২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সপ্তাহব্যাপী জাতীয় নৃত্য উৎসব শুরু

‘মিলেছি মিলনের ছন্দে আনন্দে’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী তৃতীয় জাতীয় নৃত্য উৎসব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 02:17 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ডা. আমিনুল ইসলাম।

উৎসবের প্রথম দিনে সন্ধ্যা সাতটায় নগরীর সাতটি নৃত্য স্কুলের শিক্ষার্থীরা ১৫টি নাচ পরিবেশন করে। এ স্কুলগুলো হলো উৎপত্তি নৃত্যাশ্রম, নূপুরাঞ্জলি, স্পন্দন নৃত্যালয়, ঝংকার সাংস্কৃতিক গোষ্ঠী, ধ্রুপদালোক, নিপুণ নৃত্য শিক্ষালয় এবং দোলানো নৃত্য গোষ্ঠী।

উৎসব শুরুর আগে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, রাজশাহী শাখার আহ্বায়ক ওস্তাদ বজলুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজু আহমেদ ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম প্রমুখ।

শুক্রবার বিকেলে আরও কয়েকটি নৃত্য সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করবে।