈশাখ সরলাদেবী চৌধুরাণীর উদ্যোগে। তখন তিনি ২৬ বছর বয়স পূর্ণ করে ২৭ শে পা দেন।
সরলাদেবীর ‘জীবনের ঝরাপাতা’ থেকে জানা যায়, “মেজ মামী (জ্ঞানদানন্দিনী দেবী) বিলেত থেকে ফিরে আসার পর থেকে ‘জন্মদিন’ বলে একটা ব্যাপারের সঙ্গে পরিচয় হলো আমাদের...সে বিলেতি ধরনের...। রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজ মামা (সত্যেন্দ্রনাথ ঠাকুর) ও নতুন মামার (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর) সঙ্গে তিনি ৪৯ নং পার্ক স্ট্রীটে থাকেন। অতি ভোরে উল্টোডিঙির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রীটে নিঃশব্দে তাঁর ঘরে তাঁর বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনান বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি-চাদর তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করে তাঁকে জাগিয়ে দিলুম।...‘রবির জন্মদিন’ বলে একটি সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তাঁর জন্মদিনের উৎসব আরম্ভ হলো।”
এখন রবীন্দ্রনাথের জন্মদিনটি সারা বাংলাদেশেই উৎসবের দিন।
অনুষ্ঠানমালা
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানী ও রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত স্থানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ মঙ্গলবার ওসমানী মিলনায়তনে সরকারি পর্যায়ে আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্মারক বক্তা থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।
বিকেলে শিল্পকলা একাডেমিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বুধবার বাংলা একাডেমীতে চলবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা।
